প্রক্রিয়াজাতকরণ উন্নত হলে মাছ রপ্তানি বাড়বে: মুহিত
মাছের প্রক্রিয়াজাতকরণ পদ্ধতির উন্নয়নের মাধ্যমে এর রপ্তানি পাঁচ থেকে সাতগুণ বাড়ানো সম্ভব বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্বিতীয়বারের মতো আয়োজিত আন্তর্জাতিক ‘ডেইরি, অ্যাকুয়া অ্যান্ড পেট এনিমেল’ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।
মুহিত বলেন, “আমরা মৎস্য প্রক্রিয়াজাত করতে পারি না। অত্যন্ত খারাপভাবে এখানে মৎস্য প্রক্রিয়াজাত করা হয়। প্রক্রিয়াজাতকরণ পদ্ধতির উন্নতি হলে আমরা বর্তমানের ৬০০ মিলিয়ন ডলারের রপ্তানি আরো ৫ থেকে ৭ গুণ বাড়াতে পারি।
এখানে মৎসের ক্ষেত্রে গবেষণা ভালো হলেও গবাধিপশুর ক্ষেত্রে তা ভালো নয় বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, " গবাদিপশুর প্রজনন পদ্ধতির উন্নয়ন করতে হবে। এর জন্য বিনিয়োগ দরকার। বেসরকারি খাত থেকে করলে সরকার এ বিষয়ে সহায়তা করবে।”
তিনদিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ এনিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাম)।
সংগঠনের সভাপতি মোমির-উদ-দৌলা স্বাগত ভাষণে বলেন, বাংলাদেশের উৎপাদিত দুগ্ধজাত পণ্য দেশের চাহিদার প্রায় ২০ ভাগ সরবরাহ করে। বাকী ৮০ ভাগ চাহিদা পুরণ করা হয় বিদেশ থেকে আমদানি করা দুদ্ধজাত পণ্য দিয়ে, যাতে বছরে খরচ হয় প্রায় তিন হাজার কোটি টাকা।
তিনি জানান, দেশের ৯৫ শতাংশ গাভী প্রতিদিন গড়ে ১ থেকে ৩ লিটার দুধ দেয়, অথচ বিশ্ব মানদণ্ডে উচ্চ জাতের গাভীগুলো প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫ লিটার দুধ দেয়।
“তাই এ খাতের উন্নয়নে নজর দেওয়া প্রয়োজন। উচ্চজাতের গাভী প্রজনন এবং খাবার ও চিকিতসা সামগ্রী আমদানীর জন্য সরকারের সহায়তা দরকার।”
অনুষ্ঠানে উপস্থিত মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রী সায়েদুল হক বলেন, “দেশের হতদরিদ্র মানুষের কর্মসংস্থানের বড় একটি খাত হলো মৎস ও প্রাণীসম্পদ খাত। এখানে যদি বাজেট বরাদ্দ বাড়ানো হয় তাহলে আগামী পাঁচ বছরে দেশ থেকে মাছ রপ্তানির পরিমাণ তৈরি পোশাক খাতের সমপর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব।”
