২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শৈবাল তালুকদারের কবিতাগ্রন্থ 'একাকী বৃক্ষের গান'

"একটা অদ্ভুত বিষাদগ্রস্থতা, নস্টালজিয়া কাজ করেছে শৈবালের কবিতায়। অতীত খুঁড়ে তার দগদগে স্মৃতি খুব কোমলভাবে পাঠকের সামনে তুলে ধরেছেন।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2023, 10:38 AM

Updated : 03 Feb 2023, 10:38 AM

অমর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে শৈবাল তালুকদারের কবিতাগ্রন্থ 'একাকী বৃক্ষের গান'। 

বৃহস্পতিবার বাংলা একাডেমিতে কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে বইটির মোড়ক উন্মোচন হয়।  

অনুষ্ঠানে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, "শৈবাল তালুকদার প্রবাসে বসবাস করেন। তার দেশ ছেড়ে যাওয়ার স্মৃতি, বাংলাদেশ এবং মানুষের জীবনচিত্র আছে কবিতায়। রাজনীতি আছে, বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের গৌরবময় সেই ইতিহাস আছে। 

"সৈয়দ শামসুল হক একটা কথা বলতেন, কাগজে লেখার আগে করোটিতে লিখে নিতে হয়। শৈবালের কবিতা আমরা কাগজে যা পাই, সেগুলো অনেক দিন তিনি করোটিতে লালন করেছেন।" 

মাহজাবিন আহমদ মিমি বলেন, "একটা অদ্ভুত বিষাদগ্রস্থতা, নস্টালজিয়া কাজ করেছে শৈবালের কবিতায়। অতীত খুঁড়ে তার দগদগে স্মৃতি খুব কোমলভাবে পাঠকের সামনে তুলে ধরেছেন। কবিতায় এই কোমলতা পাঠককে মুগ্ধ করবে।"

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফরিদ কবির, ওবায়েদ আকাশ, সাকিরা পারভিন।

বইটি প্রকাশ করেছে বিদ্যাপ্রকাশ। প্রচ্ছদ এঁকেছেন মোস্তাফিজ কারিগর। মুদ্রিত মূল ২৬০ টাকা। মেলায় ২৫ শতাংশ কমিশনে পাঠক বইটি সংগ্রহ করতে পারবেন।

Image

'একাকী বৃক্ষের গান' এর প্রচ্ছদ।

শৈবাল তালুকদারের জন্ম, বেড়ে ওঠা বাংলাদেশের চট্টগ্রামে। ছোটবেলায় জাতীয় দৈনিকগুলোর কিশোর পাতায় লিখে হাতেখড়ি। প্রবাস জীবনের শুরুর দিকে বেশ কবছর যতি পড়লেও, নিয়মিত কবিতা লিখে যাচ্ছেন। দুই বাংলার বিভিন্ন লিটল ম্যাগ এবং প্রবাসেও পত্র পত্রিকায় লিখছেন তিনি। 

চুয়েট এর তড়িৎ ও ইলেকট্রনিক কৌশলে স্নাতক শৈবাল যুক্তরাষ্ট্রে কম্পিউটার সায়েন্সে এবং ফাইন্যান্স অ্যান্ড মার্কেটিংয়ে উচ্চতর পড়াশোনা করেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রেই সপরিবারে বসবাস করছেন।