২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউডের শাহেনশাহ-বাদশা একসঙ্গে ১৭ বছর পর

‘ওয়াদা’ নামের বিশাল বাজেটের একটি সিনেমার পরিকল্পনা নেওয়া হয়েছে বলিউড শাহেনশাহ ও বাদশাহকে ঘিরে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2023, 02:56 PM

Updated : 27 Aug 2023, 02:56 PM

বলিউডের নির্মাতা করণ জোহরের ‘কাভি আলবিদা না কহেনা’ সিনেমা দিয়ে পর্দা কাঁপিয়েছিলেন অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান। এরপর কেটে গেছে ১৭ বছর, দুজনের আলাদা আলাদা সিনেমা বক্স অফিস মাতালেও একসঙ্গে তাদেরকে আর পর্দায় দেখেনি দর্শক। কিন্তু সেই সম্ভাবনা উঁকি দিচ্ছে এবার।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ‘ওয়াদা’ নামের বিশাল বাজেটের একটি সিনেমার পরিকল্পনা নেওয়া হয়েছে বলিউড শাহেনশাহ ও বাদশাহকে ঘিরে।

ওই সিনেমা নিয়ে জল্পনা শুরু হয় সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবি ঘিরে। ওই ছবিতে দেখা যায়, একসঙ্গে দৌড়চ্ছেন শাহরুখ-অমিতাভ। তাদের দুজনের পরনে কালো স্যুট।

কমেন্টে একজন লিখেছেন, ‘ব্লকবাস্টার লোডিং’।

আরেকজনের মন্তব্য, “ফারহানের ডন থ্রি সিনেমায় একসঙ্গে থাকলে কেমন হয়?”

যদিও এ বিষয়ে এখনো শাহরুখ খান ও অমিতাভ বচ্চন কেউই কিছু জানাননি।

এর আগে অমিতাভ ও শাহরুখকে একসঙ্গে ‘মহব্বাতেন’, ‘কাভি খুশি কাভি গম’, ও ‘ভূতনাথ রিটার্নস’ সিনেমায় দেখা গেছে। যদিও দুজন গতবছর মুক্তি পাওয়া ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় অভিনয় করেছিলেন, কিন্তু একসঙ্গে কোনো দৃশ্যে তাদের পাওয়া যায়নি।

তবে কোনো একটি কাজে কয়েকদিন আগে শাহরুখ ও অমিতাভ যে একসঙ্গে শুটিং করেছেন, তা এসেছে সংবাদমাধ্যমে।

টুইটার অ্যাকাউন্টে ‘আস্কএসআরকে’ সেশনে সম্প্রতি ‘পাঠান’ তারকাকে অমিতাভের সঙ্গে কাজ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এত বছর পর সিনিয়র বচ্চনের সঙ্গে কাজ করা খুব মজার ছিল। এই শুটিংটা আমার কাছে অনুপ্রেরণার। তার সঙ্গে কাজ করতে পারা আশীর্বাদের মত। শুধু আপনাকে জানাতে চাই, দৌড়ে কিন্তু আমাকে উনি হারিয়ে দিয়েছেন।’’

তবে ওই শুটিং ‘ওয়াদা’র কী না তা খোলাসা করেননি শাহরুখ।

বর্তমানে ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালনায় ব্যস্ত আছেন বিগ বি। এ ছাড়া তার হাতে রয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’। এ সিনেমায় অমিতাভের সঙ্গে দক্ষিণের বাহুবলী তারকা প্রভাস, দীপিকা পাড়ুকোন, কমল হাসান ও দিশা পাটানি কাজ করছেন। আগামী বছর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আর আগামী ৭ সেপ্টেমর প্রেক্ষাগৃহে দ্বৈত চরিত্রে ‘জওয়ান’ নিয়ে সবার সামনে আসছেন শাহরুখ। এ তারকার বছরের দ্বিতীয় এই সিনেমায় ধুন্ধুমার অ্যাকশনের আভাস মিলেছে। বিশ্বজুড়ে শুরু হয়ে গেছে সিনেমার অগ্রিম টিকিট বুকিং। জার্মানির লিওনবার্গে বিশ্বের সবচেয়ে বড় পর্দায় অ্যাটলি কুমার পরিচালিত এই সিনেমাটি মুক্তি পেতে চলেছে। 

পুরনো খবর:

বিশ্বের সবচেয়ে বড় পর্দায় ‘জওয়ান’
সাত দৃশ্যে-সংলাপে কাঁচি চালিয়ে ছাড়পত্র পেল ‘জওয়ান’
‘জওয়ান’র দ্বিতীয় গান প্রকাশের আগে মোড়ক উন্মোচন
‘জওয়ান’ এর ঝলক, শাহরুখ হিরো না ভিলেন?
কেউ কথা রাখে না!