যেসব সিনেমা পাচ্ছে সোয়া ১৫ কোটি টাকার অনুদান
গত বছর ১৩ কোটি ৯০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছিল।
সিনেমা নির্মাণে ২০২৩-২০২৪ অর্থবছরে ১৫ কোটি ২০ লাখ টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই অর্থ পাচ্ছে মোট ২৬টি সিনেমা, যার মধ্যে ছয়টি স্বল্পদৈর্ঘ্যের।
'পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’ এবং ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’র সিদ্ধান্তের ভিত্তিতে বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
এতে জানানো হয়, পূর্ণদৈর্ঘ্য সিনেমার মধ্যে ১৬টি পাচ্ছে ৭৫ লাখ টাকা করে। বাকি চারটিকে দেওয়া হবে ৫০ লাখ টাকা করে। এই চারটির মধ্যে দুটি শিশুতোষ এবং দুটি প্রামাণ্যচিত্র শাখার।
আর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ছয় সিনেমাকে ২০ লাখ টাকা করে দেওয়া হচ্ছে মোট ১ কোটি ২০ লাখ টাকা। এর মধ্যে দুটি সিনেমা মুক্তিযুদ্ধভিত্তিক, একটি শিশুতোষ; বাকি তিনটি অনুদান পাচ্ছে সাধারণ শাখায়।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা, মানবীয় মূল্যবোধসম্পন্ন জীবনমুখী, রুচিশীল ও শিল্পমানসমৃদ্ধ চলচ্চিত্র নির্মাণে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহায়তা প্রদান এ অনুদানের উদ্দেশ্যে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
১৯৭৬-৭৭ অর্থবছর থেকে দেশীয় চলচ্চিত্রে সরকারি এ অনুদান চালু করা হয়। মাঝে কয়েক বছর বাদে প্রতিবছরই অনুদান দেওয়া হচ্ছে। গতবছর (২০২২-২৩ অর্থবছর) ২৩টি পূর্ণদৈর্ঘ্য এবং ৬টি স্বল্পদৈর্ঘ্য সিনেমাকে মোট ১৩ কোটি ৯০ লাখ টাকা অনুদান দেওয়া হয়।
পূর্ণদৈর্ঘ্য সিনেমা
এবার মুক্তিযুদ্ধভিত্তিক শাখায় অনুদান পাচ্ছে ‘পাকিস্তানে বন্দীজীবন’, যার পরিচালক ও প্রযোজক সাজেদুল ইসলাম। অপর সিনেমা ‘ছোঁয়া’র পরিচালক ও প্রযোজক রাকিবুল হাসান।
শিশুতোষ শাখায় অনুদান পাচ্ছে রাইদ মোরশেদ প্রযোজিত ‘অদ্-ভূত’; সিনেমাটি পরিচালনা করবেন তাওকীর ইসলাম। প্রযোজক ও পরিচালক হিসেবে ‘চলনবিলের মানিক’র জন্য অনুদান পেয়েছেন নিয়ামুল মুক্তা।
প্রামাণ্যচিত্র শাখায় অনুদান পাচ্ছে ‘নো ম্যাডস অব দ্য নর্থ’; যার পরিচালক ও প্রযোজক হিসেবে আছেন পিপলু আর খান। অন্যটি ‘কালের যাত্রা’, যেটি প্রযোজনা ও পরিচালনা করবেন রাসেল রানা দোজা।
সাধারণ শাখায় অনুদান পেয়েছে ১৪টি সিনেমা, যার মধ্যে পরিচালক ও প্রযোজক হিসেবে ‘মিহিন গাথা’ সিনেমার জন্য অনুদান পেয়েছেন মির্জা শবনব ফেরদৌসী। ‘ঠিকানা’ সিনেমার জন্য পরিচালক ও প্রযোজক হিসেবে অনুদান পেয়েছেন জাহাঙ্গীর হোসেন বাবর।
ফজলে হাসান শিশির অনুদান পাচ্ছেন ‘সুরাইয়া’ সিনেমার জন্য; পরিচালনা করবেন রবিউল আলম রবি। 'জয়া’ সিনেমার জন্য পরিচালনা ও প্রযোজক হিসেবে অনুদান পাচ্ছেন গোলাম মোস্তফা। অনুদানের জন্য নির্বাচিত ‘লোভ’ সিনেমার প্রযোজক পিংকি আক্তার, সিনেমাটি পরিচালনা করবেন সঞ্জয় সমাদ্দার।
পরিচালনা ও প্রযোজক হিসেবে ‘সখী রঙ্গমালা’ সিনেমার জন্য অনুদান পাচ্ছেন এন রাশেদ চৌধুরী। অনুদান পাচ্ছে শেলী কাদের প্রযোজিত ‘জাত’। এটি পরিচালনা করবেন নারগিস আক্তার।
অনুদানের জন্য নির্বাচিত ‘ময়নার চার’র প্রযোজক সুমন পারভেজ, পরিচালক এ জেড এম মোস্তাফিজুর রহমান বাবু; আর ‘কালবেলা’ সিনেমার প্রযোজনা ও পরিচালনার জন্য অনুদান পাচ্ছেন ইব্রাহীম খলিল মিশুক (মিশুক মনি)।
এই তালিকায় আরও আছে মনোজ প্রামাণিক প্রযোজিত ‘সেয়ানা’, এটি পরিচালনা করবেন ইকবাল হাসান খান। ‘আজিরন’ সিনেমার প্রযোজনা ও পরিচালনায় আছেন গীতালি হাসান।
অনুদানের জন্য নির্বাচিত ‘পোস্টমর্টেম’ সিনেমার প্রযোজক নিজাম উদ্দিন, পরিচালক, আরিফ সিদ্দিকী। ‘হা ঘরে’ নামে আরেকটি সিনেমাও আছে তালিকায়; ছবিটির প্রযোজক নূর মনির, পরিচালনা করবেন নাসরুল্লাহ মানসুর। সাধারণ শাখায় মনোনীত আরেকটি সিনেমা হলো ‘মুক্তিযুদ্ধের চেতনা’। সিনেমাটির প্রযোজক ও পরিচালক দেওয়ান নজরুল।
স্বল্পদৈর্ঘ্য সিনেমা
ছটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক শাখায় অনুদান পেতে যাওয়া দুই সিনেমার এগুলো হলো ‘অপরাজিত ৭১’, যার প্রযোজক ও পরিচালক মঈন উদ্দিন পাঠান। অন্যটির নাম ‘জলদাসী’; এটি প্রযোজনা ও পরিচালনায় আছেন আবদুল খালেক (খালেক সাদমান)।
শিশুতোষ শাখায় অনুদান পাচ্ছে ‘ডালিমকুমার ও তালপুকুরের কিচ্ছা’, যার প্রযোজনা ও পরিচালনায় আছেন সামির আহমেদ।
সাধারণ শাখায় অনুদান পেতে যাওয়া বাকি তিনটি সিনেমা হচ্ছে- জুয়েইরিযাহ মউয়ের ‘মৌতালি পিঠার ঘ্রাণ’, এস এম কামরুল আহসানের ‘ফিনিক্স পাখি’ ও মোহাম্মদ মামুন ছোবহানীর ‘আবু ইব্রাহিমের মৃত্যু’।
