দুঃস্থদের জন্যও ১০ টাকার ব্যাংক অ্যাকাউন্ট
কৃষক ও মুক্তিযোদ্ধাদের পর এবার দুঃস্থরা পাচ্ছেন ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার সুযোগ।
রোববার কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে সরকার মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের এবিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গ্রিন ব্যাংকিং এন্ড সিএসআর ডিপার্টমেন্টের ওই প্রজ্ঞাপনে বলা হয়, দুঃস্থ পুনর্বাসনের জন্য ধর্ম মন্ত্রণালয়ের দেয়া অনুদানের অর্থ ব্যাংকের মাধ্যমে দেয়ার জন্য জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন কার্ড ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দেয়া পরিচয় পত্র বা সনদসহ দুঃস্থদের কাছ থেকে ন্যূনতম দশ টাকা জমা নিয়ে ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে উক্ত ব্যাংক হিসাবে ন্যূনতম স্থিতি রাখার বাধ্যবাধকতা না আরোপ করতে বলা হয়েছে নির্দেশনায়।
একইসঙ্গে ওইসব হিসাব থেকে কোনো কোনো চার্জ বা ফি-ও আদায় করতেও নিষেধ করা হয়েছে।
এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে নির্দেশনা দেয়া হয়েছে।
প্রান্তিক পর্যায়ে ব্যাংকিং সেবা পৌঁছে দেয়া ও আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রথমে কৃষকদের জন্য ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক।
এরপর সরকারের সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বিভিন্ন পর্যায়ের ব্যক্তি ও স্কুলের শিক্ষার্থীদের জন্যও ব্যাংক হিসাব খোলা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত দেশের ৪৭টি তফসিলি ব্যাংকে প্রায় ৯৭ লাখ কৃষকের অ্যাকাউন্ট খুলেছে। আছে কয়েক হাজার মুক্তিযোদ্ধা, বয়স্ক ও বিধবাদের হিসাব। সারা দেশে স্কুল পড়ুয়ারা এক লাখ ৩২ হাজার ৫৩৭টি আমানত হিসাব খুলেছে।
