২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার খোলা থাকছে ব্যাংক

ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে আগামী শনিবার দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলোয় ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2013, 12:02 PM

Updated : 23 Aug 2022, 10:20 AM

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে তা সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

ব্যবসায়ীদের বিশেষ করে তৈরী পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর দাবির প্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রপ্তানীমুখী শ্রমঘন পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিক কর্মচারীদের বেতন-ভাতা দেয়ার সুবিধার জন্য আগামী ৯ মার্চ শনিবার ঢাকা মহানগরী, সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ চট্টগ্রামে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের পোশাক শিল্প সংশ্লিস্ট শাখাগুলো খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

“এ অবস্থায় প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে উল্লিখিত এলাকায় অবস্থিত ব্যাংকের শাখাগুলো খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হচ্ছে।”

একইসঙ্গে ঢাকা ও চট্টগ্রাম বিমান বন্দর, চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর এবং বেনাপোল, সোনামসজিদ, হিলি ও কমলাপুরের আইসিডি এলাকায় অবস্থিত ব্যাংকগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য লেনদেনসংশ্লিস্ট বৈদেশিক মুদ্রা লেনদেনকারি সব শাখা (অথরাইজড ডিলার শাখা) প্রতি শুক্র ও শনিবার খোলা রাখার আগের সিদ্ধান্ত বহাল থাকবে বলে ওই সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

এর আগে সাপ্তাহিক ছুটির দিনেও ব্যাংকসহ সব আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসাসংশ্লিষ্ট সেবা প্রতিষ্ঠান খোলা রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

বৃহস্পতিবার এফবিসিসিআইয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবারের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালসহ গত কয়েক মাস ধরে ঘন ঘন হরতালে দেশের ব্যবসা-বাণিজ্য চরম বিপর্যয়ের মুখে পড়েছে। অর্থনৈতিক কর্মকান্ড স্থবির হয়ে পড়ছে।

তাই হরতালের ফলে আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) ও সরকারি ছুটির দিনগুলোতে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংক, বীমা, স্টক এক্সচেঞ্জ, সমুদ্র ও স্থলবন্দর, শিপিং, কাস্টমসসহ সংশ্লিষ্ট সব সেবা প্রতিষ্ঠান খোলা রাখার জন্য সরকারের কাছে আহ্বান জানায় এফবিসিসিআই।

যুদ্ধাপরাধের বিচারের রায়কে কেন্দ্র করে ফেব্রুয়ারি মাসে জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী বেশ কয়েকদিন হরতাল ডাকে।

যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় আসার পর গত ২৮ ফেব্রুয়ারি সারা দেশে ব্যাপক তাণ্ডব চালায় জামায়াত শিবির কর্মীরা। রায় প্রত্যাখ্যান করে রবি ও সোমবার সারা দেশে ৪৮ ঘণ্টা হরতাল করে দলটি।  

আর জামায়াতের সহিংসতার সময় গুলিতে হতাহতের ঘটনাকে ‘সরকারে গণহত্যা ’ আখ্যায়িত করে মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল করে জামায়াতের জোটসঙ্গী বিএনপি।

এরপর বুধবার নয়া পল্টনে পুলিশের সঙ্গ সংঘর্ষে বিএনপির বিক্ষোভ সমাবেশ পণ্ড হয়ে গেলে সরকারকে দায়ী করে বৃহস্পতিবার সারা দেশে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের পক্ষ থেকে হরতাল ডাকেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পুরনো খবর:

ছুটির দিনেও ব্যাংক-বীমা খোলা রাখার আহ্বান