মিমি এখন সাবেক এমপি, পদত্যাগের কারণ কী?
শাকিবকে নায়ক করে বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে চলেছেন মিমি।
যাদবপুরের তৃণমূল সাংসদের পদ থেকে ইস্তফা দিয়েছেন কলকাতার সিনেমার ব্যস্ত অভিনেত্রী মিমি চক্রবর্তী। এরপর থেকে জল্পনা হল, মিমি আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চলেছেন।
আনন্দবাজার লিখেছে, সিনেমার কাজ নিয়ে মিমি এখন দারুণ ব্যস্ত। গতকালই 'আলাপ' সিনেমার শুটিং করছেন।
শোনা যাচ্ছে, বাংলাদেশের সিনেমাতেও কাজ করতে চলেছেন এই অভিনেত্রী। সেই সিনেমার শুটিংও শুরু হবে মার্চে। মিমির নায়ক হবেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। তবে এ বিষয়ে মিমি কোনো তথ্য জানাননি।
কেন পদত্যাগ করেছেন প্রশ্নে মিমির উত্তর হল, “আগেও যা বলেছি, এখনও তাই বলছি। এরপর কি হবে সেটা সময় এবং পরিস্থিতির উপর নির্ভর করবে। যার যেটা ইচ্ছে বলতেই পারেন। সঠিক সময়েই সব প্রশ্নের উত্তর দেবে।”
মিমির ভাষ্য, “যা বলি খুব ভেবেচিন্তেই বলি। কোনও সাময়িক মুহূর্তের আবেগের বশে কিছু বলি না। আর এখন আমি ‘যাহা বলিব সত্য বলিব’ মুডে আছি একদম। আমার কাজের চাপ এখন খুব বেড়ে গিয়েছে। এই সময়ে দাঁড়িয়ে আমার মনে হয় অভিনয়কেই আমার গুরুত্ব দেওয়া উচিত।”
মানুষের কাছে অভিনেত্রী হিসেবেই মিমির প্রাথমিক পরিচিতি।
সে কথা মনে করিয়ে তিনি বলেন, “আমার মনে হয়েছে, এখন কাজের চাপ অনেকটাই বেড়েছে, তাই অভিনয়কে আরও বেশি প্রাধান্য দেওয়া উচিত।”
গত ১৫ ফেব্রুয়ারি বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেন মিমি।
মমতার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন, “আমি বিশ্বাস করি, রাজনীতি আমার জন্য নয়। কারণ, রাজনীতি করলে আমার মতো মানুষকে গালাগালি দেওয়ার লাইসেন্স পেয়ে যায় লোকে। আমি জেনেশুনে জীবনে কারও কোনও ক্ষতি করিনি। রাজনীতিক নই, কখনও রাজনীতিক হবও না। সবসময় আমি কর্মী হিসেবে মানুষের জন্য কাজ করতে চেয়েছি। আমি অন্য দলের কারও বিরুদ্ধেও কখনও খারাপ কথা বলিনি।”
