২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিক-নির্দেশনাহীন বাজেট: বিএনপি

মহাজোট সরকারের শেষ বাজেটে ‘ভঙ্গুর’ অর্থনীতিকে তোলার কোনো দিক-নির্দেশনা নেই বলে দাবি করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 04:25 PM

Updated : 13 Oct 2022, 02:52 PM

পুরনো খবর:

বাজেটে ৭.২% প্রবৃদ্ধির আশা

তারা বলেছে, নির্বাচনকে সামনে রেখে বাজেটে অর্থনৈতিক উন্নয়নের চেয়ে রাজনৈতিক উদ্দেশ্যই বেশি প্রাধান্য পেয়েছে।

বৃহস্পতিবার অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবের পর সংসদ ভবনের মিডিয়া সেন্টারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও এম কে আনোয়ার প্রতিক্রিয়া জানান।

সংসদ অধিবেশনে যোগ দিলেও বাজেট উপস্থাপন বর্জন করেন বিএনপিসহ বিরোধী সংসদ সদস্যরা।

এম কে আনোয়ার বলেন, “অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় আত্মতুষ্টি-গুনগান আছে, কিন্তু জাতির আশা-আকাঙ্ক্ষা ও সমস্যা সমাধানে কোনো দিক-নির্দেশনা নেই।”

২০১৩-১৪ অর্থবছরের জন্য ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী, যাতে আয় এবং ব্যয়ের মধ্যে ঘাটতি থাকছে ৫৫ হাজার ৩২ কোটি টাকা।

বাজেটের আকারকে উচ্চাভিলাষী মনে করছেন না সাবেক আমলা এম কে আনোয়ার। তবে বাস্তবতার সঙ্গে এর মিল নেই বলে দাবি করেন তিনি।

“প্রবৃদ্ধি কমে গেছে, ভর্তুকিও কমানো হয়েছে। বৈদেশিক ঋণের প্রবাহ বৃদ্ধি করা হলেও কোন খাত থেকে ঋণ আসবে, তার কোনো হিসাব দেয়া হয়নি। সার্বিক অর্থনীতির যে চিত্র অর্থমন্ত্রী দেখিয়েছেন, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।”

মওদুদ বলেন, “এই বাজেট একটি বড় আকারের সুন্দর বেলুন। আমরা মনে করি, আগামী নির্বাচনকে সামনে রেখে অর্থনৈতিক উন্নয়নের চেয়ে রাজনৈতিক উদ্দেশ্যে এই বাজেট দেয়া হয়েছে।”

অধিবেশন কক্ষে না যাওয়া বিএনপির সংসদ সদস্যরা সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে টেলিভিশনে অর্থমন্ত্রীর বাজেট বক্তব্য শোনেন। এরপর তারা সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান।

সাবেক অর্থ সচিব আনোয়ার বলেন, “কালো টাকার সাদা করার অবারিত সুযোগ দিয়ে সরকার অনৈতিক কাজ করেছে। এর ফলে সৎ মানুষকে কর প্রদানে নিরুৎসাহিত করা হবে বলে আমরা মনে করি।”

বিএনপির আমলে কালো টাকা সাদা করার সুযোগ দেয়ার বিষয়ে তিনি বলেন, “তখন তা নির্দিষ্ট খাতে বিনিয়োগ করার নির্দেশনা ছিল। কিন্তু প্রস্তাবিত বাজেটে কালো টাকার মালিকদের যে  কোনো খাতে তাদের কালো অর্থ বিনিয়োগের সুযোগ দেয়া হয়েছে।”

এ বিষয়ে মওদুদ বলেন, “আমার ধারণা, গত সাড়ে ৪ বছরের দুর্নীতির মাধ্যমে যে অর্থের সম্ভার ক্ষমতাসীনরা ঘটিয়েছে, তা বৈধ করার জন্যই এবার বাজেটে অবারিত সুযোগ দেয়া হয়েছে।

ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও সরকার সমর্থক ব্যবসায়ীদের ‘চাপে’ সরকার এই সুযোগ দিয়েছে বলে দাবি করেন তিনি।

প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার বিষয়ে আনোয়ার বলেন, চলতি বছরে প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ দশমিক ২ ভাগ। পরিসংখ্যান ব্যুরো বলেছে, ৬ দশমিক ০৩ ভাগ। বেসরকারি প্রতিষ্ঠান উন্নয়ন সমুন্নয় বলেছে, ৫ দশমিক ৭ ভাগ। বিশ্ব ব্যাংক ও এডিবিসহ অন্যান্য দাতা সংস্থা বলেছে, এই প্রবৃদ্ধি হবে ৬ এর বেশি নয়।

“কিন্তু আমাদের অর্থমন্ত্রী এই প্রবৃদ্ধি ৬ দশমিক ৩ ভাগ বানিয়েই ছাড়বেন,” বলেন তিনি।

অভ্যন্তরীণ ঋণ প্রবাহ সম্পর্কে বিএনপি নেতা বলেন, “প্রস্তাবিত বাজেটে এই ঋণ নেয়ার পরিমাণ কম উল্লেখ করে অর্থমন্ত্রী জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। চলতি বছরে ২৩ হাজার কোটি টাকা ঋণ নেয়ার কথা বলা হলেও নেয়া হয়েছে ২৮ হাজার ৮০০ কোটি টাকা।”

সরকারের ঋণ নেয়ার পরিমাণ বেড়ে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়নে বিরূপ প্রভাব  ফেলবে বলে আশঙ্কা করেন তিনি।

আর্থিক খাতে অব্যবস্থাপনার কথা তুলে ধরে আনোয়ার বলেন, জাতীয় সঞ্চয় প্রকল্প ঋণের সুদের হার কমিয়ে সরকার নিজের হাতে এই প্রকল্পটিকে হত্যা করেছে। এর ফলে মানুষ সঞ্চয়পত্র না কিনে ব্যাংকে তার অর্থ জমা রাখতে বাধ্য হচ্ছে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও সরকার সফল হবে না বলে মনে করেন তিনি।

বাজেটের কলেবর সম্পর্কে আনোয়ার বলেন, “চাহিদার তুলনায় উচ্চাভিলাষী বলবো না। তবে সরকারের প্রশাসনিক অব্যবস্থাপনা ও অর্থনীতি যেখানে অর্থনীতিবিদদের ভাষায় রানা প্লাজার মতো অবস্থায় দাঁড়িয়েছে, সেখানে এই বিশাল বাজেট বাস্তবায়ন সম্ভব হবে না।”

আয়-ব্যয়ের ভারসাম্যহীনতা জনগণের ওপর ঋণের বোঝা বাড়াবে বলেও তার আশঙ্কা।

পদ্মাসেতু প্রকল্পে অর্থ বরাদ্দের সমালোচনা করে এম কে আনোয়ার বলেন, “রাজনৈতিক জেদ হিসেবে সরকার এই অর্থ বরাদ্দ করেছে। এর ফলে সাবির্ক অর্থনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সামাজিক নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য, সমাজকল্যাণ খাতে এর বিরূপ প্রভাব পড়বে।”

বাজেট নিয়ে বিএনপির এই প্রেস ব্রিফিংয়ে আরো ছিলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মাহবুবউদ্দিন খোকন, জয়নাল আবদীন (ভিপি জয়নাল), জাফরুল ইসলাম চৌধুরী, রেহানা আখতার রানু, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, নাজিম উদ্দিন আহমেদ, জেড আই এম মোস্তফা আলী(মুকুল)।