সরকারি চাকুরেদের বোনাসেও কর
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের পাশাপাশি উৎসবসহ অন্যান্য ভাতার উপরও এখন থেকে কর কাটা হবে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের যে বাজেট প্রস্তাব করেছেন, তাতে এই ঘোষণা দিয়েছেন।
বিদ্যমান আইনে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মূল বেতন ছাড়া অন্যান্য ভাতা ও সুবিধা করমুক্ত রয়েছে।
একে ‘বৈষম্যমূলক’ উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, “এ বৈষম্য দূর করার লক্ষ্যে প্রথম পদক্ষেপ হিসেবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারীদের বেতন, বোনাস ও উৎসব ভাতার উপর একই নিয়মে কর আরোপের প্রস্তাব করছি।”
“বলে রাখা ভালো যে, অতি সত্বর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতাও বৃদ্ধির ব্যবস্থা হচ্ছে,” প্রসঙ্গক্রমে বলেন তিনি।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর প্রস্তাব বর্তমানে মন্ত্রিপরিষদে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তা যখনই অনুমোদিত হোক, তা আগামী জুলাই মাস থেকে কার্যকর হবে বলে ঘোষণা রয়েছে অর্থমন্ত্রীর।
বাজেট বক্তৃতায়ও তিনি বলেন, “আমি এই মহান সংসদে আগামী ১ জুলাই ২০১৫ তারিখ থেকে নতুন বেতন স্কেল বাস্তবায়ন শুরুর ঘোষণা দিচ্ছি।
“এক্ষেত্রে গৃহীত পদক্ষেপসমূহ পর্যায়ক্রমে বাস্তবায়ন করব। আশা করি, নতুন বেতন কাঠামো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় নির্বাহে স্বস্তি এনে দেবে।”
বাংলাদেশ বেতন ও চাকরি কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে সর্বোচ্চ ৭৫ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা মূল ধরে একটি কাঠামো সুপারিশ করেছে সচিব কমিটি, যে প্রস্তাব এখন মন্ত্রিপরিষদে।
নতুন এই বেতন কাঠামোর বাস্তবায়ন হলে প্রায় ১৩ লাখ সরকারি চাকরিজীবীর বেতন ৮৭ থেকে ১০১ শতাংশ পর্যন্ত বাড়বে।
‘সমৃদ্ধি সোপান ব্যাংক’
বেতন কমিশনের সুপারিশের আলোকে সরকারি চাকরিজীবীদের কল্যাণার্থে তাদের নিজস্ব মালিকানায় তফসিলি ব্যাংকের আদলে ‘সমৃদ্ধি সোপান ব্যাংক’ নামে একটি বাণিজ্যিক ও উন্নয়ন ব্যাংক স্থাপনের উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
প্রাথমিকভাবে ৪০০ কোটি টাকা পরিশোধিত মূলধন দিয়ে ব্যাংকটির যাত্রা শুরুর চিন্তা-ভাবনা আছে জানিয়ে মুহিত বলেন, “এ পরিশোধিত মূলধন বিদ্যমান চাকরিজীবী ও অবসরপ্রাপ্ত কর্মীদের প্রাইমারি শেয়ার দিয়ে সংগ্রহ করা হবে।”
তবে এ বিষয়ে আরও চিন্তা-ভাবনার প্রয়োজন রয়েছে বলেও বাজেট বক্তৃতায় জানান অর্থমন্ত্রী।
