১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সত্যজিতের ‘চারুলতা’ হাসপাতালে

প্রথমে মাধবীকে জেনারেল বেডে রাখা হলেও পরিস্থিতির অবনতি হওয়ায় ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে’ নেওয়া হয়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2023, 12:28 PM

Updated : 14 Jul 2023, 12:28 PM

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, যিনি সত্যজিৎ রায়ের সিনেমা ‘চারুলতা’র জন্যই বেশি পরিচিত।

কলকাতার সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ জানিয়েছে, সপ্তাহখানেক আগে পায়ের চামড়ায় ‘সংক্রমণ’ নিয়ে শহরের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৮১ বছর বয়সী এই অভিনেত্রী।

প্রথমে মাধবীকে জেনারেল বেডে রাখা হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে’ নেওয়া হয়।

তবে আপাতত বর্ষীয়ান এই অভিনেত্রীর অবস্থা স্থিতিশীল, তাই শিগগির হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হতে পারে বলে সংবাদ প্রতিদিন জানিয়েছে।

দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসে ভুগছেন মাধবী মুখোপাধ্যায়। উচ্চ রক্তচাপজনিত সমস্যাও রয়েছে। সেইসঙ্গে বয়সজনিত কিছু রোগব্যধিতে ভুগছেন তিনি। গতবছরও একবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

মা লীলা দেবীর হাত ধরে থিয়েটারে অভিনয় জীবন শুরু করেছিলেন মাধবী মুখোপাধ্যায়। মঞ্চে প্রথম কাজ করেছিলেন ন্যাট্যকার শিশির ভাদুড়ির সঙ্গে। ১৯৫০ সালে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন ‘কাঁকনতলা লাইট রেলওয়ে’ সিনেমায়।

দীর্ঘ অভিনয় জীবনে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক ও মৃণাল সেনের মত পরিচালকদের সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মাধবী।

সত্যজিৎ রায়ের ‘মহানগর’, ‘চারুলতা’ ও ‘কাপুরুষ’, ঋত্বিক ঘটকের ‘সুবর্ণলতা’, ‘মেঘে ঢাকা তারা’ ও ‘কোমল গান্ধার’ এবং মৃণাল সেনের ‘বাইশে শ্রাবণ’, ‘কলকাতা ৭১’ তার উল্লেখযোগ্য কাজ। বহু সিনেমায় মহানায়ক উত্তম কুমার ও সৌমিত্র চট্টোপাধ্যায় তার নায়ক হয়েছেন।

মাধবী অভিনীতি সিনেমার সংখ্যা ৭০টি। তার সর্বশেষ সিনেমা ‘আবেশ’, যা মুক্তি পায় ২০২১ সালে।