Published : 23 Aug 2023, 10:59 AM
কলকাতার থিয়েটার, সিরিয়াল এবং বাংলা সিনেমায় জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত; রিয়েলিটি শো ‘মীরাক্কেল’র দৌলতে দুই বাংলার দর্শকদের কাছেই যিনি পরিচিত রনিদা নামে। কিছুদিন আগে মুক্তি পাওয়া হিন্দি ওয়েব সিরিজ ‘গানস অ্যান্ড গুলাবস’র আফিম মাফিয়া সুকান্তের চরিত্রে তার অভিনয় দারুণ প্রশংসিত হচ্ছে। এমন সময়ে সেই অভিনেতা জানালেন, ‘আর বলিউড নয়’।
২০০৯ সালে নির্মাতা বিশাল ভরদ্বাজের ‘কামিনে’ সিনেমা দিয়ে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন এই অভিনেতা। এরপর সেখানে একে একে আরও পাঁচটি সিনেমা করেছেন তিনি। সপ্তম কাজ ‘গানস অ্যান্ড গুলাবস’ সিরিজ করে বলিউড অধ্যায়ের ইতি টানার কথা জানালেন রজতাভ।
আনন্দবাজার রজতাভের কাছে জানতে চেয়েছে কারণটা কি?
তিনি বলেন, “আসলে হিন্দি তো আমার ভাষা নয়। ফলে ভাষাটা মনে রাখতে গিয়ে মনে হয়, নিজের অনেকটা এনার্জি নষ্ট হয়ে যায়।“
এছাড়া বাড়ির বাইরে বেশিদিন থাকাটাও আর ধাতে সয় না বলে জানান তিনি।
তবে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে রজতাভ তুলে ধরেছেন শুটিংয়ের তারিখ নিয়ে জটিলতার কথা।

তিনি বলেন, “হিন্দি কাজের ডেট মূলত সেই কাজের মুখ্য তারকাদের কেন্দ্র করে ফেলা হয়। ফলে আমার ডেট নিয়ে সমস্যা হতেই থাকে।”
তার মানে কি বলিউডে আর কাজ করতে চাইছেন না?
রজতাভ হেসে বললেন, “আমি আপাতত এটাই শেষ হিন্দি কাজ বলে ঠিক করেছি। বাংলায় কাজ করে বেশ আনন্দে রয়েছি। পরে ভাল কোনও প্রস্তাব এলে তখন ভেবে দেখব।”
‘গানস অ্যান্ড গুলাবস’ ওয়েব সিরিজটি নির্মাণ করেন পরিচালক জুটি রাজ এবং কৃষ্ণা ডিকে। যেখানে কাজ করেছেন প্রয়াত অভিনেতা নির্মাতা সতীশ কৌশিক।
এই টিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা ‘অসাধারণ’ বললেন রজতাভ।
“ওদের কাজের মধ্যে একটা সরস আঙ্গিক থাকে। সত্যজিৎ রায়ের কাজের মধ্যেও সেটা ছিল। রসিকতার দৃষ্টিভঙ্গি থেকে কঠিন পৃথিবীকে দেখার প্রচেষ্টা। সেটা আমার খুব ভাল লেগেছে।’”
এই সিরিজের প্রস্তাব আসার পর অডিশন রেকর্ড করে পাঠিয়েছিলেন রজতাভ। এরপর রাজ এবং কৃষ্ণা ডিকে পছন্দ করেন রাজতাভকে।
প্রয়াত অভিনেতা সতীশ কৌশিকের বন্ধুত্বপূর্ণ ব্যবহার মনে থাকবে বলেও জানান রজতাভ।