১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রোনালদো-লেওনিদাসকে টপকে চূড়ায় এমবাপে

বিশ্বকাপে কিলিয়ান এমবাপে এখন গোল করলেই যেন নতুন রেকর্ডের জন্ম হয়।

রোনালদো-লেওনিদাসকে টপকে চূড়ায় এমবাপে
কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2026, 06:07 AM

Updated : 11 Sep 2026, 03:32 PM

দারুণ কয়েকটি সুযোগ হলো হাতছাড়া, দুর্ভাগ্যও বাধা হয়ে দাঁড়াল; কিন্তু কিলিয়ান এমবাপে থামলেন না। সুইডেনের বিপক্ষে প্রথমার্ধের শেষ সময়ে দলকে এগিয়ে নিলেন তিনি, সেই সঙ্গে গড়লেন নতুন আরেক রেকর্ড। 

নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার শেষ রাতে শুরু হওয়া ম্যাচের ৪৪তম মিনিটে গোলটি করেন তিনি। কর্নারের পর, মাইকেল ওলিসে ও দেম্বেলে হয়ে বল পেয়ে, বক্সে একজনের বাধা এড়িয়ে জোরাল বাঁকানো শটে ঠিকানা খুঁজে নেন রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

বিশ্বকাপের নকআউটে এটা তার নবম গোল। 

গত আসরের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করে যৌথভাবে আগের রেকর্ডধারী দুই ব্রাজিলিয়ান লেওনিদাস ও রোনালদোর পাশে বসেছিলেন এমবাপে। এবার তাদের ছাড়িয়ে এককভাবে বসলেন চূড়ায়।

বিশ্বকাপে সব মিলিয়ে তার গোল হলো ১৭টি। চলতি আসর শুরুর আগে ১৬টি গোল নিয়ে রেকর্ডের মালিক ছিলেন জার্মানির সাবেক স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা। তাকে ছাড়িয়ে ইতোমধ্যে ১৯টি গোল নিয়ে নতুন রেকর্ড গড়েছেন লিওনেল মেসি।

তার পিছনে ছুটছেন এমবাপে। জাতীয় দলের হয়েও সর্বোচ্চ গোলদাতা তিনি, ১০২ ম্যাচে ৬১টি।

বিশ্বকাপে যেখানে অনন্য ফ্রান্স

আবার এমবাপের জোড়া গোল, ভয়ঙ্কর-সুন্দর ফ্রান্স

আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের সামনে নরওয়ে

শেষ ষোলোয় ব্রাজিলের পাকেতার খেলা নিয়ে অনিশ্চয়তা

ইরানের বিদায়ে ‘খুশিতে নেচেছেন’ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রধান