২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ বছরে রপ্তানি আয় ৭০ বিলিয়ন ডলার ছাড়াবে: মুহিত

অর্থনৈতিক উন্নয়নের বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী পাঁচ বছরে বাংলাদেশের রপ্তানি আয় ৭০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশাপ্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2014, 10:51 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

শনিবার সন্ধ্যায় রাজধানীর রূপসী বাংলা হোটেলে ফ্যাশন অন্ট্রেপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের অভিষেক অনুষ্ঠানে এই আশার বাণী শোনান মন্ত্রী।

অনুষ্ঠানে দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, সরকারি সহায়তা অব্যাহত থাকলে বর্তমানের ৩০ বিলিয়ন ডলারের রপ্তানি আয় ৫০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়া সম্ভব।

এসময় অর্থমন্ত্রী বলেন, “১৯৭০ সালে আমরা বাংলাদেশের উজ্জল ভবিষ্যৎ দেখেছিলাম। একাত্তরে ধ্বংসযজ্ঞের পর সেই ভবিষ্যৎ স্তিমিত হয়ে গিয়েছিল। এখন আবারো আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি।”

অর্থনীতির ভিত মজবুত করার ক্ষেত্রে কৃষক, শ্রমিক ও উদ্যোক্তারাই সবচেয়ে বেশি অবদান রাখছে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী।

“এ ধারা অব্যাহত থাকলে আগামী পাঁচ বছরে আমাদের রপ্তানি আয় ৭০ থেকে ৭৫ বিলিয়ন ডলারে গিয়ে ঠেকবে বলে আমার দৃঢ় বিশ্বাস।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা মেট্টোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোকেয়া আফজাল রহমান, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি হেলাল উদ্দিন ও ফ্যাশন অন্ট্রেপ্রেনারস অ্যাসোসিয়েশনের সভাপতি আজহারুল হক আজাদ বক্তব্য রাখেন।

চলতি ২০১৩-১৪ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০ দশমিক ৫ বিলিয়ন ডলার। অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) আয় হয়েছে ১৯ দশমিক ৮৩ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৪ শতাংশ বেশি।

২০১২-১৩ অর্থবছরে ২৭ দশমিক ০৩ বিলিয়ন ডলারের রপ্তানি আয় দেশে আসে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০০৮-০৯ অর্থবছরে ১৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলারের রপ্তানি আয় দেশে আসে।

২০০৯-১০ অর্থবছরে আয় হয় ১৬ দশমিক ২০ বিলিয়ন ডলার। ২০১০-১১ অর্থবছরে আয়ের পরিমাণ ছিল ২২ দশমিক ৯৩ বিলিয়ন ডলার।

২০১১-১২ অর্থবছরে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ২৪ দশমিক ২৯ বিলিয়ন ডলার।