ভোটের হাওয়ায় উড্ডীন মুহিতের শেষ বাজেট
ঘাটতি পূরণে ‘বাস্তব পদক্ষেপ’ না রেখে ভোটের বছরের বাজেটে বিপুল খরচের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার বিকেলে সংসদে নির্বাচনের কয়েকমাস আগে প্রস্তাব করা বাজেটে মন্ত্রী মুহিত দুই লাখ ২২ হাজার কোটি টাকা খরচের হিসাব দিয়েছেন।
বিরোধী দল বিএনপি সংসদে অনুপস্থিত থাকলেও বাজেটকে দিক-নির্দেশনাহীন বলে সমালোচনা করেছে। মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি তাদের সরকারের শেষ বাজেটকে নির্বাচন-বিলাসী বলে অভিহিত করেছে।
বিআইডিএস এর গবেষণা পরিচালক জায়েদ বখত এক প্রতিক্রিয়ায় বাজেটের সম্প্রসারণকে স্বাভাবিক বলে মন্তব্য করলেও নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে রাজস্ব আদায় নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
ভোটারদের মন যোগাতে ৮০ বছর বয়সী অর্থমন্ত্রী চোখ রেখেছেন সমাজের প্রভাবশালী অংশের ওপর। খুশি করার চেষ্টা করেছেন ব্যবসায়ী, শিল্পপতি ছাড়াও মধ্য আয়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।
সামাজিক নিরাপত্তা জালের তেমন বিস্তার না ঘটালেও প্রান্তিক মানুষের ওপর যেকোনো রকম বিরূপ প্রভাব এড়াতে বাজেট প্রস্তাব দৃশ্যমান সতর্ক।
২০১৩-১৪ অর্থবছরের বাজেট প্রস্তাবে আবুল মাল আবদুল মুহিত ব্যবসায়ী-শিল্পপতিদের সন্তুষ্ট করতে কর অবকাশ সুবিধা ২০১৫ সালের জুন পর্যন্ত বাড়িয়েছেন।
সরকারি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বেসরকারি বিনিয়োগ বাড়াতে প্রশ্ন ছাড়াই আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছেন তিনি।
আবাসনে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য নিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দিলেও মুহিত নিজেই স্বীকার করেছেন, এর সুফল আগে পাওয়া যায়নি।
স্থানীয় শিল্পের স্বার্থ রক্ষা করতে শুল্ক কাঠামো নতুন করে সাজিয়েছেন মুহিত। আওয়ামী লীগ সরকারের জন্য ‘অপয়া’ বলে পরিচিত পুঁজিবাজারের মন্দা কাটাতে ঘোষণা করা হয়েছে একগুচ্ছ প্রণোদনা।
নির্বাচনী বছরে অতি প্রয়োজনীয় কোনো পণ্যের দাম যাতে না বাড়ে সেদিকে সজাগ দৃষ্টি রেখেছেন অর্থমন্ত্রী। বরাদ্দ রেখেছেন সরকারের সবচেয়ে বড় অবকাঠামো নির্মাণের প্রতিশ্রুতি পদ্মা সেতুর জন্য। বিপুল বরাদ্দ রাখা হয়েছে যোগাযোগ খাতের জন্য।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় সংসদ অধিবেশনে ২০১৩-১৪ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী। এর ঘন্টাখানেক আগে মন্ত্রিসভা এই বাজেট অনুমোদন করে।
নির্বাচনের বছরে প্রবৃদ্ধির নিম্নগতি মনে করিয়ে দিয়ে মুহিত প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা চলতি বছরের মতো এবারও ৭ দশমিক ২ শতাংশ প্রত্যাশা করছেন। মূল্যস্ফীতির লক্ষ্য ৭ শতাংশ রাখা।
অর্থমন্ত্রী এবারো ডিজিটাল পদ্ধতিতে (পাওয়ার পয়েন্টের মাধ্যমে) বাজেট উপস্থাপন করছেন।
দুই লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকার বাজেটে এর মধ্যে উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৭২ হাজার ২৭৫ কোটি টাকা; যার ৬৫ হাজার ৮৭০ কোটি যাবে সরকারের উন্নয়ন কর্মসূচিতে (এডিপি)।
অনুন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৪৪৯ কোটি টাকা। এই ব্যয়ের বড় একটা অংশই যাবে প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন-ভাতা এবং পেনশন বাবদ।
অর্থমন্ত্রী বাজেটে আশা করছেন, নতুন অর্থবছরে রাজস্ব বাবদে সরকার পাবে এক লাখ ৬৭ হাজার ৪৪৯ কোটি টাকা।
যার মধ্যে এক লাখ ৩৬ হাজার ৯০ কোটি টাকার যোগান দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আয়কর, আমদানি শুল্ক এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে আদায় হবে এই অর্থ।
বাকি ৫ হাজার ১২৯ কোটি টাকা এনবিআর বহির্ভূত খাত থেকে এবং ২৬ হাজার ২৪০ কোটি টাকা কর বর্হিভূত আয়ের লক্ষ্যমাত্রা ধরেছেন মুহিত ।
এই হিসাবে আয় এবং ব্যয়ের মধ্যে ঘাটতি থাকছে ৫৫ হাজার ৩২ কোটি টাকা, যা জিডিপির ৪.৬ শতাংশ। তবে অনুদানসহ হিসাব করলে ঘাটতি দাঁড়াবে ৪৮ হাজার ৩৬২ কোটি টাকা, জিডিপির ৪ শতাংশ।
এই ঘাটতি মেটানো হবে বিদেশি ঋণ, সঞ্চয়পত্র বিক্রি এবং অভ্যন্তরীণ ব্যাংক ঋণ থেকে।
এই বাড়তি আয় নতুন করদাতার সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছেন মন্ত্রী। একইসঙ্গে করের আওতা বাড়ানোরও কথা বলেছেন তিনি।
এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য নির্বাচনের বছর জনগণের ওপর চাপ কমিয়ে করজালের বিস্তৃতি বাড়াতে করমুক্ত আয় সীমা বাড়ানোর পাশাপাশি ন্যূনতম কর কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে।
প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে দুই লাখ ২০ হাজার টাকা করার কথা বলা হয়েছে। চলতি বাজেটে ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা ছিল দুই লাখ টাকা।
এছাড়া নারী করদাতা এবং ৬৫ বছরের বেশি বয়সের নাগরিকদের করমুক্ত আয় দুই লাখ ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে দুই লাখ ৫০ হাজার টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। প্রতিবন্ধী করদাতাদের করমুক্ত সীমা দুই লাখ ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
বাজেটে ভ্যাট খাত থেকে সবচেয়ে বেশি রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে। এ খাত থেকে প্রায় ৫০ হাজার কোটি টাকা আসবে বলে প্রত্যাশা করেছেন মুহিত। যা চলতি বাজেটের চেয়ে সাড়ে ২৩ শতাংশ বেশি।
এই বাড়তি ভ্যাট কিভাবে কোন খাত থেকে আসবে- সে ব্যাপারে বাজেটে পরিষ্কার করে কিছু বলেননি মুহিত।
