লক্ষ্য বিনিয়োগ বাড়িয়ে উচ্চ প্রবৃদ্ধি: অর্থমন্ত্রী
বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে উচ্চ প্রবৃদ্ধি অর্জনই আগামী বাজেটের লক্ষ্য ঠিক করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সংসদে ২০১৩-১৪ অর্থবছরের বাজেট উপস্থাপনের দুই দিন আগে মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি তার এই লক্ষ্যের কথা জানান।
মহাজোট সরকারের শেষ বাজেট দেয়ার প্রস্তুতি নেয়া মুহিত বলেন, “আমার শেষ বাজেটের প্রধান লক্ষ্য হচ্ছে হাই গ্রোথ অ্যান্ড হাই ইনভেস্টমেন্ট। অর্থ্যাৎ বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে উচ্চ প্রবৃদ্ধি অর্জনই এবারের বাজেটের দর্শন।”
শেরে বাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এই সাক্ষাৎকারটি নেয়া হয়।
বিনিয়োগ প্রসঙ্গে মুহিত বলেন, “আমি বার বার বলে এসেছি, আমাদের অর্থনীতির প্রধান সমস্যা হচ্ছে বিনিয়োগ। চলতি বাজেটে আমরা ৩০ শতাংশ বিনিয়োগ বাড়াতে চেয়েছিলাম। কিন্তু পারিনি। এবার সে লক্ষ্যকে সামনে রেখেই বিনিয়োগবান্ধব বাজেট দেবো।”
বেসরকারি খাতে বিনিয়োগে স্থবিরতার কথা স্বীকার করলেও সরকারি বিনিয়োগ বৃদ্ধির দিকটি তুলে ধরেন তিনি।
নতুন বাজেটে সরকারি ও বেসরকারি উভয় খাতেই বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেয়া হবে বলে জানান অর্থমন্ত্রী।
এ জন্য বিদ্যুৎ-জ্বালানি ও অবকাঠামো খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি নানা পদক্ষেপ নেয়ার কথাও বিবেচনায় রয়েছে তার।
চলতি অর্থবছরে বিদেশি সহায়তা ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলেও জানান অর্থমন্ত্রী।
“অনেকে ভেবেছিলেন, পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংকের সঙ্গে আমাদের সম্পর্কের অবনতি হবে, বিদেশি সাহায্য কমে যাবে, কিন্তু তা হয়নি।”
১০ মাসে (এপ্রিল পর্যন্ত) ১৯০ কোটি ডলারের মতো সহায়তা এসেছে বলে জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, নতুন বাজেটে জ্বালানি-বিদ্যুৎ, কৃষি, মানব সম্পদ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনি খাতকে অগ্রাধিকার দেয়া হবে।
নতুন বাজেটের আকার কেমন হবে- জানতে চাইলে তিনি বলেন, “একুরেট ফিগার আমি আজ বলবো না, ৬ জুন বলবো। তবে এটা বলতে পারি, আকার ২ লাখ ২৫ হাজার কোটি টাকার কিছু কম বা বেশি হবে।”
মহাজোট সরকারের প্রথম বাজেটের আকার ছিলো ১ লাখ ১৩ হাজার কোটি টাকা। শেষ বাজেটে তা বেড়ে দ্বিগুণ হচ্ছে। বাজেটের আকারের বিশালত্বকে অনেকে ‘সাহসী’ বলছেন।
এত ‘সাহস’ আপনি কেমন করে পেলেন- এই প্রশ্নের উত্তরে মুহিত বলেন, “আমি উচ্চাভিলাষী মানুষ, আমার সরকারও উচ্চাভিলাষী। আর সেখান থেকেই আমি এত সাহস পেয়েছি।”
কালো টাকা সাদা করার সুযোগ দেয়ার ক্ষেত্রে চাপ আছে কি না- এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ইয়েস, এক্ষেত্রে চাপ ছিলো, আছে। তবে কালো টাকা যে কোনো সময় সাদা করা যাবে- চলতি বাজেটেই আমরা সে সুযোগ করে দিয়েছি।”
বাজেটে পুঁজিবাজার নিয়ে কী থাকছে- জানতে চাইলে উত্তর মেলে- পুঁজিবাজার নিয়ে বড় কিছু করার নেই। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যা কিছু করার ইতোমধ্যেই করা হয়েছে।
৯০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠনের কথা তুলে ধরেন তিনি।
এই তহবিল ১৬০০ কোটি টাকা হওয়ার দরকার ছিলো অনেকের বক্তব্য ধরে অর্থমন্ত্রী বলেন, “আমি তাদের বলছি, এটা প্রাথমিক উদ্যোগ। প্রয়োজন হলে আরো বাড়ানো হবে।”
রাজস্ব আদায় পরিস্থিতি নিয়ে অনেকেটাই সন্তুষ্টি ঝরলো তার কথায়- “আমরা যখন দায়িত্ব নিই, তখন ট্যাক্স জিডিপি অনুপাত ছিল ৯। বর্তমানে তা বেড়ে ১৪ তে দাঁড়িয়েছে।”
মহাজোট সরকারের সময়ে রাজস্ব প্রশাসনে ব্যাপক সংস্কার আনা হয়েছে বলেই তার সুফল মিলেছে বলে মনে করেন মুহিত।
নতুন বাজেটের শুল্ক কাঠামোয় অনেক পরিবর্তন আসবে বলে জানান তিনি। তিনি বলেন, স্থানীয় শিল্পের সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখেই এই কাঠামো বিন্যাস করা হবে।
ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়করের সীমা ২ লাখ টাকা থেকে বাড়ানো হবে কি না- এই প্রশ্নের উত্তরে মুহিত বলেন, “বাড়ানো হতে পারে। তবে কত বাড়বে, সেটা বলবো না।”
বাজেট প্রণয়ণের কাজ শেষ কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, “হাঁ, শেষ। আজকে সকালেই সব কাজ শেষ করে প্রেসে পাঠিয়ে দিয়েছি। এখন ছাপা হচ্ছে।”
এবারও ডিজিটাল পদ্ধতিতে (পাওয়ার পয়েন্টের মাধ্যমে) সংসদে বাজেট উপস্থাপন করা হবে বলে জানান তিনি।
শেষ বছরে এসে রাজনৈতিক সংঘাতের মধ্যে বাজেট দেয়া ‘খুব কষ্টকর’ বলে স্বীকার করেন মুহিত।
“ভাবছিলাম ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি হবে। কিন্তু সহিংস হরতাল সেটাকে বাধাগ্রস্ত করেছে। আর এই বাধা দিচ্ছে বিএনপি-জামায়াত।”
চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৬ দশমিক ৩ থেকে ৬ দশমিক ৮ শতাংশের মধ্যে থাকবে বলে মনে করেন মন্ত্রী।
সরকারের শেষ বাজেট নির্বাচনী বাজেট হবে কি না- আলোচিত এই প্রশ্নের উত্তরে মুহিত বলেন, “আমার সব বাজেটই নির্বাচনী বাজেট। আমি উচ্চাভিলাষী মানুষ। উচ্চাভিলাষী বাজেটই দিয়ে এসেছি। এবারও তাই দেবো। কেউ যদি এটাকে নির্বাচনী বাজেট বলেন, আমার কিছুই করার নেই।”
“আমাদের বর্তমান সরকারের সাড়ে চার বছরে সাফল্য-ব্যর্থতা দুটোই আছে। এসবের মূল্যায়নই আমি আমার শেষ বাজেটে তুলে ধরবো,” বলেন তিনি।
