১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ডে কনক চাঁপা, আশফাক নিপুণ, নওশাবা

মনোনীত সদস্যরা প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী তিন বছর নিজ নিজ পদে বহাল থাকবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2024, 06:32 PM

Updated : 26 Aug 2026, 10:28 AM

কবি, লেখক ও নির্দেশককে নিয়ে বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট পরিচালনার জন্য সরকার ১৫ সদস্যের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করেছে। 

রোববার বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১ এর ৬ নম্বর ধারার প্রদত্ত ক্ষমতাবলে ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন দিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মনোনীত সদস্যরা প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী তিন বছর নিজ নিজ পদে বহাল থাকবেন।

সংস্কৃতি উপদেষ্টাকে এই ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে এবং ভাইস চেয়ারম্যান হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব। এছাড়া সদস্য সচিব হিসেবে আছেন শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক।

প্রজ্ঞাপনে নাম আসা সদস্যরা হলেন কবি, কলামিস্ট ও সংগঠক নাহিদ হাসান নলেজ, পরিচালক আশফাক নিপুণ, অভিনয়শিল্পী নওশাবা আহমেদ, লেখক ও শিক্ষক অধ্যাপক ড. আবু ছালেহ, মো ওয়াদুদুর রহমান (তুহিন ওয়াদুদ), শিক্ষক সামিনা লুৎফা, কবি ইমতিয়াজ মাহমুদ, সংগীতশিল্পী কনক চাঁপা, কবি সাইয়েদ জামিল।

এছাড়া বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমির মহাপরিচালকও পদাধিকারবলে ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন। 

পদাধিকারবলে সদস্য হিসেবে আরো আছেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদপর্যাদার একজন প্রতিনিধি।

শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ডে আগের মেয়াদে সদস্য ছিলেন আবৃত্তিশিল্পী রূপা চক্রবর্তী, সংগীতশিল্পী খায়রুল আনাম শাকিল, নৃত্যশিল্পী মিনু হক, নাট্যনির্দেশক ও অভিনেতা আব্দুল বারী, চিত্রশিল্পী কামাল পাশা চৌধুরী, স্থপতি সাঈদ আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ এবং কবি আসাদ মান্নানসহ পদাধিকার বলে আরো নয় জন।

এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট নামেও আরেকটি ট্রাস্ট রয়েছে, যা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়ে থাকে। 

চলচ্চিত্রশিল্পীদের পাশাপাশি টেলিভিশন অভিনয় শিল্পীরাও এই ট্রাস্টের আওতাভুক্ত।