Published : 08 Feb 2026, 07:06 PM
মানুষের ভাগ্য পরিবর্তনে ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেছেন, ‘‘১২ তারিখে বাংলাদেশে জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধিকে তারা শুধু নির্বাচন করলেই চলবে না; ১২ তারিখে নির্বাচন হতে হবে দেশ পুনর্গঠনের নির্বাচন। এই নির্বাচন হতে হবে মানুষের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন।”
রোববার বিকালে ঢাকা-১৫ আসনে মিরপুর-১০ সেনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বক্তব্য দিচ্ছিলেন তারেক রহমান।
মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপি কী করতে চায়, তার পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, “আমরা নির্বাচনি ম্যানিফেস্টোতে গতকাল সেগুলো বলেছি। আমরা দেশের নারীদের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। কীভাবে দেশের নারীদেরকে আরো ক্ষমতায়ন করা যায়।
“দেশের কৃষকদের অর্থনৈতিক মেরুদণ্ড কীভাবে শক্তিশালী করা যায়, আমরা সেই পরিকল্পনা গ্রহণ করেছি। দেশের মানুষের স্বাস্থ্যসেবা কীভাবে উন্নতি করা যায়, সেই পরিকল্পনা গ্রহণ করছি।
“দেশের তরুণ যুবক সমাজের সদস্য, যারা ছেলে হোক- মেয়ে হোক; কীভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব, আইসিটিসহ ভোকেশনাল বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউশন গঠনের মাধ্যমে করব; সেই পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরেছি।”
বিএনপি চেয়ারম্যান বলেন, “এই সকল পরিবর্তন যদি করতে হয়, এই সকল পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয়; তাহলে আমি এবং আমার দল বিএনপি আপনাদের সহযোগিতা সমর্থন ছাড়া সম্ভব নয়।
“আমি আপনাদের কাছে জানতে চাই, বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে আপনাদের সামনে তার পরিকল্পনা উপস্থাপন করেছে। কিন্তু ঢাকা-১৫ অধিবাসীর কাছে জানতে চাই আপনাদের কী পরিকল্পনা ১২ তারিখে? বলুন।”

পথসভায় হাজার হাজার নেতা-কর্মী-সমর্থকরা সমস্বরে বলে ওঠেন, ‘‘ধানের শীষ, ধানের শীষ।”
তারেক রহমান বলেন, ‘‘ইনশাল্লাহ ১২ তারিখে আপনারা আপনাদের পরিকল্পনায় সফল হলে বিএনপি পর্যায়ক্রমিকভাবে যে সকল পরিকল্পনা দেশের মানুষের জন্য গ্রহণ করেছে এবং এই এলাকার মানুষের জন্য যে সকল প্রতিশ্রুতি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, পর্যায়ক্রমে আল্লাহর ইনশাল্লাহ আমরা সেটি বাস্তবায়ন করব।
“বিএনপি সকল সময় বিশ্বাস করে যে, জনগণই হচ্ছে বিএনপির সকল ক্ষমতার উৎস। আমরা আপনাদের কাছে এমন কোনো প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বা মানুষের ক্ষমতার বাইরে। আমরা জনগণের কাছে এমন প্রতিশ্রুতি দিতে চাই, যা আমরা বাস্তবায়ন করতে পারব।”
ঢাকা-১৫ আসনের ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম মিল্টনকে পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, “আমরা শহীদদের যে প্রত্যাশিত বাংলাদেশ, সেই প্রত্যাশিত বাংলাদেশ ১২ তারিখের পরে ধানের শীষকে বিজয় করার মাধ্যমে ইনশাল্লাহ ১৩ তারিখ থেকে আমরা সেই কাজে হাত দিতে পারব।
ঢাকা-১৫ আসনে শফিকুল ইসলাম মিল্টনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
এদিন বিকাল সাড়ে ৩টায় নিজের আসন ঢাকা-১৭ এর ইসিবি চত্বরে পথসভায় বক্তব্যর মধ্য দিয়ে রাজধানীতে নির্বাচনি প্রচারণা শুরু করেন তারেক রহমান।

সেনপাড়া উচ্চ বিদ্যালয়ের আগে তারেক রহমান ঢাকা-১৬ আসনে পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লালমাঠে পথসভায় বক্তব্য রাখেন এবং দলের প্রার্থী আমিনুল হকের জন্য এলাকাবাসীর কাছে ভোট চান।
সেখানে তারেক রহমান বলেন, ‘‘এই এলাকায় জলাবদ্ধতা সমস্যা, হাসপাতালের সমস্যা রয়েছে। ইনশাল্লাহ আমরা এসব সমস্যার সমাধান করব।
“আমি আপনাদের প্রতিবেশী হিসাবে ঢাকা-১৬ আসন দেখার দায়িত্ব আমার মধ্যে পড়ে। ইনশাআল্লাহ আপনাদের সন্তান হিসেবে, আপনাদের প্রতিবেশী হিসাবে আমি আপনাদের সাথে যেমন আগেও ছিলাম ইনশআল্লাহ ভবিষ্যতেও থাকব।
“আপনারা ১২ তারিখ পর্যন্ত তাকে দেখে রাখবেন। ইনশল্লাহ আমিনুল হক জিতলে পরে ১৩ তারিখ থেকে আমিনুল এলাকার মানুষের দেখভাল করছে কি না; এই এলাকার উন্নয়নের কাজ করছে কি না, সেটি দেখার দায়িত্ব ইনশাল্লাহ আমার।”
সেনপাড়া উচ্চ বিদ্যালয়ে মাঠে সমাবেশের পর তারেক রহমান ঢাকা-১৪ আসনের দলীয় প্রার্থী সানজিদা ইসলাম তুলির জন্য মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে, ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজের জন্য শ্যামলী ক্লাব মাঠে এবং ঢাকা-১১ আসনে এম এ কাইয়ুমের জন্য বাড্ডার সাতারকুলে পথসভায় বক্তব্য রাখবেন।