পদ্মা সেতু তিন বছরেই: মুহিত
নিজস্ব অর্থায়নে বর্তমান নকশায় চলতি অর্থবছরে কাজ শুরু করে আগামী তিন বছরেই পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দিয়েছে সরকার।
‘দুর্নীতির’ তদন্ত নিয়ে টানাপোড়েনে বিশ্ব ব্যাংককে ‘না’ বলার পর সোমবার সংসদে বিবৃতিতে সরকারের অবস্থান জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে মুহিত বিবৃতিতে আবার বলেন, এই প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি।
অর্থমন্ত্রী বলেন, “আমি এই মহান সংসদে ঘোষণা দিতে চাই যে, মাননীয় প্রধানমন্ত্রীর সরকার এই সেতু বাস্তবায়নের কাজ এই অর্থবছরেই শুরু করবে এবং আগামী তিন বছরেই সেতু নির্মাণ সম্পন্ন হবে।”
“আমি আরো বলতে চাই যে, পদ্মা সেতু বাস্তবায়নে কোনো দুর্নীতি হয়নি এবং দুর্নীতির সম্ভাবনা সম্বন্ধে শক্ত তদন্ত এবং ভবিষ্যতে যাতে এই প্রকল্পে কোনো দুর্নীতি না হয়, সেটা সরকার নিশ্চিত করবে।”
২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পের প্রধান ঋণদাতা সংস্থা বিশ্ব ব্যাংকের অর্থ সরকার না নেয়ার সিদ্ধান্ত গত ৩১ জানুয়ারি তাদের জানায় সরকার। এরপর ঋণদাতা অন্য তিন সংস্থা এডিবি, আইডিবি ও জাইকাও এই প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছে।
এরপর বিভিন্ন মন্ত্রী এবং ক্ষমতাসীন দলের নেতারা নিজস্ব অর্থায়নের পাশাপাশি মালয়শিয়া, ভারত কিংবা চীনের অর্থায়নে এই সেতু নির্মাণের কথা বলে আসছেন।
তবে সোমবার সন্ধ্যায় অর্থমন্ত্রীর বিবৃতিতে বহু প্রতীক্ষিত এই প্রকল্পের বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান জানাল সরকার।
জাতীয় সংসদের কার্যপ্রণালী ৩০০ বিধিতে পদ্মা সেতু প্রকল্প বিষয়ক নয় পৃষ্ঠার এই বিবৃতি দেন অর্থমন্ত্রী।
বিশ্ব ব্যাংক অভিযোগ তোলার পর দুর্নীতি দমন কমিশন তাদের তদন্তে ‘দুর্নীতির ষড়যন্ত্রের’ প্রমাণ পাওয়ার কথা জানিয়ে সাতজনের বিরুদ্ধে মামলা করেছে।
তবে এই তদন্তে বিশ্ব ব্যাংক যে সন্তুষ্ট নয়, তা স্পষ্ট। প্রধানমন্ত্রীর ভাষায়, বিশ্ব ব্যাংক সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে আসামি করতে চাপ দিচ্ছিল, অভিযোগ ওঠার পর যাকে পদত্যাগ করতে হয়।
বিবৃতিতে মুহিত বলেন, “আমি বলতে চাই যে, প্রথমত পদ্মা সেতু প্রকল্পে এখন পর্যন্ত কোনো দুর্নীতি হয়নি।
“দ্বিতীয়ত, দুর্নীতির সম্ভাবনা নিয়ে যেসব কথা উঠছে, তার প্রতিটি বিষয়ই আমাদের দুর্নীতি দমন কমিশন গভীরভাবে অনুসন্ধান করেছে এবং করছে।”
“আমাদের লক্ষ্য হল, এই প্রকল্পে যেখানে আমাদের দেশের সব মানুষ আগ্রহান্বিত এবং নিবেদিত সেখানে কোনো ধরনের দুর্নীতি হতে আমরা দেব না।”
বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার ঋণ না নিলেও তাদের তোলা অভিযোগের তদন্ত চলবে বলে ঋণদাতা সংস্থাটিকেও জানিয়েছে সরকার।
অর্থমন্ত্রী বলেন, “পদ্মা সেতুতে উন্নয়ন সহযোগীদের অর্থায়ন আর নেই। কিন্তু তারা যেসব দুর্নীতির ষড়যন্ত্রের কথা বলছেন সেগুলো আমরা তদন্ত করছি এবং তদন্ত চূড়ান্ত করে তার প্রতিকার করব।
“আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এই মহান সংসদে ঘোষণা করছি যে, পদ্মা সেতুর বাস্তবায়ন আমরা নিজেদের অর্থেই সম্পূর্ণ করব। পদ্মা সেতুর বাস্তবায়নে কোনো ধরনের দুর্নীতি কখনো হবে না।”
মুহিত আবেগতাড়িত কণ্ঠে বলেন, “জীবন সায়াহ্নে পৌঁছে এই সেতু নির্মাণ প্রকল্পে যুক্ত হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি এবং আমি ওয়াদা করছি যে সর্বশক্তি দিয়ে এই প্রকল্পের বাস্তবায়ন প্রকৌশল দৃষ্টিকোণ থেকে যাতে সার্থক হয়, তার ব্যবস্থা আমরা করছি।
“একইসঙ্গে আমরা সারা জাতিকে নিশ্চিত করতে চাই যে এই প্রকল্পে কোনো দুর্নীতি চলবে না। দুর্নীতিবাজদের কাছে আমার আহ্বান হল, যে আপনারা সাবধান হোন। আপনাদের নিস্তার নাই।”
প্রকল্প বাস্তবায়নে যারা যুক্ত হবেন, তাদের প্রতি অর্থমন্ত্রীর আহ্বান-“আমার মিনতি, আপনারা এই জাতির একটি গর্বের কাজে আপনাদের দক্ষতা এবং সামর্থে্যর সর্বোচ্চ মান এবং আপনাদের উন্নত মূল্যবোধ নিয়ে নিবেদিতভাবে কাজ করে যাবেন।”
পদ্মা সেতু হবে: এডিবি
৬ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে ব্যয় ধরা হয় ২৯১ কোটি ডলার। এর মধ্যে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি, এডিবির ৬১ কোটি ৫০ লাখ, জাইকার ৪১ কোটি এবং আইডিবির ১৪ কোটি ডলার দেয়ার কথা ছিল।
নতুন আঙ্গিকে সেতু নির্মাণে অর্থায়নের বিষয়ে মুহিত বলেন, “আমরা এই সারা প্রকল্প আমাদের নিজস্ব ব্যয়ে সম্পূর্ণ করতে চাই। এজন্য যে বিষয়টির দিকে আমাদের প্রথমেই নজর দিতে হবে তা হচ্ছে, নিজস্ব সম্পদ থেকে মোট ১৮০০ মিলিয়ন মার্কিন ডলারের সমমানের বৈদেশিক মুদ্রা সরবরাহ।
“এই অর্থবছরে পদ্মা সেতুর জন্য বাজেটে যে বরাদ্দ রয়েছে তা আমাদের কিছু বাড়াতে হবে। পরবর্তী তিন বছরের জন্য পদ্মা সেতুর যে প্রাক্কলিত বাজেট আছে সেইটি ব্যাপকভাবে পরিবর্তিত হবে।”
অর্থমন্ত্রী জানান, পদ্মা সেতু প্রকল্পের জন্য কিছু কাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। অবশিষ্ট যে কাজগুলো রয়েছে সেগুলো হলো-সেতু নির্মাণের জন্য ঠিকাদার এবং পর্যবেক্ষণ পরামর্শক নিয়োগ, নদীশাসনের জন্য ঠিকাদার নিয়োগ, সার্ভিস এরিয়া প্রস্তুতির জন্য ঠিকাদার নিয়োগ, জাজিরা সংযোগ সড়ক এবং মাওয়া সংযোগ সড়ক নির্মাণ।
“এই সব বিভিন্ন কাজে মোট ৩০৫০ মিলিয়ন (৩০৫ কোটি) ডলার অর্থাৎ ২৪ হাজার ৩৯৪ কোটি টাকা লাগবে এবং এই ব্যয়ের জন্য আমাদের অর্থ সাশ্রয় এখন থেকে চার বছরের মধ্যে করতে হবে।”
