০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

সিলেট হামের উপসর্গ নিয়ে ৯ মাস বয়সি শিশুর মৃত্যু

এ নিয়ে বিভাগে এ রোগ বা রোগের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮৩ জনে দাঁড়াল।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2026, 01:16 PM

Updated : 11 Sep 2026, 03:33 PM

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে এ রোগ বা রোগের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮৩ জনে দাঁড়াল। 

মঙ্গলবার সকাল থেকে বুধবার সকালের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় বলে জানিয়েছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম ।

মারা যাওয়া নয় মাস বয়সি তুবা সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মুসাহিদের মেয়ে।

এদিকে হাম নিয়ে বুধবার সকালের স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৭৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আগের ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন আরও ৬৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৩৮৬ জনের শরীরে হাম রোগের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

সিলেটে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭৯ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে চারজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।