জামায়াতের হরতাল প্রত্যাহারের দাবি বিজিএমইএ ও বিকেএমইএর
জামায়াতে ইসলামীর ডাকা মঙ্গলবারের হরতাল প্রত্যাহারের দাবি জানিয়েছে দেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
সোমবার সন্ধ্যায় হরতালে গভীর উদ্বেগ প্রকাশ করে এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, একটি রাজনৈতিক দল মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান এবং বুধবার থেকে লাগাতার হরতালের হুমকি দেয়ায় রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।
“ডিসেম্বর মাসে তিন দিন হরতাল ও একদিনের অবরোধ পালন এবং জানুয়ারি মাসে দু’দিন হরতাল করার পর আবার এই হরতালের আহ্বান উদ্যোক্তাদের মধ্যে গভীর হতাশার সৃষ্টি করেছে।”
জাতীয় অর্থনীতি বিশেষ করে পোশাক শিল্পের স্বার্থে হরতাল প্রত্যাহারের অনুরোধ জানান তারা।
বিবৃতিতে বলা হয়, উৎপাদন ব্যয় বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে রপ্তানি পণ্যের মূল্য কমে যাওয়া, ডলারের বিনিময় মূল্য হ্রাস ও জিএসপি সুবিধা প্রত্যাহারসহ নানা আন্তর্জাতিক চাপ মোকাবেলা করতে হচ্ছে এ শিল্প খাতকে। এই অবস্থায় ঘন ঘন হরতাল কর্মসূচি ব্যবসা বাণিজ্যকে ঝুঁকির মুখে ঠেলে দিবে, যা কাম্য নয়।
ঘন ঘন হরতাল স্থানীয় এবং বিদেশি উভয় বিনিয়োগেই নেতিবাচক প্রভাব ফেলবে বলে বিবৃতিতে বলা হয়।
বিবৃতিতে সংঘাতমূলক রাজনীতি পরিহার করে আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান করতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ জানানো হয়।
