সংসদে অর্থমন্ত্রীর বিবৃতি
জাতীয় সংসদের কার্যপ্রণালী ৩০০ বিধিতে পদ্মা সেতু প্রকল্প বিষয়ক বিবৃতি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আবদুল মুহিত-এর
মহান জাতীয় সংসদে প্রদত্ত বিবৃতি
৪ ফেব্র“য়ারি ২০১৩, সোমবার
মাননীয় স্পীকার,
১। গত কয়েকদিন ধরেই আমাদের সংবাদ মাধ্যমে এবং সারা দেশে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পদ্মা সেতু প্রকল্পের বাস্তবায়ন। আমরা পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের যে পরিকল্পনা প্রণয়ন করি তাতে এই অর্থবছরেই সেতুর কাজ আমাদের শুরু করার কথা। আমাদের হিসেবে বাস্তবায়ন প্রক্রিয়া এই ক্যালেন্ডার বছরের প্রথম তিন মাসের মধ্যেই শুরু না করলে প্রকল্প বাস্তবায়ন আরও এক বছর পিছিয়ে যাবে। বিশ্বব্যাংক সেপ্টেম্বর মাসে এই প্রকল্প বাস্তবায়নে প্রত্যাবর্তন করে এবং তখন থেকেই আমরা ঠিক করে রেখেছি যে, জানুয়ারিতেই এই বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে। আমরা দেখলাম যে বিশ্বব্যাংকের সময়সূচি এবং আমাদের সময়সূচি মিলছে না। তাই ৩১ জানুয়ারি, ২০১৩ তারিখে আমরা উন্নয়ন সহযোগীদের জানিয়ে দেই যে, আমরা পদ্মা সেতুর কাজ এখনই শুরু করবো এবং আমরা বিশ্বব্যাংকের অপেক্ষায় থাকবো না। আমি সরকারের এই সিদ্ধান্তটি বিশ্বব্যাংককে জানাই এবং বলি যে আমরা এই প্রকল্প এখনই শুরু করবো এবং এতে বিশ্বব্যাংকের সহায়তা আর চাই না। আমরা একইসঙ্গে দ্ব্যর্থহীন ভাষায় বলেছি যে, উন্নয়ন সহযোগীদের সঙ্গে আমাদের অন্যান্য প্রকল্প বা কার্যক্রম নিয়ে যেসব কার্যক্রম চলছে তা অব্যাহত ধারায় চলবে এবং পদ্মা সেতুর অর্থায়নের বিষয়টি যেখানে কোন প্রভাব ফেলবে না। আমরা আরও বলি যে পদ্মা সেতুর
বাস্তবায়নে একদিকে আমরা যেমন বদ্ধপরিকর, তেমনি এই প্রকল্প বাস্তবায়নে আমরা কোন ধরনের দুর্নীতি সহ্য করবো না। আমি দুদকের তদন্ত কাজে বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দলের সম্পৃক্তিও চাই। বিশ্বব্যাংক আমাদের অনুরোধ রেখেছেন এবং বিশ্বব্যাংক জানিয়েছেন যে, এতে অন্যান্য প্রকল্প বাস্তবায়নে কোন প্রভাব পড়বে না এবং দুর্নীতি দমন কমিশনের তদন্ত কার্যক্রমে তারা সম্পৃক্ত থাকবেন। আমি এই মহান সংসদে ঘোষণা দিতে চাই যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই সেতু বাস্তবায়নের কাজ এই অর্থবছরেই শুরু করবে এবং আগামী তিন বছরেই সেতু নির্মাণ সম্পূর্ণ হবে। আমি আরও বলতে চাই যে পদ্মা সেতু
বাস্তবায়নে কোন দুর্নীতি হয় নি এবং দুর্নীতির সম্ভাবনা সম্বন্ধে শক্ত তদন্ত চলছে এবং ভবিষ্যতে যাতে এই প্রকল্পে কোন দুর্নীতি না হয় সেটা সরকার নিশ্চিত করবে।
মাননীয় স্পীকার,
২। আমি এখন পদ্মা সেতুর লম্বা কাহিনী খুব কম কথায় ব্যক্ত করছি এবং একইসঙ্গে পদ্মা সেতু বাস্তবায়নের বিভিন্ন পদক্ষেপের বর্ণনা দিচ্ছি এবং প্রকল্পটি বাস্তবায়নের অর্থায়ন সম্বন্ধেও কিছু বক্তব্য রাখছি।
৩। বিশ্বব্যাংক গত জুন মাসের ২৯ তারিখে পদ্মা সেতুর জন্য তাদের প্রদত্ত সহায়তা ১২০০ মিলিয়ন মার্কিন ডলার বাতিল করে দেয়। ৩০শে জুন এক বিজ্ঞপ্তিতে তারা দুর্নীতি তদন্তের বিষয়ে আপত্তিকর মন্তব্যও প্রদান করে এবং বাংলাদেশ সরকারের সঙ্গে শেষ পর্যায়ের আলোচনার যথাযথ তথ্য দিতে ব্যর্থ হয়। আমাদের মনে হয় যে তাদের এই বাতিলকরণটা যুক্তিযুক্ত ছিল না এবং একটি দ্রুততার সঙ্গে অবিবেচক সিদ্ধান্ত হয়েছিল। সেজন্য আমরা এই বাতিলকৃত চুক্তি পুনর্বহালের জন্য বিশ্বব্যাংকে আবেদন করি। আমাদের বক্তব্য ছিল যে বিশ্বব্যাংক এই প্রকল্পে ভবিষ্যতের দুর্নীতি যে হতে পারে তার যে অভিযোগ তুলেছিল তার জন্য নির্ভরযোগ্য সাক্ষ্য আমাদের দিতে ব্যর্থ হয়। কিন্তু এতদসত্ত্বেও তাদের সঙ্গে সমঝোতার লক্ষ্যে আমরা তাদের প্রস্তাবিত অনেক পদক্ষেপই গ্রহণ করি। এমনকি দুর্নীতি দমন কমিশনের তদন্ত প্রক্রিয়ায় বিশ্বব্যাংকের বিশেষজ্ঞদের সংযুক্ত করতে রাজি হই। ২০১২ সালের ২রা জুলাই পদ্মা সেতু প্রকল্পের বিষয় নিয়ে এই মহান সংসদে আমি বিস্তৃত বক্তব্য রাখি। সেই বক্তৃতার কিছু কিছু অংশ আমি পরিশিষ্ট-ক-তে সন্নিবেশিত করেছি। এই পরিশিষ্টের প্রথম ভাগে আমি কিভাবে বিশ্বব্যাংকের সঙ্গে গত বছরের জুন মাসে আলোচনা চলে এবং কিসব পদক্ষেপ আমরা গ্রহণ করি তা উল্লেখ করি।
৪। বিশ্বব্যাংকের নতুন নেতৃত্ব এই বিষয়টি পুনর্বিবেচনা করেন এবং আমাদের সঙ্গে এবিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই সমঝোতা স্মারকে মোটামুটিভাবে আমরা আগেই যেসব শর্ত মেনেছিলাম সেগুলোকেই স্পষ্ট এবং দ্ব্যর্থহীন করা হয়। তাদের প্রস্তাব ছিল যে যাদের বিরুদ্ধে কোন সন্দেহ জেগেছে তাদের সাথে সরকারের সম্পৃক্তি বাদ দিতে হবে সেটাও আমরা মেনে নিই। বিশ্বব্যাংক তদনুযায়ী ২০১২ সালের ২০ সেপ্টেম্বরে সিদ্ধান্ত দেন যে তারা তাদের ঋণ পুনর্বহাল করবেন। শর্ত থাকে যে তদন্ত বিষয়ক তাদের পরামর্শক দল নিশ্চিত হবেন যে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন সঠিকভাবে তাদের তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অতঃপর টোকিওতে বিশ্বব্যাংকের বার্ষিক সভায় তাদের সঙ্গে আমাদের দফায় দফায় বিস্তৃত আলোচনা হয়। বিশ্বব্যাংকে আমরা আমাদের প্রস্তাবিত একটি বাস্তবায়ন সময়সূচি প্রদান করি এবং দাবি করি যে দুর্নীতি দমন কমিশনের প্রক্রিয়া যথাযথ হলেই প্রকল্পটি
বাস্তবায়নের জন্য ব্যবস্থা নিতে হবে। আমরা বলি যে মূলতঃ নিশ্চিত করতে হবে যে ২০১১ সালের সেপ্টেম্বর মাসে আমরা যে অবস্থানে ছিলাম সেখান থেকেই আমাদের বাস্তবায়নের কাজ এগিয়ে নিতে হবে। এই প্রস্তাবে ঐক্যমত হলে আমরা প্রকল্পের কাজ বর্তমানের যে মৌসুম সেই সময়েই শুরু করতে পারতাম।
৫। পদ্মা সেতু বাস্তবায়নের জন্য আমরা যে কার্যসূচি গ্রহণ করি সেখানে আমরা ২০১১ সালের সেপ্টেম্বরে যেখানে কাজটি স্থগিত করেছি সেখান থেকেই কাজটি আবার চালু করার বিভিন্ন পদক্ষেপ শনাক্ত করি। সেই পদক্ষেপগুলো হচ্ছে নিম্নোক্তঃ
(১) সেতু নির্মাণের জন্য ইতিমধ্যে চৎব-য়ঁধষরভরবফ ৫ (পাঁচ) জন ঠিকাদারের কাছ থেকে দরপত্র আহ্বান;
(২) ইতিমধ্যে নির্ধারিত সেতু নির্মাণ পর্যবেক্ষণ পরামর্শক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে দরপত্র আহ্বান (এখানে অবশ্যিই কানাডীয় এসএনসি লাভালিন কোম্পানি বাদ পড়তো);
(৩) নদী শাসনের জন্য ইতিমধ্যে সম্মতিক্রমে প্রণীত দরপত্র আহ্বান;
(৪) একইসঙ্গে সার্ভিস এরিয়া প্রস্তুতি এবং মাওয়া এপ্রোচ রাস্তা নির্মাণের দরপত্র আহ্বান।
(৫) ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় নির্মিতব্য জাজিরা এপ্রোচ রোডের জন্য নির্বাচিত ঠিকাদারের সঙ্গে চুক্তি সম্পাদন।
৬। আমরা আমাদের আলোচনাকালে বিশ্বব্যাংককে জানাই যে এইসব কাজ শুরু করার সময় হলো ২০১৩ সালের জানুয়ারি-ফেব্র“য়ারি মাস এবং এই সময়সূচি অনুযায়ী আমরা এগুতে পারলেই পদ্মা সেতুর নির্মাণকাজ ২০১২-১৩ সালেই শুরু করা যায়। আমাদের বক্তব্য শুনে বিশ্বব্যাংক তখনই জানায় যে, তারা আশা করছেন যে তদন্ত পরামর্শক দল তাদের সুপারিশ হয়তো ডিসেম্বরেই দিতে পারবেন। সেই অনুযায়ী আমাদের সকলের হিসাব হয় যে, দুর্নীতি অনুসন্ধান ও প্রকল্প বাস্তবায়নের কাজ ২০১২ সালেই পৃথক করা হবে এবং পদ্মা সেতুর কাজ ২০১২-১৩ অর্থবছরেই শুরু করা যাবে।
৭। তদন্ত পরামর্শক দল ১৪-১৬ অক্টোবরে বাংলাদেশে এসে দুর্নীতি দমন কমিশনের সঙ্গে এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সঙ্গে আলোচনা করেন। দুর্নীতি দমন কমিশনের বিভিন্ন প্রক্রিয়া সম্বন্ধে আলোচনা হয় এবং দুর্নীতি দমন কমিশনকে তারা নানা রকম পরামর্শ প্রদান করেন। তারা আরও জানান যে বিশ্বব্যাংকের হাতে আরও কিছু তথ্য-প্রমাণ তারা দেখেছেন এবং সেগুলো তারা দুদককে সরবরাহ করার জন্য ব্যবস্থা নেবেন। এই সাক্ষ্য-সাবুদ পাওয়ার পরে দুদক নতুনভাবে তাদের অনুসন্ধান প্রক্রিয়া ১৮ নভেম্বর ২০১২-তে শুরু করে। ১লা ডিসেম্বর পরামর্শক দল দ্বিতীয়বার ঢাকায় আগমন করেন এবং দুদকের সঙ্গে তদন্ত বিষয়ে এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে তাদের বিস্তৃত আলোচনা হয়। এই আলোচনার খুঁটিনাটি আমার জানার কথা নয়। আমি শুধু জানতে পারি যে আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং দুদকের তদন্ত প্রতিবেদন অনুযায়ীই তারা অতি সত্বর একটি এফআইআর দিতে যাচ্ছেন। দুদক ১৭ ডিসেম্বরে পদ্মা সেতু বিষয়ক দুর্নীতির ষড়যন্ত্র মামলা দায়ের করেন। এই বিষয়ে ২টি সংবাদপত্র বিশ্বব্যাংকের পরামর্শক দল এবং দুদকের মধ্যে আলোচনা এবং পত্রবিনিময় সম্বন্ধে বিস্তারিত খবর ছাপেন। তদন্ত পরামর্শক দল এবং দুর্নীতি দমন কমিশন কি রকম আলোচনা করছেন বা পত্রবিনিময় করছেন সেটা সরকারের জানার কথা নয় এবং এই বিষয় সম্বন্ধে কোন চিঠিপত্র আমার কাছে অথবা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ছিল না। আমরা বিশ্বব্যাংকের কাছ থেকে দুর্নীতির বিষয়ে সর্বপ্রথম পত্র পাই সেপ্টেম্বর ২০১১ সালে। অতঃপর আর একটি অভিযোগ আসে এপ্রিল মাসে। জুন মাসে এ নিয়ে আবার বিশ্বব্যাংকের সঙ্গে যোগাযোগ হয়। সর্বশেষ ২০১২ সালের সেপ্টেম্বর মাসে তাদের সঙ্গে আমাদের আরো আলোচনা এবং পত্রবিনিময় হয়। প্রকল্প বাস্তবায়নের কোন দুর্নীতি বা আইনের কোন বরখেলাপ যেখানে অপরাধ হয়েছে বলে মনে হয় তা দুর্নীতি দমন কমিশন তদন্ত করে এবং এই তদন্তে সরকারের সম্পৃক্তি কিছুই থাকে না। দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করার জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা সেইভাবেই এতে গুরুত্ব দিয়ে থাকি। দুর্নীতি দমন কমিশন যখন মামলা দায়ের করেন তখন তারা এফআইআর-এর কপি যেমন বিশ্বব্যাংকের পরামর্শক দলকে প্রেরণ করেন তেমনি আমার মন্ত্রণালয়েও প্রেরণ করেন।
৮। পরামর্শক দল এই বিষয়ে দুর্নীতি দমন কমিশনের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের মতামত ব্যক্ত করেন। দুর্নীতি দমন কমিশন পরামর্শক দলকে এইসব মন্তব্যের জবাব দেন এবং তারা যেভাবে মামলা করেছেন তার যৌক্তিকতা বিশ্লেষণ করেন। তারা জানিয়েছেন যে তারা এই মামলার এজাহারে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে আইন বরখেলাপীর জন্য অভিযোগ করেছেন এবং এছাড়াও কতিপয় ব্যক্তির বিষয়ে অধিকতর তদন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দুর্নীতি দমন কমিশনের সঙ্গে তদন্ত পরামর্শক দলের যে যোগাযোগ হয় তাতে আমরা সম্পৃক্ত থাকি নি। আমাদের আশা ছিল যে, পরামর্শক দল দুদকের তদন্ত প্রক্রিয়া সম্বন্ধে সন্তুষ্ট হয়েই বিশ্বব্যাংকে তাদের প্রতিবেদন প্রদান করবেন। কিন্তু জানতে পারলাম যে এই প্রতিবেদন জানুয়ারি মাসে দেওয়ার সম্ভাবনা খুব কম। এই প্রেক্ষিতে আমাদের মনে হল যে, বিশ্বব্যাংকের প্রকল্প বাস্তবায়নের সময়সূচি এবং আমাদের সময়সূচির মধ্যে ব্যবধান খুব বেশি। আমাদের মনে হয় যে, আমাদের সময়সূচি পালন করতে হলে আমাদের বিশ্বব্যাংকের সহায়তাকে বিসর্জন দিতে হবে। আমরা জানতাম যে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি বাতিল করলে অন্যান্য যারা যৌথ অর্থায়ন চুক্তির মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করছেন তাদের সঙ্গেও চুক্তি বাতিল হয়ে যাবে। তবে তাদের কাছ থেকে অন্যভাবে সহায়তা পাবার লক্ষ্যে তাদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখি।
৯। এখানে আর একটি বিষয় সম্বন্ধে কিছু বলা যথাযথ হবে। আমরা ক্ষমতা গ্রহণের পরেই পদ্মা সেতু প্রকল্পের দিকে বিশেষ নজর দিই। এ ব্যাপারে সম্ভাব্যতা নিরীক্ষা কাজটি তত্ত্বাবধায়ক সরকার শুরু করে দিয়ে যান। আমরা সেই কাজটির চূড়ান্তকরণ দ্রুতায়িত করি। একইসঙ্গে বিভিন্ন উন্নয়ন সহযোগীদের দৃষ্টিও আমরা আকর্ষণ করতে সক্ষম হই। এশীয় উন্নয়ন ব্যাংক এই কাজে আগে থেকেই লিপ্ত ছিল এবং জাপানের জাইকাও এতে বিশেষভাবে আগ্রহী ছিল। বিশ্বব্যাংকের আগ্রহ ছিল খুবই সীমিত। চার দলীয় জোটের সীমাহীন দুর্নীতির কারনে তারা বাংলাদেশের সড়ক-সেতু নির্মাণ খাত থেকে এর আগেই তাদের হাত গুটিয়ে নিয়েছিল। কিন্তু বিশ্বব্যাংকই অত্যন্ত আগ্রহ সহকারে এই প্রকল্প অর্থায়নে শামিল হলো এবং বাংলাদেশের জন্য কোন একটি প্রকল্পে এককভাবে সর্বোচ্চ সাহায্য ১২০০ মিলিয়ন মার্কিন ডলার দিতে রাজি হলো। এই প্রকল্পে আইডিবি’ও শামিল হলো। এইসব উন্নয়ন সহযোগী একইসঙ্গে পদ্মা সেতু দ্রুত বাস্তবায়নের অঙ্গীকার করেন এবং আমাদের অনেক আগাম পদক্ষেপ গ্রহণ করতে উৎসাহিত করেন। এর ফলে সকলের মনে আশা জাগে যে পদ্মা সেতু অর্থবছর ২০১৩-১৪ সালের মধ্যভাগেই বাস্তবায়িত হবে এবং সারাদেশে এ ব্যাপারে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়। পদ্মা সেতু প্রকল্প প্রকৌশলী দৃষ্টিকোণ থেকে একটি জটিল প্রকল্প। তাই এই প্রকল্প শুধু বাংলাদেশ নয় সারাবিশ্বেই ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। আমাদের দেশের মানুষ তাই অধীর আগ্রহে এই প্রকল্পের প্রতিটি বিষয়ে আন্দোলিত হতে থাকে। এই কারণেই সারাদেশ স্বপ্নভঙ্গের আশঙ্কা নিয়ে খুবই চিন্তিত।
১০। ৩১শে জানুয়ারি আমি বিশ্বব্যাংকের সভাপতি এবং অন্য তিনটি প্রতিষ্ঠানের কর্ণধারকে নিম্নে উদ্ধৃত চিঠি লিখে জানিয়ে দিই যে, পদ্মা সেতুর জন্য বিশ্বব্যাংকের অর্থায়ন আমরা চাই না। কারণ প্রকল্প বাস্তবায়নে তাদের যে সময়সূচি তার সঙ্গে আমাদের সময়সূচির মিল নেই। আমরা প্রকল্পটির বাস্তবায়ন এখনই শুরু করতে চাই। তাই বিকল্প অর্থায়নের ব্যবস্থা করে
বাস্তবায়নের পদক্ষেপ আমরা এখনই নেবো। একইসঙ্গে অন্যান্য উন্নয়ন সহযোগীদের আমি এবিষয়ে অবহিত করি এবং তাদের কাছে আবেদন করি যে তারা যেন এই প্রকল্পে অর্থ সহায়তা বহাল রাখেন। আমার দু’টি চিঠির খসড়া এই বিবৃতির সঙ্গে উদ্ধৃত করছি (পরিশিষ্ট-খ ও গ)। আমাদের লক্ষ্য হচ্ছে যে, আমাদের উন্নয়ন সহযোগী যারা সবসময় আমাদের সমর্থন দিয়েছেন তারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের বর্তমান উদ্যোগকে সাহায্য করে চলবেন। সেই জন্য জাপান, এশীয় উন্নয়ন ব্যাংক এবং আইডিবি’র সঙ্গে সেতু বাস্তবায়নের কার্যক্রম নিয়ে আমাদের আলোচনা অব্যাহত রয়েছে। বিশ্বব্যাংক এই মুহর্তে বাংলাদেশে পদ্মা সেতু ছাড়াও আরও বিভিন্ন প্রকল্পে অর্থায়ন করছে এবং নতুন নতুন প্রকল্পে ঋণ দিচ্ছে। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক অর্ধশতাব্দীরও বেশি পুরনো এবং তাদের সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। তাদের সঙ্গেও আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে।
১১। বাংলাদেশের অর্থনীতির জন্য পদ্মা সেতু একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এবং দক্ষিণ বাংলার অর্থনৈতিক জীবনে এই সেতুর প্রভাব হবে সুদূরপ্রসারি। প্রকল্পটির এই গুরুত্বটি আমাদের সব উন্নয়ন সহযোগী মেনে নিয়েছেন। এই প্রকল্পটিতে ইতিমধ্যে চীন, মালয়েশিয়া এবং পরোক্ষভাবে ভারত তাদের আগ্রহ দেখিয়েছেন। আমরা মনে করি যে বর্তমানে অর্থায়নকারী উন্নয়ন সহযোগীরা প্রকল্পটি অর্থায়নে ভবিষ্যতে রাজি হতে পারেন।
১২। পদ্মা সেতুর বাস্তবায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ সম্বন্ধে আমি আগেই এই মহান সংসদকে অবহিত করেছি। পদ্মা সেতু প্রকল্পের জন্য কিছু কাজ আমরা সম্পন্ন করেছি। অবশিষ্ট যে কাজগুলো রয়েছে সেগুলো হলোঃ (১) সেতু নির্মাণের ঠিকাদার নিয়োগ; (২) সেতু নির্মাণের জন্য পর্যবেক্ষণ পরামর্শক নিয়োগ; (৩) নদীশাসনের জন্য ঠিকাদার নিয়োগ; (৪) সার্ভিস এরিয়া প্রস্তুতির জন্য ঠিকাদার নিয়োগ; (৫) জাজিরা এপ্রোচ রোড নির্মাণ; এবং (৬) মাওয়া এপ্রোচ রোড নির্মাণ। এইসব বিভিন্ন কাজে মোট ৩০৫০ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ২৪,৩৯৪ কোটি টাকা লাগবে এবং এই ব্যয়ের জন্য আমাদের অর্থ সাশ্রয় এখন থেকে চার বছরের মধ্যে করতে হবে। আমরা এই সারাটি প্রকল্প আমাদের নিজস্ব ব্যয়ে সম্পূর্ণ করতে চাই। এজন্য যে বিষয়টির দিকে আমাদের প্রথমেই নজর দিতে হবে সেটি হলো যে, নিজস্ব সম্পদ থেকে মোট ১৮০০ মিলিয়ন মার্কিন ডলারের সমমানের বৈদেশিক মুদ্রা সরবরাহ। আমরা মনে করি যে, পদ্মা সেতুর বাস্তবায়ন এখন ২০১২-১৩ অর্থবছরে শুরু হবে এবং পরবর্তী তিন বছরে তা সম্পূর্ণ হবে। এই অর্থবছরে পদ্মা সেতুর জন্য বাজেটে যে বরাদ্দ রয়েছে তা আমাদের কিছু বাড়াতে হবে। পরবর্তী তিন বছরের জন্য পদ্মা সেতুর যে প্রাক্কলিত বাজেট আছে সেইটি ব্যাপকভাবে পরিবর্তিত হবে। এই বিষয়ে অর্থ বিভাগ মধ্যমেয়াদি বাজেট কাঠামোয় যে আগামী বছরগুলোর ব্যয়ের হিসাব দিয়েছেন সেটা পরিবর্তন করার উদ্যোগ ইতিমধ্যেই নেয়া হয়েছে। সংশোধিত বাজেট সম্বন্ধে আমি যখন এই মহান সংসদে, সম্ভবতঃ বর্তমান অধিবেশনেই, আমাদের চিন্তা-ভাবনা তুলে ধরবো তখন এ সম্বন্ধে আরও বক্তব্য রাখার ইচ্ছা রাখি। একটি কথা বলে নিই যে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে পদ্মা সেতুর ডিজাইন বা প্রাক্কলিত হিসাবে আমরা কোন পরিবতন করছি না।
১৩। এবিষয়ে আমি আর একটু বক্তব্য রাখতে চাই। আমাদের বুঝতে হবে যে, বাংলাদেশের অর্থনীতি এখন যে অবস্থায় আছে সেই অবস্থানটি চার/পাঁচ বছর আগে চিন্তাও করা যেত না। এই সরকার ক্ষমতা গ্রহণ করে অর্থবছর ২০০৮-০৯ সালের মধ্যভাগে, জানুয়ারি ২০০৯ সালে। পূর্ববর্তী অর্থবছর ২০০৭-০৮ এ আমাদের বার্ষিক বাজেট ছিল ৯৩,৬০৮ কোটি টাকা। যার মধ্যে অভ্যন্তরীণ সূত্রে রাজস্ব আদায় হয়েছে ৬০,৫৩৯ কোটি টাকা। এই বছর অর্থাৎ ২০১২-১৩ অর্থবছরে আমাদের বাজেট হলো ১,৯১,৭৩৮ কোটি টাকা। এবং অভ্যন্তরীণ সূত্রে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা হলো ১,৩৯,৬৭০ কোটি টাকা। এই বাস্তবতার প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের পক্ষে পদ্মা সেতুর বাস্তবায়ন নিজস্ব অর্থে করা মোটেই অসম্ভব নয়। যদিও এর জন্য অন্যান্য খাতে খরচ কিছু কমাতে হবে অথবা রাজস্ব সূত্রে আদায় আরো বাড়াতে হবে। এই বছরে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা আছে সেটা আমি মনে করি আমরা বাস্তবে অতিক্রম করে যাবো।
১৪। আর একটি বিষয়ে আমি এই মহান সংসদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতা গ্রহণ করার পরে পরেই আমরা ঘোষণা দিই যে, বাংলাদেশে বিনিয়োগ ব্যাপকভাবে বাড়াতে হবে। সেজন্য তিনটি সূত্রে আমাদের অধিকতর অর্থ সংগ্রহ করতে হবে। প্রথমটি হলো অভ্যন্তরীণ সূত্রে রাজস্ব আদায় বাড়াতে হবে এবং সেটা আমরা জোরেসোরেই করে যাচ্ছি। দ্বিতীয়ত, আমাদের মত গরীব দেশে সহজশর্তে যে বৈদেশিক সহায়তা দেয়া হয় তা যথেষ্ট নয় এবং সেটা বর্ধিত করা উচিত। অন্যদিকে সরাসরি যে বৈদেশিক বিনিয়োগ হয় সেটাও তুলনামূলকভাবে কম এবং সেটাও বাড়াতে হবে। বাস্তবে তিনটি ক্ষেত্রেই আমরা অগ্রগতি লক্ষ্য করি। ২০০৭-০৮ সালে বৈদেশিক সহায়তার অঙ্গীকার ছিল ২২৫৬ মিলিয়ন মার্কিন ডলার এবং বৈদেশিক সহায়তা ব্যবহার হয় ১৬৩০ মিলিয়ন মার্কিন ডলার। পরবর্তী প্রতিটি বছরেই বৈদেশিক সহায়তার অঙ্গীকার এবং ব্যবহার অনেক বেড়ে গিয়েছে। ২০১১-১২ সালে এর পরিমাণ যথাক্রমে ৪৭৬৪ এবং ২১২৬ মিলিয়ন মার্কিন ডলার। বৈদেশিক সরাসরি বিনিয়োগের ক্ষেত্রেও আমরা অনেক এগিয়ে গেছি। যদিও আমার ব্যক্তিগত হিসাবে তা আশানুরূপ হয় নি। গত বছর ২০১১-১২ সালে সরাসরি বৈদেশিক বিনিয়োগ হয়েছে ১৩০০ মিলিয়ন মার্কিন ডলার। যা এর আগে কখনও হয় নি। এইসব ইতিবাচক অর্জনের প্রেক্ষাপটে আমি মনে করি যে আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর
বাস্তবায়ন নিশ্চয়ই সম্ভব। ইনশাআল্লাহ।
১৫। এই প্রসঙ্গে আমার শেষ বক্তব্য হলো পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে। পদ্মা সেতু প্রকল্পে ইতিমধ্যেই আমরা প্রায় দেড় হাজার কোটি টাকার মত কার্যক্রম বাস্তবায়ন করেছি। জমি অধিগ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে এই ব্যয়টি হয়েছে এবং এ ব্যাপারে এখন পর্যন্ত দুর্নীতির কোন অভিযোগ পাই নি। দুর্নীতির যে অভিযোগ বিশ্বব্যাংক করেছে সেটি হচ্ছে দুর্নীতির সম্ভাবনা নিয়ে। এবং এই অভিযোগটি করা হয়েছে বিভিন্ন কারণে। তার মধ্যে প্রথম কারণটি হচ্ছে বাংলাদেশের দুর্নীতির ক্ষেত্রে অত্যন্ত ন্যক্কারজনক রেকর্ড। দ্বিতীয় কারণটি হচ্ছে ঠিকাদারদের অভিযোগ প্রবণতা। তৃতীয় কারণ সম্ভবতঃ বড় বড় প্রকল্পে বিখ্যাত ঠিকাদারদের দুর্নীতির আশ্রয় গ্রহণ। গত জুলাইয়ে আমার বিবৃতিতে এই বিষয়ে আমি অনেক বলেছি এবং এই বিষয়ে প্রদত্ত বক্তব্যকে সংশোধনীর দ্বিতীয় অংশে আবার তুলে ধরছি।
১৬। চারদলীয় জোট সরকারের আমলে দুর্নীতি এত ব্যাপক হয় যে, বিশ্বব্যাংক সড়ক ও জনপথ খাতে সহায়তা দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল। সেই সিদ্ধান্ত তারা পরিবর্তন করে বলতে গেলে পরীক্ষামূলকভাবে পদ্মা সেতুর অর্থায়নে অংশগ্রহণ করে। এখানে প্রথম থেকেই তারা নানা অভিযোগ পেতে শুরু করে এবং দেখা যায় যে, ২০১০ সালের ফেব্র“য়ারি মাস থেকেই ঐ বিষয়ে তারা নানা অনুসন্ধান চালায় এবং এজন্য আমাদের অসৎ ব্যক্তিরাই মূলতঃ দায়ী। আমাদের ঠিকাদারের মধ্যে অভিযোগ প্রবণতা বিশ্বব্যাংককে অতিরিক্ত সতর্কতা অবলম্বনে বাধ্য করে। এইসব অভিযোগ যে যথাযথ হয় না তার প্রমাণের কোন অভাব নেই। বিশ্বব্যাংকের তরফ থেকেই পদ্মা সেতু নির্মাণ প্রতিষ্ঠানের পছন্দের তালিকা প্রণয়নের সময় তারা একটি প্রতিষ্ঠানের জন্য (চীনের ঈজঈঈ) অনেক দেন-দরবার করে। কিন্তু অবশেষে দেখা যায় যে, এই দেন-দরবারটি একান্তই একটি জালিয়াতির কারণে অনুষ্ঠিত হয়। এই বক্তব্যটি জুলাই মাসে তুলে ধরেছিলাম। এখানে বিষয়টি পরিশিষ্ট-ক এর তৃতীয় ভাগে উদ্ধৃত করছি। যে প্রতিষ্ঠানের জন্য পুনর্বিবেচনা দাবি করা হয় সেই প্রতিষ্ঠান কোনদিনই পুনর্বিবেচনার জন্য আবেদন করে নি এবং তাদের হয়ে তাদের বাঙালি এজেন্ট ভেন্চুরা ইন্টারন্যাশনাল জালিয়াতি করে অভিযোগ প্রদান করে। এক বিবেচনায় বলা চলে যে এই প্রকল্পে দুর্নীতির অভিযোগের প্রধান সূত্র হচ্ছে আমাদের নিজেদের স্বার্থান্বেষী কতিপয় মানুষ।
১৭। আমরা বিশ্বব্যাংকের অভিযোগ কিন্তু বিশেষভাবে আমলে নিই এবং এজন্য তদন্ত কাজ ২০১১ সালের অক্টোবর মাসেই শুরু করি। বিশ্বব্যাংক যেসব তথ্য দিয়েছে সেগুলো নিয়ে তদন্ত কাজ এগিয়ে নেয়ার উদ্দেশ্যে দুদক প্রথমেই বিশ্বব্যাংকের সঙ্গে যোগাযোগ করে। বিশ্বব্যাংকের প্রথা অনুযায়ী তারা সে সূত্রে তথ্য আদায় করে তা তারা কাউকে বলতে পারে না। আর এজন্য তাদের দেয়া তথ্য প্রমাণে অনেক কাঠখড় পোড়াতে হয়। তাই দুর্নীতি দমন কমিশনকে নানা উপায়ে বিভিন্ন ঠিকাদারদের সাক্ষ্য গ্রহণ করতে হয় এবং অন্যান্য অভিযোগকারীদের প্রশ্ন করার ব্যবস্থা নিতে হয়। ইতিমধ্যে দুদক কতিপয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করেছে এবং আরও ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করছে। আমরা এই বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ যে পদ্মা সেতুর সাথে সম্পৃক্ত দুর্নীতির প্রতিটি বিষয় আমরা তদন্ত করে দেখব। প্রয়োজনে মামলা রুজু করবো এবং দুর্নীতিপরায়ণদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেবো। এজন্য যদিও আমরা বিশ্বব্যাংকের অর্থায়ন নেব না বলেছি তবুও তাদের নিযুক্ত পরামর্শক দলকে আমাদের দুর্নীতি দমন কমিশনের এই দুর্নীতি তদন্তে ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়েছি। বিশ্বব্যাংকের বিজ্ঞপ্তি দেখে মনে হয় যে তারা এই অনুরোধটি গ্রহণ করেছে। আমাদের একটি বিষয় নিশ্চিত করতে হবে যে দুর্নীতিপরায়ণ হিসেবে কাউকে অভিযুক্ত করার আগে তার বিরুদ্ধে চৎরসধ-ভধপরব সাক্ষ্য পেতে হবে। অসমর্থিত সাক্ষ্য এবং দুর্বল প্রমাণ দুর্নীতির মামলাকে বাস্তবেই অকার্যকর করে তোলে এবং দুর্নীতির বিরুদ্ধে অভিযানকে ব্যর্থ করে দেয়।
১৮। পদ্মা সেতু নিয়ে দুর্নীতির সূচনা হয় সম্ভবত ২০১১ সালের মার্চ মাসে। তখন আমাদের তরফ থেকে সেতু নির্মাণের জন্যে ঠিকাদারদের যে সংক্ষিপ্ত তালিকা প্রণয়ন করা হয় তখন শুরু হয় চীনের ঈজঈঈ প্রতিষ্ঠানের জন্য জোর তদ্বির সেই তদ্বিরে জালিয়াতির আশ্রয় নেয় ঐ প্রতিষ্ঠানের বাংলাদেশ প্রতিনিধি ভেন্চুরা ইন্টারন্যাশনাল। এই বিষয়ে আমরা তদন্ত করে জালিয়াতিটি প্রমাণ করি।এই প্রতিষ্ঠানকে চীনা প্রতিষ্ঠান বরখাস্ত করে। তারপরেই বাংলাদেশী প্রতিষ্ঠান ঝঅঈঐঙ-এর বিরুদ্ধে সেপ্টেম্বর মাসে অভিযোগ আসে যে তারা ঠিকাদারকে প্রভাবিত করার চেষ্টা করছে। এই বিষয়েও আমাদের দুর্নীতি দমন কমিশন সব ঠিকাদারের সাক্ষ্য নিয়ে এবং আরো অনেক সাক্ষ্য-সাবুদ নিয়ে অভিযোগের কোন ভিত্তি পায় নি। সেই সময়ই বলা হয় যে, কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি লাভালিন দুর্নীতির ষড়যন্ত্র করছে। এই অভিযোগ উঠার সঙ্গে সঙ্গেই আমরা এই প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্তির সুপারিশ করি। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যে, কোন রকম দুর্নীতি এই প্রকল্প বাস্তবায়নে কোন সুযোগ পাবে না। ২০১২ সালের এপ্রিল মাসে আর একটি অভিযোগ আসলো যে, এসএনসি লাভালিনের একজন কর্মকর্তা কোন কোন ব্যক্তিকে ঘুষ দেবেন সে সম্বন্ধে একটি ডাইরিভুক্তি করে রেখেছেন। কিন্তু কার সঙ্গে তার আলোচনা হয়েছে সে ব্যাপারে কোন তথ্য আমরা এখনও পাইনি। আমাদের দুর্নীতি দমন কমিশন কানাডায় গিয়ে এবিষয়ে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের ব্যবস্থা করছে এবং অতি সত্বরই সেই কাজটির সমাধা হবে।
১৯। আমি বলতে চাই যে, প্রথমত পদ্মা সেতু প্রকল্পে এখন পর্যন্ত কোনও দুর্নীতি হয় নি। দ্বিতীয়ত, দুর্নীতির সম্ভাবনা নিয়ে যেসব কথা উঠছে তার প্রতিটি বিষয়ই আমাদের দুর্নীতি দমন কমিশন গভীরভাবে অনুসন্ধান করেছে এবং করছে। আমাদের লক্ষ্য হলো এই প্রকল্পে যেখানে আমাদের দেশের সকল মানুষ আগ্রহান্বিত এবং নিবেদিত সেখানে কোন ধরনের দুর্নীতি হতে আমরা দেবো না। পদ্মা সেতুতে উন্নয়ন সহযোগীদের অর্থায়ন আর নেই। কিন্তু তারা যেসব দুর্নীতির ষড়যন্ত্রের কথা বলছেন সেগুলো আমরা তদন্ত করছি এবং তদন্ত চূড়ান্ত করে তার প্রতিকার করবো। আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এই মহান সংসদে ঘোষণা করছি যে, পদ্মা সেতুর বাস্তবায়ন আমরা এই অর্থবছরেই শুরু করছি। পদ্মা সেতুর বাস্তবায়ন আমরা নিজেদের অর্থেই সম্পূর্ণ করবো। পদ্মা সেতুর বাস্তবায়নে কোন ধরনের দুর্নীতি কখনও হবে না। জীবন সায়ান্নে পৌঁছে এই সেতু নির্মাণ প্রকল্পে যুক্ত হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি এবং আমি ওয়াদা করছি যে সর্বশক্তি দিয়ে এই প্রকল্পের বাস্তবায়ন প্রকৌশলী দৃষ্টিকোণ থেকে যাতে সার্থক হয় তার ব্যবস্থা আমরা করছি। একইসঙ্গে আমরা সারা জাতিকে নিশ্চিত করতে চাই যে এই প্রকল্পে কোন দুর্নীতি চলবে না। দুর্নীতিবাজদের কাছে আমার আহ্বান হলো যে আপনারা সাবধান হউন। আপনাদের নিস্তার নাই। প্রকল্প বাস্তবায়নে যারা নিযুক্ত আছেন এবং ভবিষ্যতে যারা নিযুক্ত হবেন তাদের সকলের কাছে আমার মিনতি আপনারা এই জাতির একটি গর্বের কাজে আপনাদের দক্ষতা এবং সামর্থ্যরে সর্বোচ্চ মান এবং আপনাদের উন্নত মূল্যবোধ নিয়ে নিবেদিতভাবে কাজ করে যাবেন।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হউক।
