Published : 30 Nov 2025, 12:40 PM
দীর্ঘদিন প্রযোজনার কাজে মনোযোগ দেওয়ার পর ফের পুরেদমে অভিনয়ে ফিরছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান।
চলমান প্রযোজনা প্রকল্পগুলোর কাজ শেষ হলেই ফিরতি যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন তিনি। এই ঘোষণার মধ্য দিয়ে অভিনয়ে আমিরের ফেরা-না ফেরা নিয়ে দোলাচলের অবসান হতে চলেছে।
ভারতের ৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিনে ‘ফায়ারসাইড চ্যাট’ নামের এক ক্লাসে আমির তার আগামীর ক্যারিয়ার পরিকল্পনা তুলে ধরেন বলে লিখেছে টাইমস অব ইন্ডিয়া।
সেখানে অভিনেতা বলেছেন, 'লাহোর ১৯৪৭', 'হ্যাপি প্যাটেল’সহ আরো কয়েকটি সিনেমার প্রযোজনার কাজ আগামী কয়েক মাসের মধ্যে শেষ হবে বলে আশা করছেন তিনি।
“তার পর থেকে আমি প্রযোজনা ছেড়ে পুরোপুরি অভিনয়ে ফিরে যাব।”

অবসর, অভিনয় থেকে মুখ ফিরিয়ে নেওয়ার মত বিষয়গুল আমিরের সঙ্গে জড়িয়েছে ২০২২ সালে ‘লাল সিং চাড্ডা’ মুক্তির পর। মুক্তির আগেই সিনেমাটি নিয়ে একদল মানুষের বিতর্ক এবং প্রেক্ষাগৃহে আসার পর ব্যবসায়িক ব্যর্থতা আমিরকে প্রচণ্ড হতাশ করে তোলে।
খুঁতখুঁতে হিসেবে পরিচিত আমির খান সিনেমা কম করেন, কিন্তু যেটি করেন, সেটিই হিট, এমনটাই হয়ে আসছিল। হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার রিমেক ‘লাল সিং চাড্ডা’ নিয়ে বেশ আশাবাদী ছিলেন আমির। তবে সেই প্রত্যাশা হালে পানি পায়নি।
বলিউডে বহুমাত্রিক এক অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা আমির ওই বছরের ১৫ নভেম্বর দিল্লিতে একটি অনুষ্ঠানে নিজের বিরতি নেওয়ার বিষয়টি সামনে আনেন।
সে সময় আমির বলেছিলেন তিনি পরিবারকে সময় দিতে চান।
সে কথা ভালোই রেখেছিলেন আমির। এর মাঝে মেয়ে ইরা খানের বিয়ে দিয়েছেন। মায়ের অসুস্থতার সময় তার কাছে গিয়ে থেকেছেন। যোগব্যায়াম করেছেন, ক্ল্যাসিকাল মিউজিকে তালিম নেওয়ারও চেষ্টা করেছেন।
সংবাদ সম্মেলন ছাড়াও একবার পডকাস্টে অতিথি হয়েও অভিনয়ে না ফেরার ইঙ্গিত দিয়েছিলেন আমির। আমির বলেছিলেন, “আমাকে এবার সিনেমা থেকে সরতে হবে।”
মাঝে ‘লাপাতা লেডিস’ প্রযোজনা করলেও নতুন কোনো সিনেমায় অভিনয়ের খবর তার মুখ থেকে কেউ শোনেনি। তবে গেল বছরের নভেম্বরে কাজে ফেরার কথা বলেছিলেন আমির। তবে সেটি অভিনয়ে নাকি নির্দেশনা বা প্রযোজনায় সেটি স্পষ্ট করেননি তিনি।
সে সময় ৬টি সিনেমা নিয়ে কাজ করছেন জানিয়ে আমির বলেন, “আমি সম্ভবত ক্যারিয়ারের শেষ ১০ বছরের চক্রে প্রবেশ করেছি। এ জন্য চিন্তা করলাম, শেষ ১০ বছর অনেক বেশি কাজ করা যাক। আশা করি ৭০ পর্যন্ত কাজ করার মতো সুস্থ থাকব।”
এবার আমির স্পষ্ট করলেন তার অভিনয় যাত্রা নতুন করে শুরু করার কথা।
'কিছু চিত্রনাট্য' তাকে অভিনয়ের দিকে ফিরিয়ে আনছে জানিয়ে আমির বলেন, “ইতোমধ্যেই দুই–তিনটি নতুন চিত্রনাট্য আমাকে উচ্ছ্বসিত করছে। স্ক্রিপ্টগুলো আমাকে নড়াচড়া করাচ্ছে। তাই অভিনয়ে ফেরাটা এখনই ঠিক মনে হচ্ছে।”
পরিচালনা করা নিয়ে পুরোনো স্বপ্নের কথাও বললেন আমির।
“পরিচালনাই আসলে আমার সবচেয়ে বড় ভালোবাসা। সিনেমা বানানোর কাজটাই আমি সবচেয়ে বেশি উপভোগ করি। কিন্তু যেদিন আমি সচেতনভাবে পরিচালনায় নামব, হয়ত অভিনয় ছেড়ে দেব।
“কারণ, পরিচালনা আমাকে পুরোপুরি গ্রাস করবে। তাই আপাতত সেই সিদ্ধান্ত পিছিয়ে দিচ্ছি। আমি অভিনয়েই সময় দিতে চাই।”
আমিরের ভাষ্যে, এটি তার ক্যারিয়ারের একটি 'গুরুত্বপূর্ণ পরিবর্তন'। অর্থাৎ বহু বছর একসঙ্গে প্রযোজনা, অভিনয় এবং সৃজনশীল পরিকল্পনার কাজ সামলানোকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

নিজের ক্যারিয়ারের কিছু ‘ঝুঁকিপূর্ণ’ সিদ্ধান্তের কথাও তুলে ধরেন আমির। সেসবের মধ্যে এসেছে 'লগন', 'তারে জামিন পার' এবং এর সিকুয়েলের কথা।
তিন দশকের বেশি সময় ধরে বলিউডে কাজ করা আমির বলেন, “শিল্পের দৃষ্টিতে আমার অনেক সিদ্ধান্তই ছিল 'অযৌক্তিক'। জাভেদ (আখতার) সাহেব পর্যন্ত আমাদের না করতে বলেছিলেন। সব যুক্তি অনুযায়ী আমার তারকা হয়ে ওঠার কথা ছিল না, আমি সব নিয়ম ভেঙেছিলাম।
“কিন্তু সেই অপ্রচলিত সিদ্ধান্তগুলো দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। 'সরফরোশ', 'লগন', 'গজনী', 'তারে জামিন পার', 'সিতারে জামিন পর' এই সিনেমাগুলো দর্শকের কাছে গভীরভাবে পৌঁছেছে, আমি এ জন্য কৃতজ্ঞ।”
‘কেয়ামত সে কেয়ামত’ দিয়ে আমিরের শুরু ১৯৮৮ সালে; তরুণ সুদর্শন নায়ককে প্রথম সিনেমাতেই লুফে নিয়েছিল দর্শক।
তখন ‘চকলেট হিরো’ তকমা সঙ্গী হয়েছিল নামের সঙ্গে। তারপর নিজেকে ভেঙেছেন-গড়েছেন।
চলতি বছরের গত ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আমিরের সর্বশেষ 'সিতারে জামিন পার' সিনেমা। বিশ্বব্যাপী সিনেমাটি ১৬৭ কোটি রুপি আয় করে। এটি আমিরের দারুণ সাড়া ফেলা চলচ্চিত্র ‘তারে জামিন পার’ এর সিকুয়েল।
হঠাৎ বিরতি ঘোষণা আমির খানের, কেন?
সত্যি সিনেমাকে বিদায় জানাবেন আমির?
আমিরের অভিনয় ছাড়ার সিদ্ধান্তে যা বলেছিল তার পরিবার
অবসর নিলে যার ওপরে প্রযোজনা সংস্থার দায়িত্ব ছাড়বেন আমির
'প্রশান্তির' প্রত্যাশায় ধ্যান শিখতে নেপালে আমির
লাল সিং চাড্ডা: যেভাবে বলিউডের ফরেস্ট গাম্প হলেন আমির খান
বলিউডে ভরসা হারাচ্ছেন আমির? আগামীর যাত্রা দক্ষিণে
'আর মাত্র ১০ বছর', একসঙ্গে ৬টি কাজে আমির!