ঋণ-আমানতের ব্যবধান কমছে
চলতি বছরের জুলাই শেষে ব্যাংকিং খাতে আমানতের প্রবৃদ্ধির তুলনায় ঋণ প্রবৃদ্ধি হয়েছে অর্ধেক।
কেন্দ্রীয় ব্যাংকের এ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, জুলাই শেষে সামগ্রিক ব্যাংক খাতে আমানত বেড়েছে প্রায় ১৭ শতাংশ। ঋণ বেড়েছে ৮ শতাংশের সামান্য বেশি।
২০১২ সালের জুলাই শেষে আমানতে প্রায় ২০ শতাংশ এবং ঋণে ১৯ শতাংশ প্রবৃদ্ধি ছিলো।
রাজনৈতিক অস্থিরতা, বেসরকারি খাতে ব্যাপক হারে বিদেশি ঋণের অনুমোদন এবং বিদ্যুৎ, গ্যাস সংযোগের অভাবে ঋণ প্রবৃদ্ধি কম হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ব্যাংক সব সময়ই ঋণ ও আমানত প্রবৃদ্ধি সমান তালে এগিয়ে নিতে ব্যাংকগুলোকে উদ্বুদ্ধ করে। তবে নানামুখী সংকটের কারণে সাম্প্রতিক সময়ে উদ্যোক্তাদের মধ্যে বিনিয়োগ প্রবণতা কমেছে।
অন্যদিকে বেসরকারি খাতে বিদেশ থেকে বিপুল পরিমাণের ঋণ অনুমোদনের ফলে দেশীয় ব্যাংকের ঋণ প্রবৃদ্ধি কমছে। চলতি বছর বেসরকারি খাতে প্রায় ১০০ কোটি ডলারের বিদেশি ঋণ অনুমোদন দেয়া হয়েছে।
এর আগে ২০১২ সালে ১৪৯ কোটি ডলার এবং ২০১১ সালে ৮২ কোটি ডলারের ঋণ অনুমোদন দেয়া হয়।
প্রতিবেদনে দেখা গেছে, জুলাই শেষে ব্যাংক খাতের ঋণ আমানত অনুপাত (অ্যাডভ্যান্স ডিপোজিট রেশিও-এডিআর) নেমে এসেছে ৭৩ দশমিক ৩৪ শতাংশে। এর এক মাস আগেও যা ছিলো ৭৩ দশমিক ৯৫ শতাংশ। আর আগের বছরের জুন শেষে এডিআর ছিলো ৭৯ দশমিক ১৫ শতাংশ।
মূলত আমানত যে হারে বেড়েছে ঋণ সে হারে না বাড়ায় ঋণ আমানতের ব্যবধান কমে আসছে। ব্যাংকগুলোর আমানতের বিপরীতে সমানভাবে ঋণ না বাড়লে মুনাফায় নেতিবাচক প্রভাব দেখা দেয়। কেননা তারা সুদ ব্যয় করে আমানত সংগ্রহ করে। সংগৃহীত আমানত থেকে ঋণ দিয়ে সুদ আয় করে।
তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি ও ইএবির সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারের শেষ বছরে রাজনৈতিক অস্থিরতা রয়েছে, সামনের দিনেও থাকবে এমন আশংকায় রয়েছেন উদ্যোক্তারা।
এছাড়া দীর্ঘ দিন ধরে বিদ্যুৎ-গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। এসব কারণে অনেক উদ্যোক্তারা ঋণ নিচ্ছেন না। এছাড়া ব্যাংক ঋণের উচ্চ সুদও ঋণ প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, জুলাই শেষে ব্যাংক খাতের মোট ঋণ রয়েছে ৪ লাখ ৪৩ হাজার ৩৬৮ কোটি টাকা। এ সময়ে আমানত দাঁড়িয়েছে ৫ লাখ ৭৮ হাজার ৩৯৭ কোটি টাকা।
