৪৬ বছর পর চট্টগ্রামে হচ্ছে ৯১টি খাদ্য গুদাম
চট্টগ্রামের হালিশহরে নির্মিত হচ্ছে ৮৪ হাজার মেট্রিকটন ধারণ ক্ষমতা সম্পন্ন ৯১টি খাদ্য গুদাম। এর বাইরে উপজেলা পর্যায়েও নির্মিত হচ্ছে আরো তিনটি।
নগরীর হালিশহর সেন্ট্রাল স্টোরেজ ডিপোতে (সিএসডি) এ গুদামগুলোর নির্মাণ কাজ শেষ হলে চট্টগ্রামে খাদ্য মজুদে আর কোনো সমস্যা হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
হালিশহর সিএসডি’র ব্যবস্থাপক রফিক আহমদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৯১টি গুদামের মধ্যে ৮২টির নির্মাণ কাজ প্রায় ৮০ শতাংশ শেষ হয়েছে।
বাকি নয়টি গুদামের ঠিকাদার পরিবর্তন হওয়ায় নির্মাণ কাজে বিলম্ব হলেও ইতোমধ্যে ২০ শতাংশ কাজ শেষ হয়ে গেছে। এছাড়া ওই এলাকার রাস্তা নির্মাণের কাজও শুরু হয়েছে বলেও জানান তিনি।
হালিশহর সিএসডি এলাকায় ১৯৬৫ সালে নির্মিত হয় ৭৭টি খাদ্য গুদাম। এর পরে ৪৬ বছরেও এখানে নতুন কোনো খাদ্য গুদাম নির্মিত হয়নি বলে জানান ব্যবস্থাপক রফিক।
বিগত জোট সরকারের আমলে হালিশহর সিএসডি এলাকা বেপজার কাছে ইজারা দেয়া হয়। এরপর বেপজা কর্তৃপক্ষ ৪২টি খাদ্য গুদাম ভেঙে প্লট বরাদ্দ করে যা বর্তমান সরকারের আমলে বতিল করা হয়।
ব্যবস্থাপক রফিক জানান, বর্তমানে ৩৫টি গুদামের মধ্যে তিনটিতে মজুদ করা যায় না এবং অপর ৩২টি গুদামে খাদ্য মজুদ করা হয়।
তিনি আরো জানান, ৯১টি গুদাম নির্মাণের পাশাপাশি ৩২টি গুদামের সংস্কার করা হচ্ছে। আর তিনটি গুদাম ভেঙ্গে নতুন করে নির্মাণ করা হবে।
আঞ্চলিক খাদ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, হালিশহর এলাকায় নির্মাণাধীন এসব গুদামের মধ্যে ৭৭টির প্রতিটি ১০০০ মেট্রিক টন পণ্য ধারণ ক্ষমতা সম্পন্ন। আর বাকি ১৪টির প্রতিটি ৫০০ টনের।
নতুন গুদাম নির্মাণের ফলে হালিশহর সিএসডি’ তে দেড় লাখ টন খাদ্য শস্য মজুদ করা যাবে। আগামী অগাস্টের মধ্যে গুদাম নির্মাণের কাজ শেষ হওয়ার আশা করছেন ব্যবস্থাপক রফিক।
এদিকে লোহাগাড়া, হাটহাজারী ও মিরসরাইয়ে নির্মিত হচ্ছে প্রতিটি ৫০০ টন ক্ষমতা সম্পন্ন আরো তিনটি গুদাম।
চট্টগ্রামের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের সহকারী খাদ্য নিয়ন্ত্রক চন্দ্র শেখর মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসব গুদাম নির্মাণের ফলে দেশে আপৎকালীন বিপদ মোকাবেলা হবে।
তিনি আরও জানান, গুদামের অভাবে জেলার বিভিন্নস্থানে খাদ্য মজুদ করতে হতো। এতে করে পরিবহন খরচও বেড়ে যায়। এসব গুদাম নির্মাণের ফলে এ সমস্যা লাঘব হবে।
এদিকে দেওয়ান হাট এলাকায় গত ২ জুন নতুন ১৩টি খাদ্য গুদাম উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। যার মোট ধারণ ক্ষমতা ১৩ হাজার টন।
