মিরপুরের মত মোহাম্মদপুরও অবৈধ হকারমুক্ত করার ঘোষণা প্রশাসকের
সেখানকার ‘৪০ ফিট’ খালও পুনরুদ্ধারের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক।
মিরপুরের মত মোহাম্মদপুরের ফুটপাতও অবৈধ হকারমুক্ত করার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
একই সঙ্গে দুর্ঘটনা কমাতে অটোরিকশা নিয়ন্ত্রণের পাশাপাশি মোহাম্মদপুরের ‘৪০ ফিট’ খাল পুনরুদ্ধারের ঘোষণা দিয়েছেন তিনি।
ডিএনসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার মোহাম্মদপুরের বসিলা উচ্চ বিদ্যালয় মাঠে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান এবং ৪০ ফিট খাল সংস্কার কার্যক্রম পরিদর্শনকালে প্রশাসক এসব কথা বলেন।
মিরপুর-১০ নম্বরের ফুটপাতে উচ্ছেদ অভিযানের প্রসঙ্গ টেনে শফিকুল ইসলাম বলেন, মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতেও অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে।
মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ৩০ সেপ্টেম্বর ফুটপাতে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ডিএনসিসি। এসময় হকারদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের সংঘর্ষ হয়। কয়েকটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
উত্তর সিটির প্রশাসক শনিবার শহরে অটোরিকশা নিয়ন্ত্রণের ওপরও জোর দেন। বলেন, অটোরিকশা এখন ঢাকা শহরের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জনগণ এখন আর ঢাকা শহরের অটোরিকশা দেখতে চায় না। প্রতিদিন এগুলো দুর্ঘটনার কারণ হচ্ছে। এ সমস্যা সমাধানে সরকার কাজ করছে।
মোহাম্মদপুরের ৪০ ফিট খালটি পুনরুদ্ধার করে নান্দনিক রূপ দেওয়ার আশা প্রকাশ করে তিনি বলেন, আগামী ৪৫ দিন পর্যন্ত এ খাল পরিষ্কারের কার্যক্রম চলবে।
ডেঙ্গুর বাহক এইডিস মশা নিয়ন্ত্রণের দাবি করে তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা খুবই কম এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশা নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনার ফলে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ এসেছে।
অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী উপস্থিত ছিলেন।
