Published : 20 Oct 2023, 12:43 AM
সম্প্রতি মুক্তি পাওয়া ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ সিনেমার সাফল্যে উদ্ভাসিত বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর; অ্যাডাল্ট-কমেডি ঘরানার সিনেমাটিতে ভালোবাসা আর কামনাতৃপ্তির রসায়নে প্রকৃত সঙ্গী পাওয়ার ব্যাকুলতা ফুটে উঠেছে তার চরিত্রে।
নতুন সিনেমার গল্প ধরেই এই অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল, বাস্তবে ভবিষ্যৎ সঙ্গীর মধ্যে তিনি কোন গুণগুলো খুঁজবেন।
ভূমি পেডনেকরের জবাব, “আজ আমি যে অবস্থানে আছি, যা কিছু অভিজ্ঞা হয়েছে, আমি বলব পারস্পরিক সম্মানটা আমি চাই।”
ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে এক সাক্ষাৎকারে কথা বলছিলেন এ নায়িকা। তার ভাষ্য, “আমি মনে করি পারস্পরিক সম্মানটা খুব গুরুত্বপূর্ণ। এই এক নম্বর বিষয়টিই আমি খুঁজব। তবে অবশ্যই ভবিষ্যৎ সঙ্গীর মধ্যে আকর্ষণও থাকতে হবে।
“আকর্ষণ ছাড়া আপনি কারও সঙ্গে থাকতে চাইবেন না। আর পারস্পরিক শ্রদ্ধার ব্যাপারে আমি কোনো আপস করব না। এটি অবশ্যই অনেক বড় কিছু। এটি আমার কাজ, পরিবার ও বন্ধুদের জন্যও সম্মানের। আমার দিক থেকেও একই শ্রদ্ধাবোধের প্রকাশ থাকবে।”

‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ সিনেমায় ৩২ বছরের শহুরে নারী কনিকা কাপুরের ভূমিকায় অভিনয় করেছেন ভূমি। খোলামেলা চরিত্রে সঠিক জীবনসঙ্গী খুঁজে পাওয়ার প্রবল আকাঙ্ক্ষা ফুটে উঠেছে তার চরিত্রে। ভালোবাসা আর যৌনতা প্রকাশে ওই চরিত্রের সঙ্গে নিজেকে কীভাবে খাপ খাইয়েছেন সে কথাও জানিয়েছেন এ অভিনেত্রী।
তিনি বলেন, “ওই চরিত্রের ভেতরে আমার অনেক কিছুই আছে। যখন সিনেমাটি দেখবেন, আপনার মনে হবে- ‘হায় খোদা, এটাতে তো আমিই’। এই অবস্থানে আমি জীবনের অনেকবারই পড়েছি। সিনেমায় কনিকার যে যাত্রা, সেই অবস্থা আমারই। আমি জানি এর অনুভূতি কেমন।”
৪৮তম টরন্টো ইন্টারন্যাশনাল ফ্লিম ফেস্টিভালে ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ সিনেমার প্রিমিয়ার হয় গত ১৫ সেপ্টেম্বর। সিনেমা হলগুলোতে মুক্তি পায় ৬ অক্টোবর।
রিয়া কাপুর ও একতা কাপুরের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন করণ বুলানি। শেহনাজ গিল, ডলি সিং, কুশা কপিলা ও শিবানী বেদীও রয়েছেন সিনেমায়।