২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

সাবিত্রী-মাধবী এক পর্দায়

“এখকার বাস্তবতায় বাবা-মা সন্তানের অপেক্ষায় দিন গুনতে থাকেন। এই সিনেমার গল্পটাও তেমনই।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Oct 2026, 09:03 PM

Updated : 29 Oct 2026, 09:03 PM

একজনের ৮৯, আরেক জনের ৮৪; এই সংখ্যাগুলো দুজন অভিনেত্রীর বয়সের হিসাব। তারা হলেন সাবিত্রী চট্টোপাধ্যায় ও মাধবী মুখোপাধ্যায়। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে তারা এখনও কাজ করছেন ক্যামেরার সামনে।

বার্ধক্য, অসুস্থতাকে সঙ্গী করেই তার কাজ করছেন শ্যামল বসুর নতুন সিনেমা ‘দূরত্ব’-এ; এই সিনেমায় তাদের সঙ্গে অভিনয় করছেন আরেক বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে।

কলকাতার সংবাদমাধ্যম ‘এই সময়’ বলছে, চিত্রনাট্য আর্বতিত হয়েছে মা-মেয়ের সম্পর্ক ঘিরে। সময়ের সঙ্গে বদলে যাওয়া পারিবারিক সমীকরণ, কর্মব্যস্ত জীবনে প্রিয়জনদের জন্য সময়ের অভাব এবং সেই সূত্রে তৈরি হওয়া মানসিক দূরত্ব— এই আবহেই এগিয়েছে সিনেমার কাহিনী।

চিত্রনাট্যে দেখানো হয়েছে, স্বামীকে হারিয়ে এক বয়স্কা নারী বাস করে এক বিশাল বাড়িতে। তার সঙ্গে থাকে পালিতা কন্যা নীলু এবং বহুদিনের আশ্রিত হরিদা। তার একমাত্র মেয়ে পল্লবী বেঙ্গালুরুতে কর্মব্যস্ত কর্পোরেট জীবনে প্রতিষ্ঠিত। দায়িত্ববোধ থাকলেও পেশাগত চাপ, সময়ের অভাব এবং ক্রমবর্ধমান মানসিক দূরত্ব তাকে মায়ের জীবন থেকে ক্রমশ সরিয়ে দেয়। মায়ের চরিত্রে দেখা যাবে ৮৪ বছর বয়সি মাধবী মুখোপাধ্যায়কে।

এক প্রবীন বিপত্নীকের ভূমিকায় অভিনয় করছেন দীপঙ্কর দে। আর বিশেষ চরিত্রে দেখা যাবে ৮৯ বছরের সাবিত্রী চট্টোপাধ্যায়কে।

এই সিনেমা নিয়ে কদিন আগে মাধবী বলেন, “নতুন প্রজন্মকে একটু সাহিত্য পড়তে বলব। আগে তো সাহিত্যনির্ভর কাহিনী হত। তাই বর্তমান যুগের পরিচালকদের সাহিত্য পড়তে বলব।”

সাবিত্রী বলেন, “সন্তানরা বড় হলে মা-বাবাদের পাশে সেভাবে থাকে না বা থাকতে পারে না। কর্মব্যস্ততার কারণে। তারপর জীবনে সঙ্গী আসে, তখন তারা নিজেদের নতুন জীবন শুরু করে। বাবা-মা সন্তানের অপেক্ষায় দিন গুনতে থাকেন। এই সিনেমার গল্পটাও তেমনই।”

মাধাবীর মেয়ের চরিত্রে রয়েছেন অভিনেত্রী সঙ্গীতা দাস। তার মতে, গল্পে মা–মেয়ের সম্পর্কের টানাপড়েন থাকলেও তা অবহেলার নয়। বরং বর্তমান সময়ের ব্যস্ত জীবনই দুই প্রজন্মের মধ্যে অদৃশ্য দূরত্ব তৈরি করে। সেই দূরত্ব কী ভাবে কমে, তা-ই ছবির অন্যতম আকর্ষণ।

অনেক দিন পর পরিচালনায় ফিরছেন শ্যামল বসুও।

তিনি বলেন, “সম্পর্কের সূক্ষ্ম টানাপড়েন এবং মানসিক আবেগকে প্রাধান্য দিয়েই তৈরি হচ্ছে ‘দূরত্ব’।”

সিনেমাটি কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনও নির্মাতাদের তরফে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

‘আমাদের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছিল’

মাধবী ও সাবিত্রীর বন্ধুত্বের বয়স বহু দশক। কাজের ফাঁকে তারা স্টুডিওতে বসে আড্ডা দিতেন, একে অন্যের বাড়িতেও নিয়মিত যাতায়াত করতেন।

এক সাক্ষাৎকারে সাবিত্রী বলেছিলেন, তিনি মাবধীর চেয়ে বয়সে বড় হলেও ‘চারুলতা’ খ্যাত অভিনেত্রী, ইন্ডাস্ট্রিতে তার আগে পা রাখেন।

দুজনের বন্ধুত্ব নিয়ে উত্তম কুমারের এই নায়িকা (মাধবী) বলেন, “তবে বন্ধুত্বটা খুব জমেছিল। আমরা কখনও গঙ্গার ধারে সময় কাটিয়েছি, কখনও নৌকোয় চড়ে ঘুরে বেড়িয়েছি। সবসময়ই বলতাম আমাদের এই বন্ধুত্বটা যেন চিরকাল থেকে যায়।”

ইন্ডাস্ট্রিতে ‘কেউ কারও বন্ধু হয় না’ বলে প্রচলিত কথাটি মানতে নারাজ সাবিত্রী।

তার কথায়, “আমাদের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছিল। এখন তো সেই দিন আর নেই। তবে আমাদের কোনও দিন কোনও প্রতিযোগিতা ছিল না। একটা সময়ে যখন আড্ডা মারতাম, তখন মেকআপ ম্যানেরাও কেউ ঘরে ঢুকত না। আমাদের কথা শেষ হলে তবে আসত। ওরা ভাবত আমরা সারাদিন গল্প করতে পারি, মেকআপ আর করা হবে না”

পুরনো খবর:

‘নতুন পরিচালকদের সাহিত্য পড়তে বলব’, বড়পর্দায় ফিরছেন মাধবী