পেনশন ব্যবস্থাপনায় তহবিল হচ্ছে
সরকারি চাকরিজীবীদের পেনশন ব্যবস্থাপনায় একটি পেনশন তহবিল ও ‘পেনশন ফান্ড ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট বক্তৃতার তিনি বলেন, “বর্তমানে দেশে ৫ লক্ষাধিক অবসরপ্রাপ্ত চাকরিজীবী পেনশন ভোগ করছেন।”
এ বিপুলসংখ্যক পেনশনভোগীদের পেনশন কার্যক্রম পরিচালনার জন্য কোনো সুনির্দিষ্ট কর্তৃপক্ষ বা ফান্ড নেই জানিয়ে মুহিত বলেন, “যা ভবিষ্যতে সরকারি ব্যয় ব্যবস্থাপনার ভারসাম্যে বিঘ্ন ঘটাতে পারে।”
“তাই সরকারি চাকরিজীবীদের পেনশন ব্যবস্থাপনার জন্য একটি পেনশন তহবিল ও ‘পেনশন ফান্ড ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ’ প্রতিষ্ঠা করব।”
প্রাথমিকভাবে এই কর্তৃপক্ষকে একটি নির্দিষ্ট পরিমাণ ফান্ড দেওয়া হবে বলেও সংসদে জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, এই ফান্ড থেকে পেনশন দেওয়ার পাশাপাশি বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে পেনশনভোগীদের জন্য কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করা হবে।
