Published : 20 Oct 2023, 12:44 PM
'অপেরা হাউস' নির্মাণে একটি নকশা প্রতিযোগিতার আয়োজন করা হয় ১৯৫৭ সালে। ২৩৩টি নকশার মধ্যে বাছাই করা হয় ড্যানিশ স্থপতি জর্ন উটজনের নকশাটি। এরপর উটজনকেই দেওয়া হয় মূল নকশা প্রণয়নের দায়িত্ব। এই ছবিতে উটজন 'অপেরা হাউসে'র নকশা দেখাচ্ছেন।
'অপেরা হাউস'র নির্মাণকাজ শুরু হয় ১৯৫৯ সালে। ১০ হাজারের বেশি শ্রমিকের শ্রমে-ঘামে গড়ে ওঠে 'অপেরা হাউস'। চার বছরের মধ্যে ভবন নির্মাণ শেষ হওয়ার কথা থাকলেও, কাজ শেষ করতে সময় লেগে যায় আরও এক দশক। কাজ শুরুর ১৪ বছর পর 'অপেরা হাউস'র নির্মাণ কাজ শেষ হয় ১৯৭৩ সালে। প্রাথমিক নির্মাণ ব্যয় ৭ মিলিয়ন ডলার ধরা হলেও, কাজে সময় লাগায় ব্যয় গিয়ে দাঁড়ায় ১০২ মিলিয়ন ডলারে।
বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ আধুনিক স্থাপত্যকলার অনন্য এ নিদর্শন উদ্বোধন করেন ১৯৭৩ সালের ২০ অক্টোবর। কিন্তু 'অপেরা হাউস'র নকশাকার জর্ন উটজনকে ওই উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি, যা নিয়ে সমালোচনাও হয় ওই সময়।
সমুদ্রপৃষ্ঠ থেকে 'অপেরা হাউস'র সর্বোচ্চ স্থানটির উচ্চতা ২১৩ ফুট, যা প্রায় ২২ তলা ভবনের সমান উঁচু। স্থাপনাটির দৈর্ঘ্য ৬০০ ফুট ও প্রস্থ ৩৯৪ ফুট। উদ্বোধনের পর 'অপেরা হাউস'কে বাইরে থেকে দেখতে ছোট ছোট জাহাজ এবং ডিঙি নৌকায় চড়ে পর্যটকরা সমুদ্রে ভ্রমণ করেন।
'অপেরা হাউস'র প্রথম অপেরা 'ডালগেরি', যা মঞ্চস্থ হয় ১৯৭৩ সালে। এর চিত্রনাট্য তৈরি করেছেন অস্ট্রেলিয়ান সুরকার জেমস পেনবার্থি। তিনি দেশটির জনপ্রিয় প্রেমের উপন্যাস 'কিপ হিম মাই কান্ট্রি' থেকে তৈরি করেন 'ডালগেরি'।
দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী নেতা নেসলসন ম্যান্ডেলাও গিয়েছিলেন অপেরা হাউসে। ১৯৯০ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে 'অপেরা হাউসে' যান ম্যান্ডেলা। সেখানে তাকে স্বাগত জানান দেশটির প্রায় ৪০ হাজার মানুষ।