২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা সরকারে মন্ত্রী হওয়ার দুঃখবোধ ঘুচেছে: মুহিত

মহাজোট সরকারের হয়ে পঞ্চম বাজেট দেয়ার প্রস্তুতি নেয়া আবুল মাল আবদুল মুহিতের তার আগেও দুটি বাজেট দেয়ার অভিজ্ঞতা রয়েছে।

আবদুর রহিম হারমাছি

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2013, 05:56 PM

Updated : 13 Oct 2022, 02:52 PM

পুরনো খবর:

লক্ষ্য বিনিয়োগ বাড়িয়ে উচ্চ প্রবৃদ্ধি: অর্থমন্ত্রী

প্রায় তিন দশক আগে এইচ এম এরশাদের সামরিক সরকারের সময়ে ওই দুটি বাজেট দেয়া নিয়ে দুঃখবোধ রয়েছে তার মনে।

তার তাই নির্বাচিত একটি সরকারের হয়ে পঞ্চমবার বাজেট উপস্থাপন সেই দুঃখবোধ কাটানোর অনুষঙ্গ হিসেবে নিয়েছেন মুহিত।

জাতীয় সংসদে ২০১৩-১৪ অর্থবছরের বাজেট উপস্থাপনের দুই দিন আগে মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেয়া অর্থমন্ত্রীর এক সাক্ষাৎকারে অর্থনীতির পাশাপাশি রাজনীতির দিকটিও উঠে আসে।

মুহিত বলেন, “আমি সামরিক সরকারের মন্ত্রী ছিলাম। তা নিয়ে আমার দুঃখবোধ, এক ধরনের শরম ছিলো।

“গণতান্ত্রিক সরকারের চারটি সফল বাজেট দিয়েছি, আরো একটি দিচ্ছি। এর মধ্য দিয়ে আমি আমার সেই অপবাদ ঘোচাতে পেরেছি বলে মনে করি।”

সামরিক সরকারের অংশ হওয়ার ওই অপবাদ কাটাতেই আওয়ামী লীগে যোগ দেয়া বলে জানান অশীতিপর মুহিত।

“শেখ হাসিনার অনুরোধে ২০০১ সালে আমি আওয়ামী লীগে যোগ দিই। জাতীয় নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হই। এর আগে ১৯৯৩ সালে ছয় মাস কামাল হোসেনের সঙ্গে গণফোরামে যুক্ত ছিলাম।”

“আমার মনে আছে, ২০০০ সালের ২ অগাস্ট আমি যখন আওয়ামী লীগে যোগ দেয়া নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যাই, তখন সেখানে শেখ রেহানাও ছিলেন।”

২০০১ সালে এম সাইফুর রহমানের কাছে হারলেও ২০০৮ সালে তাকে হারিয়েই সিলেট-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মুহিত। এরপর শেখ হাসিনার সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব নেন তিনি।

অনেকটা ‘আনকোরাদের’ নিয়ে গঠিত মন্ত্রিসভার বয়ঃজ্যেষ্ঠ ও অভিজ্ঞ সদস্য মুহিত মন্ত্রিত্বের এই সাড়ে চার বছর শেখ হাসিনার সঙ্গে কাজ করে আনন্দ পেয়েছেন বলেও জানান।

“সত্যি কথা বলছি; এই সাড়ে চার বছর তার সঙ্গে (শেখ হাসিনা) কাজ করে আনন্দ পেয়েছি। মাঝে-মধ্যে নানা কথাও কানে এসেছে। আমাকে মন্ত্রী থেকে সরিয়ে দেওয়া হচ্ছে-হবে। নানা সব গুজব।”

“কিন্তু কোনো কিছুই হয়নি। প্রধানমন্ত্রী আমার প্রতি আস্থা রেখেছেন। আমি দায়িত্ব পালন করে যাচ্ছি। দিজ ইজ মাই সেটিসফেকশন।”

মন্ত্রিত্বের এই সময়টা উপভোগ করলেও অনেক মন্তব্যের জন্য বেশ সমালোচনাও সইতে হয়েছে মুহিতকে। কিছু ক্ষেত্রে গণমাধ্যমকে দায়ী করার পাশাপাশি কিছু মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি।

দায়িত্ব পালন করতে গিয়ে অসন্তুষ্টি রয়েছে কি না- জানতে চাইলে সাবেক এই আমলা বলেন, “আমি আগেও বলেছি, পলিটিক্স ইজ আর্ট অব কমপ্রোমাইজ। রাজনীতিতে অনেক কমপ্রোমাইজ করতে হয়। অনেক দিক থেকে নানা ধরনের প্রেসার (চাপ) আসে।”

দেশের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে বিভিন্ন সময়ই খেদ প্রকাশ করে আসছেন সঙ্গীত ও চিত্রকলার সমঝদার মানুষ মুহিত। এক সময় বলেও দেন, আর মন্ত্রী হবেন না।

এই সরকারের শেষ বাজেট দেয়ার আগেও বললেন সেই কথাই- “আশা করছি এই সরকারের বাকি সময়ে আমি অর্থমন্ত্রী হিসেবেই থেকে যাবো। তবে এটাই শেষ, আর মন্ত্রী হবো না।”

মন্ত্রী হতে না চাইলেও আগামী নির্বাচন করার ইচ্ছা পুরোপুরিই রয়েছে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুহিতের এবং তা সিলেটের ওই আসনটিতেই, যে আসন সম্পর্কে বলা হয়- সেখানে যে দলের প্রার্থী জেতেন, ক্ষমতায় যায় সেই দলই।