২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কোটিপতি নই, ওডিপতি’

তৈরি পোশাক শিল্পের কর্মপরিবেশ নিয়ে সমালোচনার মধ্যে থাকা শিল্পমালিকদের নেতা আতিকুল ইসলাম তাদের ‘দুরবস্থার’ কথা তুলে ধরেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 11:07 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

রোববার বিজেএমইএ কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “ব্যাপকভাবে খরচ বাড়ার কারণে আমরা এখন আর কোটিপতি নই। সবাই ‘ওডিপতি’ হয়ে যাচ্ছি। ওডি দিয়ে খরচ চালাতে হচ্ছে।”

শিল্প প্রতিষ্ঠানের জন্য ব্যাংক থেকে নেয়া সর্বোচ্চ ছয় মাসের চলতি মূলধনের জন্য নেয়া ঋণকে ‘ওভার ড্রাফট’, সংক্ষেপে ওডি বলা হয়।

তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক এবং রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের মৃত্যুর পর বাংলাদেশের পোশাক কারখানার কর্মপরিবেশ নিয়ে ক্রেতারা অসন্তুষ্ট।

তাদের সস্তুষ্টির জন্য কারখানার পরিবেশ উন্নত করতে খরচ করতে হচ্ছে বলে শিল্পমালিকরা বলছেন, যাদের বিরুদ্ধে আবার মজুরি কম দেয়ার অভিযোগ রয়েছে পোশাক শ্রমিকদের।

আতিকুল বলেন, “তৈরি পোশাক শিল্প সত্যিকারে চাপের মধ্যে আছে। সব মালিকই কোনো না কোনোভাবে আক্রান্ত। গত চার বছরে ২১৯ শতাংশ বেতন বাড়ানো হয়েছে।

“বন্দরে কার্গো হ্যান্ডেলিং চার্জ দ্বিগুণ হয়েছে। তারা কোনো আইন মানছে না। বীমা কোম্পানিও বেপরোয়া আচরণ করছে। মনে হচ্ছে, জোর যার মল্লুক তার।”

“অ্যাকর্ড ও অ্যালায়েন্স ভবন নিয়ে আপত্তি তুলে কারখানা বন্ধ করে দিচ্ছে। আমরা অবশ্যই যথাযথ ভবনে কাজ করতে চাই। কিন্তু এজন্য সময় লাগবে,” বলেন তিনি।

কারখানা পরিবেশের উন্নয়নসহ ১৬টি শর্ত দিয়েছে ইউরোপীয় তৈরী পোশাকশিল্প ক্রেতাদের সংগঠন অ্যাকর্ড। আর মজুরি ও ট্রেড ইউনিয়নসহ বেশকিছু বিষয়ে পোশাক শিল্প মালিকরা আন্তর্জাতিক শ্রমিক সংগঠন অ্যালায়েন্সের চাপের মুখেও রয়েছেন।

দুটি সংগঠন থেকেই শর্ত পূরণ না করতে পারলে ইউরোপে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের শুল্কমুক্ত প্রবেশাধিকার বা জিএসপি সুবিধা বাতিলের হুমকিও রয়েছে।

শিল্প পার্কে পোশাক কারখানা স্থাপনের জন্য ৮০০ কোটি টাকা লাগবে জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, প্রতি বিঘা জমির জন্য ৭২ লাখ টাকা লাগবে। আবার জমির মাটি ভরাট করার কাজ আছে। এ প্রকল্পে চীন ঋণ দিচ্ছে চাচ্ছে। কিন্তু সরকারি সহযোগিতা ছাড়া তা সম্ভব না।

অনুষ্ঠানে তিনি পোশাক শিল্পে সহযোগিতার জন্য অগ্নি নিরাপত্তা যন্ত্রপাতি আমদানিতে শূন্য শুল্ক নির্ধারণ, উৎসে কর দশমিক ৮০ শতাংশ থেকে কমিয়ে দশমিক ৩০ শতাংশ করার দাবি জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এছাড়া বিজিএমইএর সাবেক কয়েকজন সভাপতি, বর্তমান পরিচালনা পর্ষদের সহ-সভাপতি, কয়েকজন কারখানা মালিকও এতে বক্তব্য দেন।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল বলেন, “আমি মনে করি পোশাক শিল্প ষড়যন্ত্রে আছে। নতুন ভবনে কারখানা স্থাপনে সময় লাগবে, এটা অ্যাকর্ড ও অ্যালায়েন্সকে বুঝতে হবে। আমরা সব পক্ষ তাদের সঙ্গে বসে আলোচনা করব। তাদেরকে বাস্তবতা বুঝতে হবে।

হঠাৎ করেই কারখানা বন্ধ না করে সমস্যা নির্ধারণ করে গুরুত্ব বিবেচনা করে পর্যায়ক্রমে তা সমাধানের উদ্যোগ নেয়ার কথা বলেন তিনি।

কারখানা মালিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, “আপনাদের মানসম্মত কারখানা তৈরি করতে হবে। শ্রমিকদের স্বার্থ দেখতে হবে। শ্রমিকদের সাথে সুসম্পর্ক রাখতে হবে।”

বিজিএমইএ'র সহ-সভাপতি নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী বলেন, “বর্তমানে তৈরি পোশাক শিল্প যে পরিস্থিতিতে পড়েছে তা থেকে এ শিল্পকে বাঁচাতে সরকার-ব্যবসায়ীদের যৌথভাবে কাজ করতে হবে।”

বিজিএমইএর আরেক সহ-সভাপতি এস এম মান্নান কচি বলেন, "শিল্পকে আন্তর্জাতিক মানের করার জন্য আমরা প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছি। কিন্তু ক্রেতারা আমাদের ওপর রাতারাতি ট্রেড ইউনিয়নসহ বিভিন্ন বিষয় চাপিয়ে দিচ্ছে। কমপ্লায়েন্সের নামে, ফায়ার সেফটির নামে অনেক কারখানা বন্ধ করে দেয়া হচ্ছে। এগুলো ষড়যন্ত্র।”

তিনি তৈরী পোশাক শিল্প পার্ক করার জন্য সরকারের সহযোগিতা চান।

সাবেক সভাপতি টিপু মুন্সী বলেন, “পোশাক শিল্প এখন ব্যাপক সঙ্কটময় সময় পার করছে। জাতীয় স্বার্থে এ শিল্পকে রাখতে সরকারকে এগিয়ে আসতে হবে।”

সাবেক আরেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, “কমপ্লায়েন্সের নামে ট্রেড ইউনিয়ন চাপিয়ে দেয়া হলে আমরা শিল্প রক্ষা করতে পারব না। দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য, সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য একটি মহল অপচেষ্টা চালাচ্ছে। সরকারকে এ বিষয়ে সতর্ক হতে হবে।”

মুক্ত আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন কারখানার মালিকরা অভিযোগ করেন, অ্যাকর্ড ও অ্যালায়েন্সের চাপের কথা বিবেচনা করে ঢাকা থেকে বেরিয়ে নতুন জায়গায় যারা কারখানা স্থাপন করতে চাচ্ছেন তারা রাজউক বা ইউনিয়ন পরিষদ থেকে ভবনের নকশার অনুমোদন পাচ্ছেন না।

অ্যাকর্ড বা অ্যালায়েন্স যা করছে, তাতে কমপক্ষে ১০ লাখ শ্রমিক বেকার হবে বলে কারখানা মালিকরা দাবি করেন।