Published : 10 Jun 2026, 08:36 AM
২১ বছর ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় ধরা দিয়েছে। সেই জয়কে এবার আরও বড় সাফল্যে রূপ দেওয়ার পালা। টানা তিনটি সিরিজ জয়ের পর আরেকটি জয়ের হাতছানি সামনে। প্রথম ম্যাচের নায়ক মোসাদ্দেক হোসেন বলছেন, সিরিজ জয়ের আত্মবিশ্বাস তাদের আছে।
১৫ বছর পর বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সিরিজ এটি। সেই সিরিজের শুরুতেই বড় ব্যবধানে জিতে এগিয়ে গেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডেতে জয়ের স্বাদ পেল তারা ১৫ ম্যাচ পর।
আইসিসি পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে কেবল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষেই এখনও সিরিজ জিততে পারেনি বাংলাদেশ।
প্রায় চার ছর পর দলে ফিরেই অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা হওয়া মোসাদ্দেক হোসেন অকপটেই বললেন, এবার পরের ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চান না।
“অবশ্যই ঐতিহাসিক জয়। তবে আমি বলব যে খুব ভালো একটা সুযোগ আছে আমাদের সামনে এই সিরিজটা জেতার। আমরা যদি আমাদের প্রক্রিয়ায় থাকতে পারি, অবশ্যই জেতা সম্ভব এবং আমি থেকে শুরু করে আমাদের সবার সেই বিশ্বাসটা আছে।”
বাংলাদেশকে প্রাপ্য কৃতিত্ব দিয়ে নিজেদের ঘাটতিও মেনে নিয়েছেন অ্যালেক্স কেয়ারি। এই কিপার-ব্যাটসম্যান পাশাপাশি শোনালেন ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ও।
“স্পষ্টতই সিরিজ এভাবে শুরু খুব ভালো কিছু নয়। বাংলাদেশ এবং তাদের খেলার ধরণকে সম্পূর্ণ কৃতিত্ব দিতেই হয়। গত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তানে আমরা যে পরিস্থিতিতে ছিলাম, সেখান থেকে এখানকার কন্ডিশন ভিন্ন। কিন্তু আমার মনে হয়েছে, আমরা সব দিক থেকে ঠিকঠাক খেলতে পারিনি। আমাদের ফিল্ডিং কিছুটা দুর্বল ছিল। আমাদের পেসার ও স্পিনাররা কঠোর পরিশ্রম করেছে এবং আমরা সুযোগও পেয়েছিলাম, ব্যাটিংয়ে তো একের পর এক উইকেট পড়েছে।”
“কিন্তু এটা তো একটা সিরিজ। আমাদের হাতে আরও দুটো ম্যাচ আছে এবং আশা করি এই ম্যাচটা থেকে আমরা ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারব। আমরা বেশ শান্ত আছি। দিনটা আমাদের জন্য খুব একটা ভালো ছিল না। উন্নতির অনেক সুযোগ আমাদের আছে, যা আমি মনে করি একটা ভালো দিক। এখন বৃহস্পতিবার সিরিজে ফিরে আসাটাই মূল ব্যাপার।”
সিরিজের দ্বিতীয় ম্যাচ বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।