১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দাদাগিরি: শো শুরুর আগে সৌরভের পরামর্শ নিলেন দেব

“‘দাদাগিরি’র টিমও নতুন কিছু চেয়েছিল এবং আমিও নতুন কিছু করতে চেয়েছিলাম। আশা করছি, দর্শকের ভালো লাগবে।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2026, 06:16 PM

Updated : 11 Sep 2026, 03:32 PM

কলকাতার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’র সঙ্গে ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম জড়িয়ে গেলেও, এবার ‘দাদার’ আসনে বসেছেন নায়ক দীপক অধিকারী দেব। 

তবে নতুন দায়িত্ব শুরুর আগে সৌরভের সঙ্গে দেখা করে পরামর্শ নিতে ভুল করেননি দেব।

আনন্দবাজার জানিয়েছে, প্রথম দিনের শোয়ের আগে দেবের কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, তিনি সৌরভের সঙ্গে দেখা করেছিলেন কী না।

দেব বলেন, “দাদার সঙ্গে কথা হয়েছে। দাদা বেশ কিছু পরামর্শ দিয়েছেন আমাকে। আমি দাদাকে ‘রিপ্লেস’ করিনি। দাদাও নতুন কিছু করতে চেয়েছিলেন। ‘দাদাগিরি’র টিমও নতুন কিছু চেয়েছিল এবং আমিও নতুন কিছু করতে চেয়েছিলাম। আশা করছি, দর্শকের ভালো লাগবে। আমি সকলের প্রত্যাশা পূর্ণ করার চেষ্টা করব।”

প্রথম দিন অতিথিদের মধ্যে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এরপর একে একে আসেন হর্ষ নেওটিয়া, শান, সুনীল ছেত্রীরা।

অভিনয়ে দীর্ঘদিন কাটিয়ে দিলেও রিয়েলিটি শোয়ে এই প্রথম সঞ্চালনায় আসলেন দেব।

এমন একটা অনুষ্ঠানের দায়িত্ব নিয়ে দেব কি দুঃশ্চিন্তায় আছেন? অভিনেতার কথায়, “যা হয় ভালোর জন্য হয়। আমিও এই সুযোগটা পেয়ে খুব খুশি। আশা করব যারা গত দশটা সিজ়ন ধরে যারা ‘দাদাগিরি’ দেখেছে, সিজ়ন ১১ যেন ততটাই ভালো বা তার থেকেও ভালো করতে পারি।“

মঞ্চে একসঙ্গে দেব ও প্রসেনজিৎকে দেখেই করতালিতে ভরিয়ে দেন অনুরাগীরা। মশাল জ্বালিয়ে প্রথম পর্বের শুটিংয়ের সূচনা হয়।

কলকাতার বেসরকারি টেলিভিশন স্টেশন জি বাংলার পর্দায় ‘দাদাগিরি’ সঞ্চালনায় প্রথম আসেন মিঠুন চক্রবর্তী। এরপর ২৮ বছর কাজ করেছেন সৌরভ। 

ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রসের ভরাডুবিতে পরিবর্তনের জোয়ার এসেছে বিনোদন দুনিয়ায়।

জি বাংলার রিয়েলিটি গেইম শো ‘দিদি নম্বর ওয়ানের’ দেড় দশক ধরে দায়িত্ব পালন করা সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছে কদিন আগে। নতুন সিজনে জনপ্রিয় এই শোয়ের সঞ্চালনার দায়িত্ব নিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

আরও পড়ুন-

'দাদাগিরি': সৌরভের বিদায়নতুন সঞ্চালক দেব বললেন, 'একটু নার্ভাস'