হরতাল প্রত্যাহার চায় ২৭ ব্যবসায়ী সংগঠন
জামায়াত ও বিএনপির আগামী তিন দিনের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ ২৭টি ব্যবসায়ী সংগঠন।
অন্যদিকে এক জরুরি বৈঠকে দল দুটির ভূমিকায় উদ্বেগ প্রকাশ করেছে প্রধান প্রধান ব্যবসায়ী সংগঠন। পাশাপাশি তাদের সহিংস কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানানোর সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার বিকালে রাজধানীর ওয়েস্টিন হোটেলে এ বৈঠকে বসেন ব্যবসায়ী নেতারা। বৈঠকের আয়োজক ছিল ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের পর দেশজুড়ে তা-ব চালায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির।
বৃহস্পতিবারের ওই সহিংসতায় পর থেকে এ পর্যন্ত সারাদেশে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এর মধ্যে পুলিশ রয়েছেন চারজন, দুইজন সরকার সমর্থক সংগঠনের কর্মী। দক্ষিণ চট্টগ্রাম, নোয়াখালী, বাগেরহাট, বরিশালে হিন্দু সম্প্রদায়ের ওপর চালানো হয়েছে হামলা।
রায়ের দিনই রবি ও সোম টানা ৪৮ ঘণ্টা হরতাল দেয় জামায়াতে ইসলামী।
এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি রোকেয়া আফজাল রহমান, তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, এফবিসিসিআই প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, সহ-সভাপতি মোঃ হেলালউদ্দিন, এফবিসিসিআই সাবেক সভাপতি এ কে আজাদ, সাবেক প্রথম সহ-সভাপতি মো. জসিমউদ্দিন, রায়রার সভাপতি শাহজালাল মজুমদারসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠক প্রসঙ্গে এফবিসিসিআইর সহ-সভাপতি মো. হেলালউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে ব্যবসায়ী সমাজ ব্যাপক উদ্বিগ্ন। এরকম ঘন ঘন হরতাল ও সাংঘর্ষিক পরিস্থিতিতে দেশে-বিদেশে সব ধরনের ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে। কীভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায় সে বিষয়ে আলোচনা করতে ব্যবসায়ী নেতারা বসেন।”
তিনি বলেন, “আমরা ঠিক করেছি হরতাল বিষয়ে কিছু সুনির্দিষ্ট প্রস্তাব সরকারসহ সব রাজনৈতিক দলের কাছে দেয়া হবে।”
তবে কবে নাগাদ এসব প্রস্তাব দেয়া হবে জানতে চাইলে তিনি নির্দিষ্ট সময় জানাননি।
বৈঠক থেকে আগামী তিন দিনের হরতাল প্রত্যাহারের দাবি করা হয়েছে বলে জানান এফবিসিসিআই সহ-সভাপতি।
ব্যবসায়ী সংগঠনগুলোর বিবৃতিতে বলা হয়, ব্যবসায়ী সমাজ দেশের সার্বিক উন্নয়ন ও আর্থসামাজিক উন্নয়নে গতিশীলতা অব্যাহত রাখার স্বার্থে সংঘাতের রাজনীতি পরিহার করে সংযম ও সমঝোতার নীতি অনুসরণ করে বিকল্প রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করবে বলে ব্যবসায়ীরা আশা করে।
গত জানুয়ারি মাস থেকে পরপর হরতালে দেশের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের বিরুদ্ধে আগামী ৩ ও ৪ মার্চ ৪৮ ঘণ্টা হরতাল দিয়েছে জামায়াতে ইসলামী। এছাড়া ওই রায়ের পর বিভিন্ন স্থানে সহিংসতায় প্রাণহানির প্রতিবাদে ৫ মার্চ হরতাল ডেকেছে।
