২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

৭ মিনিটের সিনেমা ‘ডেথ অ্যান্ড ল্যান্ডস্কেপ’ যাচ্ছে রেইনড্যান্স উৎসবে

সাত মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটিতে দেখানো হয়েছে একজন মানুষের হারিয়ে যাওয়ার গল্প

৭ মিনিটের সিনেমা ‘ডেথ অ্যান্ড ল্যান্ডস্কেপ’ যাচ্ছে রেইনড্যান্স উৎসবে
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডেথ অ্যান্ড ল্যান্ডস্কেপ’ এর দৃশ্য

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2024, 07:43 PM

Updated : 10 Sep 2026, 12:06 PM

বিকল্পধারার সিনেমার জন্য বিশ্বের মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব রেইনড্যান্স। এই চলচ্চিত্র উৎসবের ৩২তম আসরে নির্বাচিত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডেথ অ্যান্ড ল্যান্ডস্কেপ’। এটি নির্মাণ করেছেন ফুয়াদুজ্জামান ফুয়াদ। 

‘ডেথ অ্যান্ড ল্যান্ডস্কেপ’ চলচ্চিত্রের সহ-প্রযোজক মাহফুজ নাজিম মাপেল বিষয়টি নিশ্চিত করে গ্লিটজকে বলেন, “রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবের ‘শর্টস প্রোগ্রাম: লস্ট ভেঞ্চারস’ বিভাগে সিনেমাটি মনোনীত হয়েছে। আগামী ২৭ জুন ইংল্যান্ডের লন্ডন শহরে চলচ্চিত্রটির ইন্টারন্যাশনাল প্রিমিয়ার হবে। 

“প্রিমিয়ারের পরে দর্শক এবং বিচারকদের সঙ্গে সরাসরি একটি প্রশ্নোত্তর পর্ব থাকবে। সেখানে অংশ নেয়ার জন্য প্রযোজক-পরিচালকসহ টিমের অন্যদেরকে নিয়ে উৎসবে অংশগ্রহণ করার পরিকল্পনা আমাদের আছে।”  

সিনেমাটি প্রসঙ্গে তিনি বলেন, “সাত মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটিতে দেখানো হয়েছে একজন মানুষের হারিয়ে যাওয়ার গল্প। একজন ফটো সাংবাদিকের হঠাৎ হারিয়ে যাওয়ার পর তার পরিবারের দুর্দশার গল্প উঠে আসবে এই সিনেমায়।”      

চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুজানা পায়েল সুস্মিতা। ক্রিয়েটিভ কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক সাদিয়া খালিদ রীতি। 

নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন মঞ্জুরুল ইসলাম আকাশ এবং চিত্রগ্রাহক যৌথভাবে জারিফ আহমেদ ও আসিফ উদ্দিন। 

চলচ্চিত্রটির সাউন্ড ডিজাইন করেছেন শাকির আহমেদ অন্তু, ডলবি মিক্সিং রিপন নাথ এবং কালার করেছেন এন এ অনিক।  

এই উৎসবে নির্বাচিত হয়ে উচ্ছ্বসিত ফুয়াদুজ্জামান ফুয়াদ। প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, “পৃথিবীর শ্রেষ্ঠ মননশীল চলচ্চিত্র নির্মাতাদের সিনেমার পাশে বাংলাদেশের সিনেমার নাম দেখতে পারাও দারুণ আনন্দের।” 

ফুয়াদ এর আগে ‘তবে কি পলায়নই মঙ্গল?’, ‘শব্দের ভেতর ঘর’ এবং ‘স্যালভেশন অব ট্রি’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। 

চলচ্চিত্রগুলো দেশ এবং দেশের বাইরের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ও প্রশংসিত হয়েছে।