১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘দাদাগিরি’: সৌরভের বিদায়, নতুন সঞ্চালক দেব বললেন, ‘একটু নার্ভাস’

এত বছর ধরে যে অনুষ্ঠান সঞ্চালনা করে এসেছেন সৌরভ, তাতে দেব কী খুব বেশি চমক আনতে পারবেন?

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2026, 04:27 PM

Updated : 11 Sep 2026, 03:30 PM

কলকাতার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’র দায়িত্বে এবার দেখা যাকে নায়ক দীপক অধিকারী দেবকে। বছরের পর বছর ধরে  এই অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব সামলেছেন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। 

বেশ কিছু দিন জল্পনার পরে সঞ্চালক বদলে যাওয়ার খবর এখন নিজেই জানিয়েছেন দেব। 

‘দাদাগিরির’ দায়িত্ব নিয়েও দুঃশ্চিন্তা থেকে রেহাই মিলছে না দেবের। যার আভাস মিলেছে সোশাল মিডিয়ায় দেওয়া তার পোস্টে।

কলকাতার অলিগলিতে নতুন দেব ‘দাদাগিরি’র প্রোমো শুট করেছেন বলেও শোনা গিয়েছিল। যদিও সেসব ছবি ভিডিও গোপন রাখা হয়।  

ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের ছবির সঙ্গে দেব লিখেছেন, “একটু নার্ভাস, একটু খুশি। তবে সবকিছুর ঊর্ধ্বে প্রচণ্ড উত্তেজিত। একেবারে নতুন জার্নি শুরু করছি।”

ক্যাপশনে বেসরকারি টেলিভিশন স্টেশন জি বাংলাকে ট্যাগও করেছেন দেব। এত বছর ধরে যে অনুষ্ঠান সঞ্চালনা করে এসেছেন সৌরভ, তাতে দেব কী খুব বেশি চমক আনতে পারবেন? এমন মন্তব্য করেছেন কেউ কেউ।

‘দাদাগিরি’র জন্য কেমন লুক হবে দেবের, তা জানতেও কৌতুহল প্রকাশ করেছেন অনুরাগীরা।

কদিন আগে দেব পরিচালিত প্রথম সিনেমা ‘দেশু ৭’-এর পোস্টার প্রকাশ্যে এসেছে। 

ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রসের ভরাডুবিতে পরিবর্তনের জোয়ার এসেছে বিনোদন দুনিয়ায়।

জি বাংলার রিয়েলিটি গেইম শো ‘দিদি নম্বর ওয়ানের’ দেড় দশক ধরে দায়িত্ব পালন করা সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছে কদিন আগে। নতুন সিজনে জনপ্রিয় এই শোয়ের সঞ্চালনার দায়িত্বে আসছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।