বাজেটে ৭.২% প্রবৃদ্ধির আশা
প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ ধরে নির্বাচনী বছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, যাতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বেসরকারি বিনিয়োগ পরিস্থিতি উন্নতির চ্যালেঞ্জের সঙ্গে রাজনৈতিক চাপ সমন্বয়ের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় সংসদ অধিবেশনে ২০১৩-১৪ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী। এর ঘণ্টাখানেক আগে মন্ত্রিসভা এই বাজেট অনুমোদন করে।
মহাজোট সরকারের শেষ বাজেট অধিবেশনে বিরোধী দল সংসদে থাকলেও বাজেট উপস্থাপনের দিন যে তারা আসবে না, বুধবারই তা জানিয়ে দেয়া হয়েছিল। এই সরকারের আগের চার বাজেট উপস্থাপনের দিনও সংসদে অনুপস্থিত ছিল বিএনপি।
অর্থমন্ত্রী মুহিত এবারো ডিজিটাল পদ্ধতিতে (পাওয়ার পয়েন্টের মাধ্যমে) বাজেট উপস্থাপন করছেন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনতুষ্টির সব ব্যবস্থাই রাখার চেষ্টা আছে দুই লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকার এই বাজেটে।
এর মধ্যে উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৭২ হাজার ২৭৫ কোটি টাকা; যার ৬৫ হাজার ৮৭০ কোটি যাবে সরকারের উন্নয়ন কর্মসূচিতে (এডিপি)।
এবার অনুন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৪৪৯ কোটি টাকা। এই ব্যয়ের বড় একটা অংশই যাবে প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন-ভাতা এবং পেনশন বাবদ। এর সঙ্গে বিদেশি ঋণের পুঞ্জীভূত সুদ মেটানোর দায়ও রয়েছে।
অর্থমন্ত্রী বাজেটে আশা করছেন, নতুন অর্থবছরে রাজস্ব বাবাদে সরকার পাবে এক লাখ ৬৭ হাজার ৪৪৯ কোটি টাকা।
বাকি ৫ হাজার ১২৯ কোটি টাকা এনবিআর বহির্ভূত খাত থেকে এবং ২৬ হাজার ২৪০ কোটি টাকা কর বর্হিভূত আয়ের লক্ষ্যমাত্রা ধরেছেন মুহিত ।
এই হিসাবে আয় এবং ব্যয়ের মধ্যে ঘাটতি থাকছে ৫৫ হাজার ৩২ কোটি টাকা, যা জিডিপির ৪.৬ শতাংশ। তবে অনুদানসহ হিসাব করলে ঘাটতি দাঁড়াবে ৪৮ হাজার ৩৬২ কোটি টাকা, জিডিপির ৪ শতাংশ।
এই ঘাটতি মেটানো হবে বিদেশি ঋণ, সঞ্চয়পত্র বিক্রি এবং অভ্যন্তরীণ ব্যাংক ঋণ থেকে।
বাজেটে বৈদেশিক ঋণের প্রাক্কলন করা হয়েছে ২৩ হাজার ৭২৯ কোটি টাকা। অভ্যন্তরীণ খাত থেকে ৩৩ হাজার ৯৬৪ কোটির মধ্যে ব্যাংক থেকে ধার করার লক্ষ্য ঠিক করা হয়েছে ২৫ হাজার ৯৯৩ কোটি টাকা।
এছাড়া ব্যাংক বহির্ভূত উৎস থেকে ৭ হাজার ৯৭১ কোটি টাকা এবং জাতয়ি সঞ্চয়পত্র থেকে ৪ হাজার ৯৭১ কোটি টাকা আসবে বলে আশা করছেন অর্থমন্ত্রী।
মহাজোট সরকারের শেষ বাজেট দেয়ার প্রস্তুতি সম্পর্কে এর আগে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “আমার শেষ বাজেটের প্রধান লক্ষ্য হচ্ছে হাই গ্রোথ অ্যান্ড হাই ইনভেস্টমেন্ট। অর্থ্যাৎ বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে উচ্চ প্রবৃদ্ধি অর্জনই এবারের বাজেটের দর্শন।”
নতুন বাজেটে সরকারি ও বেসরকারি উভয় খাতেই বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ রয়েছে। পাশাপাশি বিদ্যুৎ-জ্বালানি ও অবকাঠামো খাতের জন্যও উদ্যোগের কথা আছে।
অর্থমন্ত্রী এরইমধ্যে জানিয়েছেন, এ নিয়ে মোট সপ্তমবারের মতো সংসদে বাজেট উপস্থাপন করছেন তিনি। আর এটিই হচ্ছে তার ‘জীবনের শেষ’ বাজেট।
“সিদ্ধান্ত নিয়েছি আগামী নির্বাচনে অংশ নেব। কিন্তু মন্ত্রী হব না।”
স্বাধীনতার পর ১৯৭২-৭৩ সালে প্রথম বাজেটের আকার ছিল আটশ কোটি টাকা। চার দশক পর এখন তা প্রায় সোয়া দুই লাখ কোটি টাকা, যা প্রায় তিনশ’ গুণ বেশি।
মহাজোট সরকারের প্রথম বাজেটের আকার ছিলো ১ লাখ ১৩ হাজার কোটি টাকা। শেষ বাজেটে তা বেড়ে দ্বিগুণ হচ্ছে।
