বৈদেশিক সহায়তায় প্রতিশ্রুতিতে ধস
অর্থবছরের প্রথম পাঁচ মাসে বৈদেশিক সহায়তার ঋণ ছাড়ের পরিমাণও কমে গেছে।
চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে দাতা সংস্থাগুলোর কাছ থেকে বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি প্রাপ্তিতে ধস নেমেছে।
এ বছরের প্রথম পাঁচ মাসে মাত্র ৪৬ কোটি ১৩ লাখ ডলারের প্রতিশ্রুতি মিলেছে বলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়।
গত অর্থবছরের একই সময়ে প্রতিশ্রুতি আদায় হয়েছিল ৩৯৩ কোটি ৩৬ লাখ ডলারের। তার মানে এবার প্রতিশ্রুতি কমেছে ৮৮ শতাংশ।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এ বছর নভেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি ৩০ কোটি ডলারের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্ব ব্যাংক। আর ইউরোপ প্রতিশ্রুতি দিয়েছে ১৪ কোটি ৭৬ লাখ ডলার। এর বাইরে উল্লেখযোগ্য নতুন ঋণের প্রতিশ্রুতি পাওয়া যায়নি।
প্রতিশ্রুতির পাশাপাশি চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে বৈদেশিক সহায়তার ঋণ ছাড়ের পরিমাণ গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ কমে গেছে।
নভেম্বর পর্যন্ত সব দাতা সংস্থা ও দাতা দেশ মিলে মোট বৈদেশিক সহায়তা ছাড় করেছে ২৩৫ কোটি ৬৮ লাখ ডলার, যেখানে গত অর্থবছরে একই সময়ে এই পরিমাণ ছিল ৩০৮ কোটি ৯৪ লাখ ডলার।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সরকার নভেম্বর পর্যন্ত ঋণদাতাদের পাওনার ৮৮ কোটি ডলার পরিশোধ করেছে।
গত অর্থবছরের একই সময়ে পরিশোধ করা হয়েছিল ৮৬ কোটি ৮২ লাখ ডলার।
