২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের বছরে মুহিতের শেষ বাজেট

জীবনের শেষ বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বেসরকারি বিনিয়োগ পরিস্থিতি উন্নতির চ্যালেঞ্জের সঙ্গে নির্বাচনী বছরের রাজনৈতিক চাপ সমন্বয়ের ছক নিয়ে বৃহস্পতিবার সংসদে দাঁড়াবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আবদুর রহিম হারমাছি

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2013, 07:07 PM

Updated : 25 Apr 2022, 06:49 PM

এই মেয়াদে মহাজোট সরকারের শেষ বাজেট বিকালে উপস্থাপন করবেন তিনি। অধিবেশনে থাকলেও বিরোধী দল বাজেট প্রস্তাবের সময় সংসদে থাকবে না বলে জানিয়েছে। এই সরকারের আগের চার বাজেট উপস্থাপনের দিনও সংসদে অনুপস্থিত ছিল বিএনপি।

মহাজোট সরকারের আমলে মাত্র একবার বাজেট অধিবেশনে যোগ দিয়েছিলো বিএনপি। তাও একদিনের জন্য; ২০১০ সালের ২ জুন। বাজেট উপস্থাপনের সময় বিরোধী দল সংসদে ছিল না। 

এবারো ডিজিটাল পদ্ধতিতে (পাওয়ার পয়েন্টের মাধ্যমে) বাজেট উপস্থাপন করা হবে।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনতুষ্টির সব ব্যবস্থাই রাখার চেষ্টা আছে দুই লাখ ২৫ হাজার কোটি টাকার সম্ভাব্য বাজেটে। তবে কোনোভাবেই একে উচ্চাভিলাষী কিংবা বাস্তবায়নের অযোগ্য বলতে নারাজ অর্থমন্ত্রী। নতুন করের বোঝা না চাপিয়ে বরং ব্যক্তি আয়ের করমুক্ত সীমা আরেকটু বাড়াচ্ছেন মুহিত। থাকতে পারে জরিমানাসহ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগও।

মহাজোট সরকারের শেষ বাজেট দেয়ার প্রস্তুতি নেয়া মুহিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার শেষ বাজেটের প্রধান লক্ষ্য হচ্ছে হাই গ্রোথ অ্যান্ড হাই ইনভেস্টমেন্ট। অর্থ্যাৎ বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে উচ্চ প্রবৃদ্ধি অর্জনই এবারের বাজেটের দর্শন।”

বিনিয়োগ প্রসঙ্গে মুহিত বলেন, “আমি বার বার বলে এসেছি, আমাদের অর্থনীতির প্রধান সমস্যা হচ্ছে বিনিয়োগ। চলতি বাজেটে আমরা ৩০ শতাংশ বিনিয়োগ বাড়াতে চেয়েছিলাম। কিন্তু পারিনি। এবার সে লক্ষ্যকে সামনে রেখেই বিনিয়োগবান্ধব বাজেট দেবো।”

বেসরকারি খাতে বিনিয়োগে স্থবিরতার কথা স্বীকার করলেও সরকারি বিনিয়োগ বৃদ্ধির দিকটি তুলে ধরেন তিনি।

নতুন বাজেটে সরকারি ও বেসরকারি উভয় খাতেই বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেয়া হবে বলে জানান অর্থমন্ত্রী।

এ জন্য নতুন বাজেটে বিদ্যুৎ-জ্বালানি ও অবকাঠামো খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি নানা পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।

সংসদে ২০১৩-১৪ অর্থবছরের বাজেট উপস্থাপনের দুই দিন আগে মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে মুহিত বলেন, “এটি হবে আমার সপ্তম বাজেট। আগে ছয়টি বাজেট দিয়েছিলাম। তার মধ্যে দুটি ছিল মিলিটারি সরকারের সময়ে।”

“এবারের বাজেট হবে আমার জীবনের শেষ বাজেট। সিদ্ধান্ত নিয়েছি আগামী নির্বাচনে অংশ নেবো। কিন্তু মন্ত্রী হবো না।”

আকার কিংবা বৈশিষ্ট্যগত দিক, যে কোনো বিচারে ২০১৩-১৪ অর্থবছরের বাজেট বিশেষ মনোযোগের দাবীদার। স্বাধীনতার পর ১৯৭২-৭৩ সালে প্রথম বাজেটের আকার ছিলো আটশ কোটি টাকা। চার দশক পর এখন দুই লাখ ২৫ হাজার কোটি টাকা, যা প্রায় তিনশ’ গুন বেশি।

এই সরকারের প্রথম বাজেট এক লাখ ১৩ হাজার ৮১৯ কোটির সঙ্গে আসন্ন বাজেটের আকার তুলনা করলেই আকারের পরিবর্তন দৃশ্যমান। এবার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ১ লাখ ৬৭ হাজার ৪৬০ কোটি। যা মহাজোট সরকারের প্রথম বাজেটের (২০০৯-১০ অর্থবছর) পুরো বাজেটের চেয়েও অনেক বেশি।

নতুন বাজেটের আকার কেমন হবে- জানতে চাইলে মুহিত বলেন, “একুরেট ফিগার আমি আজ বলবো না, ৬ জুন বলবো। তবে এটা বলতে পারি, আকার ২ লাখ ২৫ হাজার কোটি টাকার কিছু কম বা বেশি হবে।”

মহাজোট সরকারের প্রথম বাজেটের আকার ছিলো ১ লাখ ১৩ হাজার কোটি টাকা। শেষ বাজেটে তা বেড়ে দ্বিগুণ হচ্ছে। বাজেটের আকারের বিশালত্বকে অনেকে সাহসী বলছেন।

এত ‘সাহস’ আপনি কেমন করে পেলেন- এই প্রশ্নের উত্তরে ইংরেজি সাহিত্যের ছাত্র মুহিত বলেন, “আমি উচ্চাভিলাষী মানুষ, আমার সরকারও উচ্চাভিলাষী। আর সেখান থেকেই আমি এত সাহস পেয়েছি।”

“তবে আমি আবারও বলছি আমি যে বাজেট দিচ্ছি তা কোনোভাবেই উচ্চাভিলাষী নয়। দেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে এই বাজেট।”

আয়-ব্যয়ের হিসাবে আপাত দৃষ্টিতে বেশ ফারাক মনে হলেও রাজস্ব আয় বাড়ানোর সচেতনতা দেখিয়েছেন অর্থমন্ত্রী। উন্নয়ন ব্যয় বাড়িয়ে করেছেন ৭৩ হাজার ৯৮৪ কোটি টাকা। আদতে বার্ষিক উন্নয়ন কর্মসূচী এডিপি ৬৫ হাজার ৮৭০ কোটি টাকা। কিন্তু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ৮ হাজার ১১৩ কোটি টাকা যোগ করায় মাত্র ৬ বছর আগে ২০০৮-০৯ অর্থবছরের বাজেট ৭৯ হাজার ৬০০ কোটির প্রায় সমান হয়ে গেছে এডিপির আকার।

অনুন্নয়ন ব্যয়ের আকার ১ লাখ ৫১ হাজার কোটি টাকা। এই ব্যয়ের বড় একটা অংশই যাবে প্রজাতন্ত্রের চাকুরেদের বেতন-ভাতা এবং পেনশন বাবদ। বিদেশী ঋণের পুঞ্জীভূত সুদ মেটানোর দায়ও কমনা। প্রতিরক্ষা এবং বিবিধ ব্যয় নামে অনুচ্চ কিছু ব্যয়ের খাত তো আছেই।

আয়ের উৎস সেই জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এক লাখ ৬৭ হাজার টাকার মধ্যে এক লাখ ৩৬ হাজার কোটি টাকাই আসবে আয়কর, আমদানী শুল্ক এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে। বাকি ৫ হাজার ১২৯ কোটি এনবিআর বহির্ভূত খাত থেকে, আর কর বর্হিভূত আয় ২৬ হাজার ২৪০ কোটি টাকা।

রাজস্ব আদায় পরিস্থিতি নিয়ে অনেকেটাই সন্তুষ্টি ঝরলো তার কথায়- “আমরা যখন দায়িত্ব নিই, তখন ট্যাক্স জিডিপি অনুপাত ছিল ৯। বর্তমানে তা বেড়ে ১৪ তে দাঁড়িয়েছে।”

মহাজোট সরকারের সময়ে রাজস্ব প্রশাসনে ব্যাপক সংস্কার আনা হয়েছে বলেই তার সুফল মিলেছে বলে মনে করেন মুহিত।

আবাসন খাত এবং শেয়ার বাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে বাজেটে। ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা ১ লাখ ৮০ হাজার থেকে বাড়িয়ে দুই লাখ বা দুই লাখ ২০ হাজার টাকা করা হচ্ছে। নারী এবং বয়স্ক নাগরিকদের জন্য এই সীমা ধরা হয়েছে আড়াই লাখ টাকা। কর অবকাশ সুবিধা পেতো এমন সব খাতের জন্য তা বহাল রাখা হচ্ছে ২০১৫ সাল পর্যন্ত।

কালো টাকা সাদা করার সুযোগ দেয়ার ক্ষেত্রে চাপ আছে কি না- এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ইয়েস, এক্ষেত্রে চাপ ছিলো, আছে। তবে নির্ধারিত করের সঙ্গে জরিমানা দিয়ে কালো টাকা যে কোনো সময় সাদা করা যাবে- চলতি বাজেটেই আমরা সে সুযোগ করে দিয়েছি।”

“আবাসন খাত এবং শেয়ারবাজারেও জরিমানা দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার চাপ আছে।কিন্তু বাজেটে কি হবে তা আমি এই মূহুর্তে বলবো না,” বলেন মুহিত।

আয় এবং ব্যয়ের মধ্যে বাজেটে ঘাটতি ৫৬ হাজার কোটি টাকা। এই ঘাটতি ঘাটতি মেটানো হবে বিদেশী ঋণ, সঞ্চয়পত্র বিক্রি এবং অভ্যন্তরীণ ব্যাংক ঋণ থেকে। উন্নয়ন সহযোগীদের সঙ্গে যে কোনো সময়ের চেয়ে সম্পর্ক ভালো দাবী করে বৈদেশিক ঋণের প্রাক্কলন করা হয়েছে ২১ হাজার ১১০ কোটি টাকা। অভ্যন্তরীণ খাত থেকে ৩৫ হাজার ১৮০ কোটির মধ্যে ব্যাংক থেকে ধার করার লক্ষ্য ঠিক করা হয়েছে ২৮ হাজার ৫৭০ কোটি টাকা। বাকি অর্থ নেওয়া হবে সঞ্চয়পত্র বিক্রি করে।

সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিনিয়োগে নতুন কর্মসূচি না থাকলেও উপকারভোগীর সংখ্যা বাড়ানো হয়েছে প্রায় ১০ ভাগ। সাত জেলার জন্য বাজেট ঘোষণা করে প্রতিশ্রুতিও রাখছেন অর্থমন্ত্রী। বিদ্যুৎ ও গ্যাস উৎপাদনে দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটা দলিল থাকছে বাজেট বক্তৃতার সাথে। বিশেষ করে এ যাবত কালে কতোটা বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে এবং কোনটার কী অবস্থা তার একটা হালনাগাদ চিত্র দিচ্ছেন অর্থমন্ত্রী। সরকারের শেষ বছর বলে সাফল্য-ব্যর্থতার একটা মূল্যায়নও থাকছে বক্তৃতায়।

মুহিত বলেন, “আমরা বিদ্যুৎ খাতে যে বিনিয়োগ করেছি তাতে আমরা যদি ক্ষমতায় না আসি অন্য সরকার তা বন্ধ করতে পারবে না। আমি জোর দিয়ে বলছি ২০১৬ সালের পর দেশে আর কোনো বিদ্যুৎ সংকট থাকবে না। আমরা সে ব্যবস্থাই করেছি।”

জেলা বাজেট প্রসঙ্গে সাবেক এই সরকারি কর্মকর্তা বলেন, “বাজেটে আমি টাঙ্গাইল জেলার পূর্ণাঙ্গ বাজেট দেবো। আরও ছয়টি জেলার বাজেট সেপ্টেম্বরের মধ্যে দেয়া হবে।”

বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে অর্থমন্ত্রী এটা ৭ শতাংশের মধ্যে রাখার লক্ষ্য ঠিক করেছেন। মোট দেশজ উৎপাদনে প্রবৃদ্ধি নিয়ে যাওয়ার আশাও ৭ শতাংশের ওপরে; ৭ দশমিক ২ শতাংশে।

চলতি অর্থবছরের বাজেটে গড় মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশের মধ্যে রাখার ঘোষণা দেয়া হয়েছিল। আর জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭ দশমিক ২ শতাংশ।

চলতি অর্থবছরে পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ৬ দশমিক শূন্য ৩ ভাগ জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কেনো সঠিক নয়- তারও ব্যাখ্যা দিয়েছেন আবুল মাল আবদুল মুহিত। মন্ত্রীর আশাবাদ, শেষ পর্যন্ত জিডিপি প্রবৃদ্ধি কোনোভাবেই ৬ দশমিক ৩ ভাগের কম হবেনা।

মুহিত বলেন, “বিবিএস নয় মাসের (মার্চ পর্যন্ত) হিসাব ধরে ২০১২-১৩ অর্থবছরের ৬ দশমিক শূন্য ৩ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। ভূট্টাসহ অনেক কিছুই হিসাবে ধরেনি বিবিএস। আমার বিশ্বাস, চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৩ শতাংশ থেকে ৬ দশমিক ৮ শতাংশের মধ্যে থাকবে।”

পুরনো খবর:

লক্ষ্য বিনিয়োগ বাড়িয়ে উচ্চ প্রবৃদ্ধি: অর্থমন্ত্রী
সেনা সরকারে মন্ত্রী হওয়ার দুঃখবোধ ঘুচেছে: মুহিত