হরতাল বন্ধে আইন চায় এফবিসিসিআই
দেশের সাম্প্রতিক ‘সহিংসতায়’ উদ্বেগ প্রকাশ করে তা নিরসনের লক্ষ্যে সরকার ও বিরোধীদলের মধ্যে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
একইসঙ্গে আইন করে হরতাল বন্ধেরও দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।
বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, “হরতাল, খুনোখুনি ব্যবসা-বাণিজ্যের ওপর প্রভাব ফেলে। বর্তমান অবস্থার পরিবরতন চাই আমরা।”
যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর জামায়াত দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালায়। এতে সহিংসতায় নিহত হন ৬৭ জন হয় বলে সরকারিভাবে বলা হয়েছে।
কাজী আকরাম বলেন, “চলমান সহিংসতা থেকে কীভাবে বেরিয়ে আসা যায় সেটা সরকারকে চিন্তা করতে হবে। এ বিষয়ে সরকারকে এগিয়ে আসতে হবে। আমরা প্রধানমন্ত্রীর কাছে গেছি, আপনার কাছে এসেছি এবং বিরোধীদলীয় নেত্রীর কাছেও যাবো।”
মুখ ঘুরিয়ে থাকলে হবে না-এমন মন্তব্য করে তিনি বলেন, “আপনাদের (সরকার) আহ্বান জানাতে হবে এবং উনাদেরও (বিরোধীদল) সেই আহ্বানে সাড়া দিতে হবে।”
এ সময় এফবিসিসিআইয়ের সহ-সভাপতি হেলাল উদ্দিন হরতালে তাণ্ডবের বিবরণ দিয়ে বলেন, “এখন সময় এসেছে। আপনারা আইন করে হরতাল বন্ধ করুন। প্রয়োজনে হরতাল বন্ধে গণভোট দিন আপনারা।”
যুদ্ধাপরাধের বিচারের রায়কে কেন্দ্র করে জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী বেশ কয়েকদিন হরতাল ডাকে। সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের দিন এবং রোববার ও সোমবার হরতাল ডাকে তারা। এর পরদিন হরতাল ডাকে বিএনপি।
তিন দিনের এই হরতাল প্রত্যাহারের দাবি জানিয়েছিল, এফবিসিসিআইসহ ২৭টি ব্যবসায়ী সংগঠন।
দেশের সাম্প্রতিক পরিস্থিতির নিয়ে অর্থর্মন্ত্রী বলেন, “এটা নৈরাজ্য নয়, এটা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা। এতো যে গোলমাল তা ১৫টি জেলায়, এরমধ্যে ৭টি জেলায় বেশি। তারমানে দেশের কিছু এলাকায় অস্থিতিশীলতা রয়েছে।”
“আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, দুএকদিনের মধ্যেই পরিস্তিতি শান্ত হয়ে যাবে।”
দেশের অর্থর্নীতি ভালো অবস্থানে রয়েছে উল্লেখ করে মুহিত বলেন, চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি ৭ শতাংশের কাছাকাছি হবে।
