২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভালো’ কথাও বলুন, দেবপ্রিয়কে লোটাস কামাল

সরকারের সমালোচনার পাশাপাশি ভালো খবরও সংবাদ মাধ্যমে তুলে ধরতে দেবপ্রিয় ভট্টাচার্যকে অনুরোধ জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2014, 10:12 PM

Updated : 13 Oct 2022, 12:13 PM

শনিবার প্রস্তাবিত বাজেটের ওপর এক অলোচনায় সাম্প্রতিক সময়ে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) কর্মকাণ্ড নিয়ে উষ্মা প্রকাশ করে মন্ত্রী বলেন, “আমাদের ২০১৪-১৫ অর্থবছরের বাজেট উচ্চাভিলাষী। তাতে ভয় পাওয়ার কিছু নেই। আমরা উচ্চাভিলাষী, আমাদের দেশের মানুষ উচ্চাভিলাষী। তাদের স্বপ্ন দেখাতে হবে, আশার কথা শোনাতে হবে।

“সিপিডিকেও আশাবাদী হতে হবে। তাদেরও মানুষকে আশার কথা বলতে হবে।”

এ সময় দেবপ্রিয় ভট্টাচার্যকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, “আমি তো ক্যামেরা ডাকলে আসে না। আপনি ডাকলে আসে। আমি আপনার মতো সুন্দর করে কথা বলতে পারি না। আপনি সুন্দর করে কথা বলতে পারেন। তাই সবাই আপনার কথায় কনভিন্সড হয়।

“আমি আশা করবো, আপনি সরকারের সমালোচনার পাশাপাশি ভালো খবরও সংবাদ মাধ্যমে তুলে ধরবেন। আশাবাদের কথা বলবেন।”

রাজধানীর লেকশো’র হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি এই আলোচনার আয়োজন করে, যার সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান অর্থনীতিবিদ রেহমান সোবহান।

‘জাতীয় বাজেট ২০১৪-১৫ পর্যালোচনা’ শীর্ষক আলোচনায় অন্যান্যের মধ্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান, সাবেক অর্থমন্ত্রী এম সাঈদুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর সালেহ উদ্দিন আহমেদ, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিনসহ প্রমুখ বক্তব্য রাখেন।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক ফাহমিদা খাতুন।

‘প্রস্তাবিত বাজেটকে অভিলাষী বাজেট’ অভিহিত করে দেবপ্রিয় ভট্টচার্য বলেন, “অভিলাষ থাকাটা কাম্য। কিন্তু অনেকেই অভিলাষকে দেশ প্রেমের সঙ্গে তুলনা করছেন, এটা ঠিক নয়। কারণ, বাজেট আর পরিকল্পনা এক নয়।”

পরিকল্পনা ও বাজেট দুইটি  ভিন্ন বিষয় উল্লেখ করে তিনি বলেন, “বাজেট তৈরি হয় বৈজ্ঞানিক ভিত্তিতে। আর পরিকল্পনার কোনো আইনী ভিত্তি নেই। কেউ কেউ অভিলাষের জায়গাকে রুপকল্পের (পরিকল্পনা) সঙ্গে মিলিয়ে ফেলেন। কিন্তু বাজেটের সঙ্গে পরিকল্পনাকে গুলিয়ে ফেললে বাজেটের উদ্দেশ্যই নষ্ট হয়ে যায়।

“গত তিন অর্থবছর দেখা গেছে, ঘাটতি বাজেট মেটাতে সরকার বৈদেশিক ঋণ বাবদ যা পাওয়ার আশা করেছিল, তা পায়নি। ফলে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে। এতে সরকারের অভ্যন্তরীণ ব্যাংক ঋণ বেড়েছে।”

দেবপ্রিয় ভট্টচার্য সিপিডির বিশেষ ফেলো। এক সময় তিনি এই সংস্থার নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেছেন। বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর তিনি সেই দায়িত্ব ছেড়ে জেনেভায় জাতিসংঘের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেন। তারপর থেকেই মোস্তাফিজুর রহমান সিপিডি’র নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন।

২০০৮ সালের ডিসেম্বরে নির্বাচনে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর তাকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়।

পরে দেশে ফিরে দেবপ্রিয়কে সিপিডি’র ‘সম্মানিত ফেলো’ (ডিস্টিংগুইশড ফেলো) করা হয়। যদিও আগে সিপিডিতে এ ধরনের কোনো পদ ছিল না।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অর্থনীতিবীদ ও বিশিষ্টজনদের সমালোচনা করে বলেন, “যারা বলছেন প্রস্তাবিত বাজেটের সঙ্গে প্রেক্ষিত পরিকল্পনা ও ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার মিল নেই, তারা সঠিক বলছেন না।

“কারণ, প্রেক্ষিত ও পাঁচশালা পরিকল্পনায় ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়া, মাথাপিছু আয় দুই হাজার ডলারে উন্নীত করা, ঝরে পড়ার হার কমানোসহ যেসব লক্ষ্যমাত্রা রয়েছে, সরকার সেসব লক্ষ্যমাত্রা ঠিকভাবেই অর্জন করে যাচ্ছে।”

মন্ত্রী অভিযোগ করে বলেন, “মানুষ ইতিহাস মনে রাখে না। সব ভুলে যায়। এজন্য এই সমস্যা। ১৯৭৩ সালে মাথাপিছু আয় ছিল ৯০ ডলার, এখন তা বেড়ে হয়েছে এক হাজার ১৯০ ডলারে। এছাড়া আগে মোবাইল ফোনের দাম ছিল এক লাখ বিশ হাজার। এখন তা কমে কত নেমে এসেছে তা সবাই জানে।”

এসব ইতিহাস ভুলে গেলে চলবে না বলেও মন্তব্য করে মুস্তফা কামাল বলেন মন্ত্রী।

প্রস্তাবিত বাজেট নিয়ে দেবপ্রিয় এবং অন্যান্যদের সমালোচনার জবাবে লোটাস কামাল বলেন, “বাজেটে জিডিপির প্রবৃদ্ধি, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে যারা উচ্চাভিলাষী বলছেন, তাদের বক্তব্য অমূলক। কারণ, সরকার গত ছয় বছর ধরে ধারাবাহিকভাবে ছয় শতাংশের ওপর প্রবৃদ্ধি অর্জন করে আসছে।

“এছাড়া রাজস্ব আদায় ৬০ হাজার কোটি টাকা থেকে বেড়ে এখন সোয়া এক লাখ কোটি টাকা আদায় হচ্ছে।”

প্রস্তাবিত বাজেটে এক লাখ ৪৯ হাজার কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিশ্ব ব্যাংক ও আইএমএফ সবসময় বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে ‘নেতিবাচক’ মন্তব্য করে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, “সেই বিশ্ব ব্যাংকই বলেছে আগামী অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ভালো হবে। বিনিয়োগ হচ্ছে না বলে যে অভিযোগ করা হচ্ছে, সেটা ঠিক নয়। গতবারের চেয়ে চলতি বছর বিনিয়োগ বেড়েছে। তবে বেসরকারি বিনিয়োগ আশানুরূপ বাড়েনি।”

আলোচনায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান বলেন, “বর্তমান সংসদে কোনও বিরোধী দল নেই। এছাড়া সরকারি দলে যারা রয়েছেন, তাদের মধ্যে বেশিরভাগই কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হয়েছেন। ফলে এসব জনপ্রতিনিধি সাধারণ জনগণের প্রতিনিধিত্ব করছেন না। বাজেট নিয়ে সংসদে গঠনমূলক আলোচনাও হচ্ছে না।”

সে কারণে অন্তর্ভূক্তিমূলক ও সবার অংশগ্রহণে আরেকটি নির্বাচন দেয়ার পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, “প্রস্তাবিত বাজেটে এক লাখ ৪৯ হাজার কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। অন্যদিকে কর অবকাশ সুবিধাসহ পণ্য আমদানিতে শুল্কও ছাড় দেওয়া হয়েছে। ফলে বিশাল পরিমাণ রাজস্ব আদায় কীভাবে হবে, তার কোনো ব্যাখ্যা বাজেটে দেওয়া হয়নি।”

এই লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী বলে মন্তব্য করেন তিনি।

রাজনৈতিক অস্থিরতা, অবকাঠামো সংকট এবং সুশাসনের অভাবের কারণে বাজেটে ঘোষিত ৭ দশমিক ৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে না বলে সংশ্রয় প্রকাশ করেন আকবর আলি খান।

আকবর আলি খানের বক্তব্যের সঙ্গে  দ্বিমত পোষণ করে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, “সরকারকে একটি পদ্ধতি অবলম্বন করে অগ্রসর হতে হয়। সেই পদ্ধতির আলোকেই বাজেট প্রণয়ন করা হয়েছে।”

প্রস্তাবিত বাজেটের ওপর ৮০ শতাংশ মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, “এই সরকার জনবান্ধব এবং গরীববান্ধব। ফলে যারা বর্তমান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন, তারা সঠিক বলছেন না। এই সরকার নির্বাচিত হয়েই ক্ষমতা গ্রহণ করেছে। সাংবিধানিকভাবেই বর্তমান সরকার বৈধ।”

জনগণের ম্যান্ডেট ও বৈধতা নিয়েই এই সরকার বাজেট তৈরি করেছে বলে জানান তিনি।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর সালেহ উদ্দিন আহমেদ বলেন, প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি সাত শতাংশের মধ্যে রাখার কথা বলা হয়েছে। এছাড়া বিনিয়োগ বাড়ানোর কথাও বলা হয়েছে। কিন্তু এসব লক্ষ্যমাত্রা কীভাবে অর্জিত হবে তার কোনো ব্যাখ্যা নেই।

শামসুল আলম বলেন, “আগের বছরগুলোর তুলনায় প্রস্তাবিত বাজেট আরও বেশি জনকল্যাণমূলক। বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। বর্তমান সরকার গত পাঁচ বছরে ৯১ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত বাজেট বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে।”

সাবেক অর্থমন্ত্রী এম সাঈদুজ্জামান বলেন, “প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায় ও এডিপির আকার উচ্চাভিলাষী। শতভাগ এডিপি বাস্তবায়ন করতে হলে বছরের প্রথম থেকেই কাজ শুরু করার পরামর্শ দেন তিনি।”