২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আক্ষেপ নিয়ে গেলেন মুহিত

নির্বাচিত সরকারের অর্থমন্ত্রী হিসেবে সংসদে এ নিয়ে পাঁচটি বাজেট উপস্থাপন করলেও তার একটিতেও বিরোধী দলকে পাননি আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শেখ আবদুল্লাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 05:46 PM

Updated : 13 Oct 2022, 02:52 PM

পুরনো খবর:

বাজেটে ৭.২% প্রবৃদ্ধির আশা
দিক-নির্দেশনাহীন বাজেট: বিএনপি

এর আগে সামরিক সরকারের সময় মুহিত দুটি বাজেট দিলেও তখন সংসদই কার্যকর ছিলো না, ফলে সেখানে বিরোধী দল থাকার প্রশ্নও ছিলো না।

আর মন্ত্রী না হওয়ার ঘোষণা দেয়া মুহিত বৃহস্পতিবার যখন মহাজোট সরকারের শেষ বাজেট দিলেন, তখন সংসদে বিরোধী দলের আসনগুলো ছিলো ফাঁকা। 

নিজের শেষ বাজেটও বিরোধী দলের সামনে না দিতে পারার আক্ষেপ তাই বক্তৃতায় সরাসরিই প্রকাশ করেছেন মুহিত।

“আমার দুঃখ যে আমি চারটি বাজেট (সর্বশেষটিসহ পাঁচটি) এই মহান সংসদে পেশ করছি এবং সবগুলো উপস্থাপনাই বিরোধীদলীয় সংসদ সদস্যদের অনুপস্থিতিতে হয়েছে। মাননীয় স্পিকার, আপনি নতুন এই মহান পদে নির্বাচিত হয়েছেন, আমি আপনাকে অনুরোধ করবো যে, এই সংস্কৃতির অবসানকল্পে আপনি পদক্ষেপ গ্রহণ করুন।”

“আমাদের সংসদের সবচেয়ে বড় সমস্যা হলো প্রতিবাদের ভাষা হিসেবে নিরবচ্ছিন্নভাবে আমরা সংসদ বর্জন করে থাকি। যারা শুধু বেতন-ভাতা রক্ষার জন্য সংসদে মাঝে মাঝে হাজির হন তাদের সংসদ সদস্যদের দায়িত্ব থেকে অবকাশ নেয়া উচিত,” আক্ষেপের সঙ্গে ক্ষোভও ঝরে অর্থমন্ত্রীর কণ্ঠে।

শেখ হাসিনার নেতৃত্বে মহাজোটের এই সরকারের আগের বাজেট অধিবেশনে না থাকলেও এবার অধিবেশনের শুরুর দিন থেকে সংসদে ছিলো বিএনপিসহ বিরোধী দল।

৮৩ কার্যদিবস অনুপস্থিত থাকার পর গত ৩ জুন শুরু হওয়া বাজেট অধিবেশনে যোগ দেন বিরোধী সদস্যরা। দুই দফা ওয়াক আউটের পর ফিরলেও বাজেট উপস্থাপনের আগের দিন ওয়াক আউট করেন তারা।

বৃহস্পতিবার বিরোধী দলের শূন্য আসন সামনে নিয়ে মুহিত যখন বাজেট বক্তৃতা করছিলেন, তখন বিএনপির সংসদ সদস্যরা ছিলেন সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কক্ষে টেলিভিশনের সামনে।

এর আগের বাজেট প্রস্তাবের সময় সংসদে না থাকা বিরোধী দল সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের প্রস্তাব তুলে ধরেছিলো। এবার টেলিভিশনে বাজেট বক্তৃতা দেখার পর সংসদ ভবনের মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং করে প্রতিক্রিয়া জানায় বিএনপি।

২০১৩-১৪ অর্থবছরের জন্য মুহিত প্রস্তাবিত ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকার বাজেটকে দিক-নির্দেশনাহীন বলে দাবি করেন বিএনপি নেতারা।

২০০৯ সালের ৬ জানুয়ারি দায়িত্ব নেয়ার পর ওই বছরের জুন মাসে মহাজোটের প্রথম  বাজেট দেন মুহিত।

এরপর ধারাবাহিকভাবে তিনটি বাজেট দেয়ার পর বৃহস্পতিবার পঞ্চমটি নিয়ে আসেন তিনি।

মুহিত ইতোমধ্যে বলেছেন, আগামী বার নির্বাচন করলেও আর মন্ত্রী হবেন না তিনি।

ফলে তার বক্তব্য অনুযায়ী, এটিই তার সপ্তম ও শেষ বাজেট।

দেশের ইতিহাসে এর চেয়ে বেশি ১২বার বাজেট উপস্থাপন করেছেন প্রয়াত এম সাইফুর রহমান। তারপরের অবস্থাটিই এখন একই এলাকার বাসিন্দা মুহিতের।

বাজেট ব্ক্তৃতায় অবশ্য পরবর্তী সরকারের জন্য আগাম শুভ কামনা জানিয়েছেন অর্থমন্ত্রী।

“আমি আশিতে পদার্পণ করেছি, জীবনে হতাশা ও সাফল্যের দোলাচলে বারবার নিক্ষিপ্ত হয়েছি। তবে সর্বদাই আমি ঘনঘটার মধ্যে শান্তি দেখেছি। মেঘের আড়ালে রূপালী নয়, সোনালী রেখা দেখেছি। আমি আসলেই কর্মশক্তি পাই আমার প্রবল তথা অশোভনীয় আশাবাদে,” বলেছেন তিনি।