২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটে বড় পরিবর্তন আসছে না

বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়াই পাস হচ্ছে মহাজোট সরকারের শেষ বাজেট।

আবদুর রহিম হারমাছি

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2013, 06:34 PM

Updated : 23 Aug 2022, 11:03 AM

এবারের প্রস্তাবিত বাজেটের ওপর গঠনমূলক আলোচনা না হয়ে ‘গালিগালাজ’ বেশি হয়েছে বলে দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বাজেট পাশের এক সপ্তাহ আগে রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এবারের বাজেট আলোচনার নজর বাজেটের ওপর থাকেনি। অন্য দিকে চলে গেছে। তবুও তো ভালো সংসদ কার্যকর হয়েছে।”

‘সংসদে গালিগালাজ’- এর ঘটনাকে ‘দুঃখজনক’ অভিহিত করে সাতবারের বাজেট দেয়া মুহিত বলেন, “এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে।”

গত ৬ জুন অর্থমন্ত্রী যে বাজেট প্রস্তাব জাতীয় সংসদে উপস্থাপন করেন ‘সামান্য কিছু সংযোজন বিয়োজন করে ৩০ জুন তা পাসের জন্য তোলা হবে। এর আগের দিন পাস হবে অর্থ বিল। ১ জুলাই থেকে শুরু হবে ২০১৩-১৪ অর্থবছরের নতুন বাজেট।

অর্থমন্ত্রী বলেন, “এবারের বাজেটে তেমন কোনো পরিবর্তন আসবে না। ছোটো-খাটো কিছু বিষয়ে সংযোজন-বিয়োজন আসতে পারে।”

কোন কোন বিষয়ে পরিবর্তন আসতে পারে- এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এখনো কোনো কিছু ঠিক হয়নি। সিনিয়র সংসদ সদস্যরা মতামত দেবেন। এখনো কয়েকদিন সময় আছে। মন্ত্রিসভার সদস্যরা আলোচনা করবেন। সবার মতামতের ভিত্তিতেই সংযোজন-বিয়োজনের সিদ্ধান্ত নেয়া হবে।”

এ প্রসঙ্গে মুহিত আরও বলেন, “আমি একটা গুড বাজেট দিয়েছে। সবাই আমার বাজেটকে গুড বাজেট বলেছে। এরপরও সংসদ সদস্যরা দু-একটি বিষয়ে সংশোধন আনতে বলেছেন।

“অনেক সংসদ সদস্য সঞ্চয়পত্রের মুনাফার ওপর ৫ শতাংশ উৎসে কর কেটে রাখার বিধান রহিত করতে অনুরোধ করেছেন। এ দাবিটি যৌক্তিক। দেখা যাক কী করতে পারি।”

সংবাদপত্রের প্রধান উপাদান নিউজপ্রিন্টের আমদানি শুল্ক কমানো হবে কিনা- এ প্রশ্নের উত্তরে মুহিত বলেন, “সংবাদপত্রের মালিক এবং সম্পাদকরা জোরালোভাবে এ দাবিটি উত্থাপন করেছেন। আমি তাদের বলেছি দেশীয় নিউজপ্রিন্ট শিল্পের স্বার্থ সংরক্ষণের জন্যই আমদানি শুল্ক বাড়ানো হয়েছে। তারপরও দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।

প্রস্তাবিত বাজেটে সংবাদপত্র ও প্রকাশনা শিল্পে ব্যবহত নিউজপ্রিন্টের আমদানি শুল্ক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

মুহিত বলেন, “৩০ জুন বাজেট পাশ হবে। তার আগের দিন অর্থ্যাৎ ২৯ জুন অর্থবিল পাশ হবে। অর্থবিল পাশের আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাবিত বাজেটের উপর বক্তব্য রাখবেন। তারপর আমি আমার বাজেটের উপর সমাপনী বক্তব্য দেবো এবং অর্থবিল পাশের জন্য উত্থাপন করবো।”

প্রথা অনুযায়ী অর্থমন্ত্রীর সমাপনী বক্তব্য এবং অর্থবিল পাসের আগে প্রধানমন্ত্রী তার বাজেট বক্তৃতার শেষে কিছু বিষয়ে সংশোধনী আনতে অর্থমন্ত্রীকে অনুরোধ জানান।

এরপর অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর অনুরোধ আমলে নিয়ে ওই সব বিষয়ে সংশোধনী আনার প্রস্তাব করবেন।

মুহিত বলেন, “সংসদের বাইরেও প্রস্তাবিত বাজেট নিয়ে বিভিন্ন মহল থেকে আসা সুপারিশগুলো বিচার-বিশ্লেষণ করছি। তবে এটা বলতে পারি, বড় কোনো পরিবর্তন বাজেটে হবে না।

“আমি এমন বাজেট দিয়েছি, যার বড় ধরনের কোনো পরিবর্তনের প্রয়োজন হবে না,”  বলেন তিনি।

পুরনো খবর:

ভোটের হাওয়ায় উড্ডীন মুহিতের শেষ বাজেট