ঘাটতি মেটাতে টাকা চায় বেসিক ব্যাংক
খেলাপি ঋণ ও ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণ বাড়ার কারণে মূলধন ঘাটতি বাড়ছে বলে অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে বেসিক ব্যাংক।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলাম মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলমকে লেখা এক চিঠিতে এ তথ্য জানিয়ে মূলধন ঘাটতি মেটাতে ৩৫০ কোটি টাকা দেয়ার অনুরোধ করেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুন শেষে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত এই ব্যাংকটির মূলধন ঘাটতি ১৭২ কোটি টাকা।
কাজী ফখরুল ইসলাম চিঠিতে বলেছেন, “ঋণ বিতরণ বৃদ্ধি এবং ব্যাসেল-২ অনুযায়ী ঝুঁকিভিত্তিক সম্পদ (রিস্ক ওয়েটেড এসেট) হিসাবায়নের ফলে ব্যাংকের মোট ঝুঁকিভিত্তিক সম্পদের পরিমাণ অনেক বেড়েছে। যে কারণে মূলধনের প্রয়োজনীয়তাও বেড়েছে।”
এছাড়া খেলাপি ঋণ বেড়ে যাওয়ার কারণেও বেশি পরিমাণ নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) রাখতে গিয়ে মূলধন ঘাটতির পরিমাণ বেড়েছে বলে জানান তিনি।
খেলাপি ঋণ বিষয়ক বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ব্যাংকটির মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯২৩ কোটি ৪৭ লাখ টাকা। যা ব্যাংকটির মোট বিতরণকৃত ঋণের ৯ দশমিক ৩৮ শতাংশ। এর মধ্যে ৬১০ কোটি ৭৩ লাখ টাকার ঋণ মন্দ ও ক্ষতি পর্যায়ে চলে গেছে।
মন্দ ও ক্ষতিজনিত ঋণ বলতে বাংলাদেশ ব্যাংক বোঝায়- এসব ঋণ আর আদায়ের সম্ভাবনা নেই।
কারণ প্রতি প্রান্তিকেই ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে। গত ডিসেম্বরে বেসিক ব্যাংকের খেলাপি ঋণ ছিলো ৭০৬ কোটি টাকা। এসময় ব্যাংকটির ৭২ কোটি টাকার মূলধন উদ্বৃত্ত ছিল। মার্চে এসে খেলাপি ঋণ বেড়ে দাঁড়ায় ৮৭৮ কোটিতে আর মূলধনে উদ্বৃত্তের পরিবর্তে ১২৮ কোটি টাকার ঘাটতি সৃষ্টি হয়।
এক বছর আগেও ব্যাংকটি লাভজনক প্রতিষ্ঠান ছিল। ২০১২ সাল শেষে ব্যাংকটির হিসেবে নিট লাভ হয়েছে মাত্র ২ কোটি ৭৮ লাখ ৯০ হাজার টাকা।
তবে বাংলাদেশ ব্যাংকের হিসেবে ব্যাংকটি ঠিকমত নিরাপত্তা সঞ্চিতি রাখলে নিট লোকসান হবে ১৩৩ কোটি টাকা।
