১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানি শিল্পী আজমত আসছেন ঢাকায়

‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’ নামের কনসার্টে পারফর্ম করবেন আলী আজমত এবং তার বর্তমান ব্যান্ড 'সোশ্যাল সার্কাস'।

পাকিস্তানি শিল্পী আজমত আসছেন ঢাকায়
পাকিস্তানি শিল্পী আলী আজমত

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2025, 05:09 PM

Updated : 26 Aug 2026, 11:51 AM

তৃতীয়বারের মত বাংলাদেশে আসছেন পাকিস্তানি ব্যান্ড জুনুনের শিল্পী আলী আজমত।

আগামী ২ মে রাজধানী ঢাকার ইউনাইটেড কনভেনশনে সেন্টারে ‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্টে গাইবেন এই গায়ক। 

এই শিল্পী ১৯৯১ সাল থেকে ২০০৫ পর্যন্ত টানা গেয়েছেন পাকিস্তানের ‘জুনুন’ নামের ব্যান্ডে। ওই সময় থেকে তার খ্যাতি ছড়ায় ‘দ্য ভয়েজ অব জুনুন’ নামে। 

এরপর ২০০৬ সালে 'সোশ্যাল সার্কাস' নামের আরেকটি ব্যান্ড গড়ে তোলেন তিনি। তবে এরপরও বিভিন্ন সময় ব্যান্ডটির সঙ্গে পারফর্ম করেছেন আজমত।  

এবারের কনসার্ট আয়োজন করেছে ‘অ্যাসেন বাজ’। প্রতিষ্ঠানটির হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট ফারহাদ রাকিব গ্লিটজকে বলেন, "আলী আজমতের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে অনেক আগেই, আমরা অনুমতি নিতে মন্ত্রণালয়ে কাগজপত্র জমা দিয়েছি। সেটা প্রক্রিয়াধীন আছে।"

এর আগে আলী আজমত ঢাকায় শেষবার কনসার্ট করেন ২০১৯ সালে ফোকফেস্টে। 

রাকিব বলেন, “প্রায় ছয় বছর পর তিনি আবার আসছেন, জুনুন ব্যান্ড তো খুব কম পারফর্ম করে, তাই আলী আজমত তার 'সোশ্যাল সার্কাস' নিয়েই একক কনসার্টগুলো করে থাকেন।"  

কনসার্টের টিকেটের দাম এখনও ঠিক করে উঠতে পারেনি আয়োজক প্রতিষ্ঠান। 

অনুমতির পাওয়ার পর কনসার্টের বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন রাকিব।

১৯৯১ সালে প্রকাশ পায় সুফি ঘরানার ব্যান্ড জুনুনের প্রথম অ্যালবাম ‘জুনুন’। এরপর ‘তালাশ’, ‘ইনকিলাব’, ‘আজাদি’সহ মোট নয়টি অ্যালবাম প্রকাশ পেয়েছে ব্যান্ডটির।  

এই ব্যান্ডের জনপ্রিয় কিছু গানের মধ্যে হল ‘সাইওনি’, 'জাজবা-ই-জুনুন', 'সায়িন', 'খুদি'।

প্রতিষ্ঠার পর থেকে 'সোশ্যাল সার্কাস' ব্যান্ডও বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশ করেছে। 

ব্যান্ডের পাশাপাশি আজমত গান গেয়েছেন বলিউডেও। ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘পাপ’ সিনেমার ‘গরজ বরাজ’ গানে প্লেব্যাক করেন আজমত। এরপর ২০১২ সালে ‘জিসম টু’ সিনেমার ‘মওলা’ ও ‘ইয়ে জিসম হ্যায় তেরা’ দুইটি গানে কণ্ঠ দেন তিনি।