২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‌্যাম্পে ঢাকায় যানজট বাড়ার শঙ্কা

স্থানীয় সরকারমন্ত্রী বলেছেন, মাঠ পর্যায়ে পরিদর্শন করে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‌্যাম্পে ঢাকায় যানজট বাড়ার শঙ্কা

তেজগাঁও থেকে মহাখালী অংশে যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠা-নামার জন্য লুপ নির্মাণ কাজের একাংশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2023, 08:43 PM

Updated : 08 May 2023, 09:52 PM

এলিভেটেড এক্সপ্রেসওয়ের কয়েকটি র‌্যাম্পের কারণে রাজধানীতে যানজট বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন।

সোমবার ঢাকা মহানগরীতে চলমান সড়ক, রেল ও নৌ পরিবহন অবকাঠামো সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে সমন্বয়ের জন্য গঠিত কমিটির সভায় নগর ‍কর্তৃপক্ষের কর্মকর্তারা এই শঙ্কার কথা জানান।

কমিটির সভাপতি স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, আসলেই তা যানজট বাড়ানোর কারণ হবে কি না, তা মাঠ পর্যায়ে পরিদর্শন করে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে হাতিরঝিলের সৌন্দর্য নষ্ট করবে বলে সভায় রাজউকের প্রতিনিধি দাবি করেন। আবার ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে বলা হয়, এক্সপ্রেসওয়ের একটি র‌্যাম্প রামপুরা খালের পানি প্রবাহও বাধাগ্রস্ত করবে।

তেজগাঁওয়ে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম, ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস, রেলপথ মন্ত্রণালয়ের সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিব, রাজউকের চেয়ারম্যান, সড়ক ও জনপথ অধিদপ্তর, ডিএমপিসহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Image

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে মতামত জানান।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেজগাঁও-মগবাজার হয়ে যাত্রাবাড়ী পেরিয়ে চিটাগাং রোডের কুতুবখালী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ চলছে।

সভার কার্যপত্র থেকে জানা গেছে, পান্থকুঞ্জ এবং পলাশীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‌্যাম্প নামানোর বিষয়ে আপত্তি জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন- ডিএসসিসি। তারা বলছে, এতে পান্থকুঞ্জ পার্ক ক্ষতিগ্রস্ত হবে। র‌্যাম্প হয়ে যানবাহন নামার কারণে পলাশী এলাকায় যানবাহনের চাপ বেড়ে যাবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন বলছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামার র‌্যাম্পের জন্য বনানীর কাকলী সিগন্যালে যানজট আরও বেড়ে যাবে।

সভার কার্যপত্র অনুযায়ী, এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৩৭ কিলোমিটার অংশ রেললাইনের উপর দিয়ে যাচ্ছে। ওই পথে ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত তৃতীয় ও চতুর্থ রেললাইন প্রকল্পেরে কাজ শুরু হওয়ার কথা। তবে এ পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রায় ৬ কিলোমিটার অংশ রেলওয়েকে বুঝিয়ে দিয়েছে। বাকি ৩১ কিলোমিটারের কাজ শেষ করে রেলওয়েকে হস্তান্তর না করায় সেখানে তৃতীয় ও চতুর্থ লাইনের কাজ শুরু করা যাচ্ছে না। ফলে প্রকল্পের মেয়াদ এবং ব্যয় বেড়ে যাচ্ছে।

রাজউক বলেছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রায় ৪১টি পিয়ার হাতিরঝিলে পড়বে। এতে হাতিরঝিলের সৌন্দর্য বিঘ্নিত হবে।

Image

বনানী ওভারপাস থেকে বিমানবন্দর অংশের কাজের চিত্র

সড়ক ও জনপথের রামপুরা-ডেমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পিয়ারগুলো রামপুরা খালের পাড় ঘেঁষে নির্মাণ করা হবে। এতে খালের পানি প্রবাহ বাধাগ্রস্ত হবে বলে আশঙ্কা করছে ডিএনসিসি।

এছাড়া ওই এক্সপ্রেসওয়ের একটি র‌্যাম্প হাতিরঝিলে নামানো হলে সেখানেও জটিলতা তৈরি হতে পারে বলে বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে ডিএনসিসি।

সভা শেষে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, এটা কমিটির প্রথম সভা। সব পক্ষের সঙ্গে আলোচনা করে অনেকগুলো বিষয়ে মতামত এবং ভিন্ন মতামতগুলো চিহ্নিত করা হয়েছে। এসব সমস্যা সমাধান করার জন্য মাঠ পর্যায়ে পরিদর্শনের প্রয়োজন আছে।

“এ বিষয়ে এখনও চুড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি। র‌্যাম্প দেওয়াটাকে আপাততভাবে আমরা মনে করি যে ট্রাফিক সলিউশনে কিছু সমস্যা দেখা দিতে পারে। কিন্তু আমরা মাঠ পর্যায়ে পরিদর্শনের পর বুঝতে পারব। আমরা বাস্তবতার ভিত্তিতে পরে সিদ্ধান্ত নেব।”