ছুটির দিনেও ব্যাংক-বীমা খোলা রাখার আহ্বান
সাপ্তাহিক ছুটির দিনেও ব্যাংকসহ সব আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসাসংশ্লিষ্ট সেবা প্রতিষ্ঠান খোলা রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
বৃহস্পতিবার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের হরতালের মধ্যেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে টানা হরতালে ব্যবসা-বাণিজ্যের ক্ষতি কাটিয়ে তোলার সুযোগ করে দিতে এ আহ্বান জানায় এফবিসিসিআই।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবারের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালসহ গত কয়েক মাস ধরে ঘন ঘন হরতালে দেশের ব্যবসা-বাণিজ্য চরম বিপর্যয়ের মুখে পড়েছে। অর্থনৈতিক কর্মকান্ড স্থবির হয়ে পড়ছে।
তাই হরতালের ফলে আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) ও সরকারি ছুটির দিনগুলোতে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংক, বীমা, স্টক এক্সচেঞ্জ, সমুদ্র ও স্থলবন্দর, শিপিং, কাস্টমসসহ সংশ্লিষ্ট সব সেবা প্রতিষ্ঠান খোলা রাখার জন্য সরকারের কাছে আহ্বান জানায় এফবিসিসিআই।
যুদ্ধাপরাধের বিচারের রায়কে কেন্দ্র করে ফেব্রুয়ারি মাসে জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী বেশ কয়েকদিন হরতাল ডাকে।
যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় আসার পর গত ২৮ ফেব্রুয়ারি সারা দেশে ব্যাপক তাণ্ডব চালায় জামায়াত শিবির কর্মীরা। রায় প্রত্যাখ্যান করে রবি ও সোমবার সারা দেশে ৪৮ ঘণ্টা হরতাল করে দলটি।
আর জামায়াতের সহিংসতার সময় গুলিতে হতাহতের ঘটনাকে ‘সরকারে গণহত্যা ’ আখ্যায়িত করে মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল করে জামায়াতের জোটসঙ্গী বিএনপি।
তিন দিনের এই হরতাল প্রত্যাহারের দাবি জানিয়েছিল, এফবিসিসিআইসহ ২৭টি ব্যবসায়ী সংগঠন।
এরপর বুধবার নয়া পল্টনে পুলিশের সঙ্গ সংঘর্ষে বিএনপির বিক্ষোভ সমাবেশ পণ্ড হয়ে গেলে সরকারকে দায়ী করে বৃহস্পতিবার সারা দেশে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের পক্ষ থেকে হরতাল ডাকেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এফবিসিসিআই জানায়, কয়েক মাস ধরে রাজনৈতিক সহিংসতা ও ঘন ঘন হরতাল ও রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনৈতিক ও আইনশৃংখলা পরিস্থিতির গুরুতর অবনতির কারণে দেশের ব্যবসায়ী সমাজ গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে আসছে।
এ ধরনের কর্মসূচির কারণে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং রপ্তানি বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অস্থিতিশীল পরিবেশ অব্যাহত থাকলে দেশে দেশি ও বিদেশি বিনিয়োগ আসবে না এবং কর্মসংস্থান বিঘ্নিত হবে, যার ফলে দেশের অর্থনীতি এক চাপের মুখে পড়বে।
এর আগে বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় আইন করে হরতাল বন্ধেরও দাবি জানিয়েছিল সংগঠনটির নেতারা।
এ সময় এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, “হরতাল, খুনোখুনি ব্যবসা-বাণিজ্যের ওপর প্রভাব ফেলে। বর্তমান অবস্থার পরিবর্তন চাই আমরা।”
দেশের সাম্প্রতিক ‘সহিংসতায়’ উদ্বেগ প্রকাশ করে তা নিরসনের লক্ষ্যে সরকার ও বিরোধীদলের মধ্যে যোগাযোগ বাড়াতেও পরামর্শ দেয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
