৩০০ কোটি ভোক্তার বাজারের কেন্দ্র হতে পারে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি আদর্শ স্থান, বলেছেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ ৩০০ কোটি ভোক্তার একটি বড় বাজারের কেন্দ্র হতে পারে।
রোববার ওয়ার্ল্ড মার্কেটিং সামিট-২০২২ এ ভাষণে একথা বলেন তিনি। সম্মেলনে তার ভিডিও ভাষণটি প্রচার করা হয়।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের নিজস্ব বাজার রয়েছে ১৬ কোটি ৫০ লাখ মানুষের। এর পূর্বে আধা বিলিয়ন এবং উত্তরে ১ বিলিয়নের বেশি ভোক্তার বাজার রয়েছে। পশ্চিমে রয়েছে ১ বিলিয়ন ভোক্তার বাজার।
বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি আদর্শ স্থান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “আমরা সারা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি, যেখানে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে। বিশ্বের অনেক বিখ্যাত কোম্পানি এই অঞ্চলগুলোতে তাদের কারখানা স্থাপন করছে।”
প্রধানমন্ত্রী বলেন, বিপণন এমন একটি কৌশল, যা কর্মসংস্থান সৃষ্টি এবং পণ্য সহজলভ্য করার ক্ষেত্রে বিশ্ব পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাংলাদেশের অভ্যন্তরে এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সরকারের পদক্ষেপ তুলে ধরেন শেখ হাসিনা। পদ্মা সেতু উদ্বোধনের কথাও বলেন তিনি।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, শীর্ষ সম্মেলনের আলোচনা আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য একটি উন্নত বিশ্ব গঠনে সহায়তা করবে।
তিনি ওয়ার্ল্ড মার্কেটিং সামিট ২০২২এর প্রেসিডেন্ট অধ্যাপক ফিলিপ কোটলারকে এই সম্মেলনে তাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানান।
২০১২ সালে ঢাকায় অনুষ্ঠিত প্রথম ওয়ার্লড সামিট উদ্বোধনের কথা স্মরণ করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, “আমি আশা করি, ৩য় শীর্ষ সম্মেলন কোভিড-১৯ মহামারী এবং রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ এবং পরবর্তী নিষেধাজ্ঞা এবং পাল্টা নিষেধাজ্ঞার পরে বিপণনের ক্ষেত্রে চলমান চ্যালেঞ্জগুলোর উপর দৃষ্টিপাত করবে।”
এই বছরের শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য ‘স্থায়িত্বের লক্ষ্য পূরণে বিপণনে পরিবর্তন’ যথাযথ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনা বলেন, কোভিড-১৯ মহামারী, রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ এবং পরবর্তী নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার ফলে বিশ্বজুড়ে পণ্যের বাজারকে অস্থির করে তুলেছে। খাদ্য এবং তেলের দাম বেড়ে কল্পনার বাইরে চলে গেছে এবং সরবরাহ চেইন ব্যাহত হয়েছে।
“এর ফলে আমাদের মতো আমদানিনির্ভর দেশগুলো নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা মেটাতে কঠিন কাজের সম্মুখীন হচ্ছে। পাশাপাশি মুদ্রার মান পড়ে যাওয়া, উচ্চ মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক স্থবিরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।”
মানবতাকে বিপর্যয়কর পরিণতি থেকে রক্ষার স্বার্থে বিশ্বকে অবিলম্বে চলমান সংকটের সমাধান করতে হবে বলে মত দেন তিনি।
