২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এপ্রিলে কিছুটা কমে মূল্যস্ফীতি ৯.২৪ শতাংশ

খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি রয়েছে আগের মতোই; কমেছে খাদ্যপণ্যে আর সবশেষ মাসে গ্রামের চেয়ে শহরে মূল্যস্ফীতির চাপ ছিল বেশি।

এপ্রিলে কিছুটা কমে মূল্যস্ফীতি ৯.২৪ শতাংশ

মুদি দোকানে ক্রেতারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2023, 08:26 PM

Updated : 04 May 2023, 01:28 AM

মূল্যস্ফীতির পারদ মার্চে এক যুগের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে ওঠার পরের মাস এপ্রিলে তা সামান্য কমে আসার খবর দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

সদ্য শেষ হওয়া এপ্রিলে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ২৪ শতাংশ। এ হার গত বছরের একই মাসের তুলনায় ২ দশমিক ৯৫ শতাংশীয় পয়েন্ট বেশি। আগের বছরের এপ্রিলে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ২৯ শতাংশ।

অর্থাৎ গত বছরের এপ্রিলে যে পণ্য বা সেবা ১০০ টাকায় পাওয়া যেত সেই পণ্য বা সেবা এ বছরের এপ্রিলে পেতে ভোক্তাকে ১০৯ টাকা ২৪ পয়সা ব্যয় করতে হয়েছে।

আগের বছরের একই সময়ের চেয়ে অনেক বাড়লেও গত মার্চের চেয়ে মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে। মার্চে বাড়ার হার ছিল ৯ দশমিক ৩৩ শতাংশ।

বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ওয়েবসাইটে মূল্যস্ফীতির হালনাগাদ পরিসংখ্যান তুলে ধরা হয়।

এর আগে গত বছরের অগাস্টে মূল্যস্ফীতি এক যুগের মধ্যে সর্বোচ্চ ৯ দশমিক ৫২ শতাংশে উঠলে জনজীবন চাপ পড়ে। এরপর গত জানুয়ারি পর্যন্ত টানা পাঁচ মাস তা কমে ৮ দশমিক ৫৭ শতাংশে নেমে আসে। তবে ফেব্রুয়ারিতে তা আবার ঊর্ধ্বমুখী হয়ে ৮ দশমিক ৭৮ শতাংশে উন্নীত হয়। পরের মাস মার্চে তা ৯ দশমিক ৩৩ শতাংশ উঠলে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মূল্যস্ফীতির হার ১০ শতাংশ ছাড়িয়ে না যেতে স্রষ্টার কাছে প্রার্থনা করার কথা জানিয়েছিলেন।

পুরনো খবর:

আইএমএফের পরামর্শে মূল্যস্ফীতি হিসাবের ঝুড়িতে আরও ৩০০ পণ্য
মূল্যস্ফীতি যেন ১০% না হয়, স্রষ্টার কাছে মন্ত্রীর প্রার্থনা

গত ৪ মার্চ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এমন কথা বলেন।

তিনি বলেছিলেন, “মহান স্রষ্টার কাছে প্রার্থনা ১০ যেন না হয়। এই এপ্রিল মাসটা আমরা দেখব কী হয়।”

মন্ত্রীর সেই প্রার্থনার পরের মাসেই মূল্যস্ফীতি কিছুটা কমে এল।

চলতি ২০২২-২৩ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি ৫ দশমিক ৬ শতাংশে আটকে রাখার লক্ষ্যমাত্রার কথা জানিয়েছিল সরকার। তবে বছর শেষ হওয়ার দুই মাস আগে তা হওয়ার সম্ভাবনা কম।

বিবিএসের সবশেষ প্রতিবেদন অনুযায়ী, গত এপ্রিলে মূলত খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমে আসার প্রভাবেই সাধারণ মূল্যস্ফীতি কমেছে বলে ধারণা করা যায়। ওই মাসে খাদ্য উপখাতে মূল্যস্ফীতি হয়েছিল ৮ দশমিক ৮৪ শতাংশ। আর খাদ্য বহির্ভূত উপখাতে তা আগের মাসের মতোই অপরিবর্তিত রয়েছে ৯ দশমিক ৭২ শতাংশে।

বিবিএস বলছে, গত মাসে গ্রামীণ এলাকার চেয়ে শহরে মূল্যস্ফীতির চাপ বেশি ছিল। গ্রামে মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৯২ শতাংশ। এরমধ্যে খাদ্য উপখাতে হয়েছিল ৮ দশমিক ৭৮ শতাংশ এবং খাদ্য বর্হিভূত উপখাতে হয়েছিল ৯ দশমিক ৩৩ শতাংশ।

অন্যদিকে শহরাঞ্চলে সাধারণ মূল্যস্ফীতি হয়েছিল ৯ দশমিক ৬৮ শতাংশ। এরমধ্যে খাদ্য উপখাতে হয়েছিল ৯ দশমিক ১০ শতাংশ এবং খাদ্য বহির্ভূত উপখাতে হয়েছিল ৯ দশমিক ৯৬ শতাংশ।