১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাজারো কণ্ঠে জাতীয় সংগীতে সোশাল মিডিয়ায় ছায়ানটের যাত্রা

বিজয়ের মাসের প্রথম দিনে এ অনুষ্ঠানের মাধ্যমে ‘জাগরণী‘ নিয়ে নিয়মিত হাজির হওয়ার কর্মসূচি শুরু করল সংগঠনটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2024, 01:54 AM

Updated : 26 Aug 2026, 11:02 AM

সংস্কৃতি শিক্ষার প্রতিষ্ঠান ছায়ানট আগেই জানিয়েছিল, বাঙালির বিজয়ের মাস ডিসেম্বরের পয়লা দিন থেকে প্রতি সকালে একযোগে ফেইসবুক, ইনস্টাগ্রাম, এক্স ও ইউটিউব চ্যানেলে একটি করে কন্টেন্ট প্রকাশ করবে।

জাতীয় সংগীতের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই যাত্রা শুরু করল সংগঠনটি। 

রোববার সকালে প্রথম কন্টেন্ট হিসেবে প্রকাশ করা হয়েছে ‘আমার সোনার বাংলা’। এর সঙ্গে গাওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানটির শেষ তিন স্তবক।

সমমনা প্রতিষ্ঠান ও সংগঠন- নালন্দা, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, কণ্ঠশীলন ও ব্রতচারীর সহযোগিতায় হাজারো মানুষ তার দৃশ্যধারণে অংশ নিয়েছেন এবং কণ্ঠ মিলিয়েছেন।

ছায়ানটের নির্বাহী সম্পাদক ডা. সারওয়ার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিন হাজারের বেশি মানুষ আমরা একসঙ্গে জাতীয় সঙ্গীত গেয়েছি।"

ছায়ানট বলেছে, গানটির ভিডিও ধারণ করা হয়েছে ঢাকার রায়েরবাজার বধ্যভূমির শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে। অডিও তৈরি করেছে ছায়ানট। চিত্রাঙ্কন করেছে নালন্দা উচ্চ বিদ্যালয়ের শিশুরা।

বিজয়ের মাসে 'জাগরণীনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে ছায়ানট

এর পরিকল্পনা করেছেন ছায়ানটের যুগ্ম সম্পাদক পার্থ তানভীর নভেদ। নির্মাণ করেছেন আমিনুল ইসলাম ও টুকু মজনিউল। সূচনার অ্যানিমেশন করেছেন সুজন চৌধুরী।

সকাল ৯টায় গানটি প্রকাশের পর রাত সাড়ে ১১টায় দেখা যায়, সাড়ে ১৪ ঘণ্টায় শুধু ছায়ানটের ফেইসবুক পেইজে গান ও ভিডিওটি ২ লাখ ৪১ হাজারের বেশি লোক দেখেছেন। সাড়ে তিন হাজারের মত শেয়ার হয়েছে। 

অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখছেন অনেকে।

হাজারো কণ্ঠে দেশের গান

বিজয়ের মাসের প্রথম দিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গানসহ নানা আয়োজন নিয়ে আসার খবর আগের দিন শনিবার সংবাদ সম্মেলনে তুলে ধরেছিল সংগঠনটি।

সেদিন বলা হয়েছিল, প্রতিদিন সকাল ৯টায় নিয়মিত নতুন কন্টেন্ট প্রকাশ করা হবে। ১ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রচার করার মত কন্টেন্ট প্রস্তুত করা হয়েছে। পুরো বিজয়ের মাসেই থাকবে দেশের গান।

এরপর জানুয়ারি থেকে অন্যান্য কন্টেন্টও প্রচার হবে। ৩৬৫ দিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকবে ছায়ানট। সঙ্গীত বিষয়ক পাঠদান, গুণি ব্যক্তিত্বদের নিয়ে কন্টেন্ট প্রচার করবে ছায়ানট।